যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির প্রধান পরিকল্পনাকারী স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে অভিবাসী শ্রমিকদের ওপর নির্ভরশীল বিভিন্ন শিল্প খাত। কৃষি ও নির্মাণশিল্পের নেতারা মনে করছেন, স্টিফেন মিলারের নিয়োগের ফলে ব্যাপক অভিবাসী বহিষ্কারের নীতি আরও জোরালো হতে পারে। এতে শ্রমিক সংকট বাড়ার পাশাপাশি উৎপাদন ব্যাহত হওয়া এবং নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গত শুক্রবার মিলারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণা আসে। সোমবার থেকে তাঁর দায়িত্ব শুরু হওয়ার কথা। এমন এক সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো, যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় অভিবাসনবিরোধী নীতির প্রতি সাধারণ মানুষের অসন্তোষের ইঙ্গিত দিয়েছে।
কৃষি ও মাংস উৎপাদন খাতের প্রতিনিধিত্বকারী পেনসিলভানিয়া ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্রিস হের এ নিয়োগে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁর সংগঠনের সদস্যদের মধ্যে অনেক কৃষক ও মুরগি-শূকর উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। তাঁদের একটি বড় অংশ ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করলেও অভিবাসন অভিযান এবং শ্রমিক হারানোর কারণে এখন প্রেসিডেন্টের নীতির প্রতি অসন্তুষ্ট। হের বলেন, মিলারকে নিয়ে খবরটি শোনার পর প্রথমে তাঁর মনে হয়েছিল, শেষ পর্যন্ত তাঁকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। কিন্তু নতুন নিয়োগের খবর সেই প্রত্যাশার বিপরীত। এখন বড় প্রশ্ন, ট্রাম্প নিজে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন, নাকি মিলারের অভিবাসন নীতিই প্রশাসনের সিদ্ধান্ত ঠিক করে দেবে।
খাদ্য উৎপাদন ও কৃষি খাতে উদ্বেগ
যুক্তরাষ্ট্রের কৃষি খাতে অভিবাসী শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মোট কৃষিশ্রমিকের প্রায় ৬৬ শতাংশই বিদেশে জন্মগ্রহণকারী। ফলে অভিবাসন অভিযান কৃষি উৎপাদনে সরাসরি প্রভাব ফেলছে।
গত মাসে ৪০টির বেশি কৃষক ও কৃষিশিল্পের সংগঠন ট্রাম্প এবং কংগ্রেসের নেতাদের কাছে চিঠি পাঠায়। এতে বলা হয়, অভিবাসনবিরোধী অভিযান দেশের খাদ্য সরবরাহব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। কৃষকেরা শ্রমিক হারাচ্ছেন, উৎপাদন ব্যাহত হচ্ছে এবং শেষ পর্যন্ত ভোক্তাদের বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হতে পারে। এ চিঠি ছিল কৃষি খাতের অবস্থানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এত দিন প্রকাশ্যে সমালোচনা না করে প্রশাসনের সঙ্গে আড়ালে আলোচনা করতেই বেশি আগ্রহী ছিলেন শিল্পটির প্রতিনিধিরা।
আমেরিকান বিজনেস ইমিগ্রেশন কোয়ালিশনের প্রধান নির্বাহী রেবেকা শি বলেন, স্টিফেন মিলার অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা, পরিবারগুলোকে বিচ্ছিন্ন করা এবং রিপাবলিকানদের রাজনৈতিক সমর্থন দুর্বল করার নীতিতে কতটা ভূমিকা রাখবেন, তা সময়ই বলে দেবে।
নির্মাণশিল্পে শ্রমিক সংকট ও প্রকল্প বিলম্ব
টেক্সাসের দক্ষিণাঞ্চলেও অভিবাসন অভিযানের প্রভাব পড়েছে নির্মাণশিল্পে। কয়েক মাস ধরে বিভিন্ন নির্মাণস্থলে অভিযান চালানো হচ্ছে। এতে শ্রমিক সংকট তৈরি হয়েছে এবং বহু প্রকল্পের কাজ পিছিয়ে গেছে। সাউথ টেক্সাস বিল্ডার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মারিও গেরেরো, যিনি তিনবার ট্রাম্পকে সমর্থন করেছিলেন, মিলারের পদোন্নতিতে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, খবরটি দেখে তাঁর মনে হয়েছে, ট্রাম্প যেন বাস্তব পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাঁর মতে, নির্বাচনে রিপাবলিকানদের ব্যাপক পরাজয়ের অন্যতম কারণ ছিল মিলারের নেতৃত্বে পরিচালিত অভিবাসনবিরোধী অভিযান।
অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে মিলারের প্রশংসা করেছেন। তাঁর দাবি, ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ কর্মসূচি বাস্তবায়নে প্রথম দিন থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মিলার। অপরাধ দমন, নিয়ন্ত্রণব্যবস্থা শিথিল, জ্বালানি উৎপাদন বৃদ্ধি, মাদকচক্রের বিরুদ্ধে অভিযান এবং সীমান্ত সুরক্ষায় তাঁর ভূমিকা রয়েছে। নতুন দায়িত্বেও তিনি প্রশাসনের সাফল্য অব্যাহত রাখবেন বলে দাবি করেন মুখপাত্র।
কংগ্রেসে সমঝোতার সম্ভাবনা নিয়েও সংশয়
অভিবাসী শ্রমিক এবং সাময়িক আইনি সুরক্ষার আওতায় থাকা কর্মীদের ওপর নির্ভরশীল শিল্পগুলোর নেতারা আশা করছেন, কংগ্রেসে ডেমোক্র্যাটদের প্রভাব বাড়লে অভিবাসন সংস্কার নিয়ে দুই দলের মধ্যে সমঝোতার সুযোগ তৈরি হতে পারে। তবে কানসাস লাইভস্টক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ম্যাট টিগার্ড মনে করেন, মিলারের পদোন্নতি সেই সম্ভাবনাকে দুর্বল করতে পারে। তাঁর আশঙ্কা, ট্রাম্পের অভিবাসনসংক্রান্ত কোনো সংস্কার প্রস্তাবে সম্মতি দেওয়ার সম্ভাবনা এখন কমে গেছে।
কানসাসে সাম্প্রতিক নির্বাচনে গ্রামীণ এলাকা ও ছোট শহরগুলোর ভোটের প্রবণতা ডেমোক্র্যাটদের দিকে প্রায় ২০ শতাংশ পয়েন্ট সরে যায়। ফলে ১৯৩২ সালের পর প্রথমবারের মতো একজন ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হন। এর আগে সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিম কানসাসের বড় মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানার আশপাশে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার অভিযান চালানো হয়। এতে গবাদিপশু সংগ্রহ, পরিবহন এবং মাংস প্রক্রিয়াজাতকরণের কার্যক্রম বিলম্বিত হয়।
যুক্তরাষ্ট্রের বড় ব্যবসায়িক সংগঠনগুলোর কয়েকটির কাছ থেকে এ বিষয়ে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে স্টিফেন মিলারের নিয়োগ যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। শিল্পের নেতাদের উদ্বেগ, অভিবাসন নিয়ন্ত্রণের কঠোরতা শুধু শ্রমবাজারেই নয়, দেশের খাদ্য সরবরাহ, উৎপাদন ব্যয় এবং রাজনৈতিক সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে।












