যুক্তরাষ্ট্রে পেঁয়াজের দাম ওঠানামা নিয়ন্ত্রণ করতে গিয়ে ১৯৫৮ সালে একটি বিশেষ আইন করে পেঁয়াজের ভবিষ্যৎ বাজারে লেনদেন নিষিদ্ধ করেছিল দেশটির কংগ্রেস। কৃষিপণ্যের অন্য প্রায় সব ধরনের আগাম ক্রয়-বিক্রয়ের সুযোগ থাকলেও পেঁয়াজের ক্ষেত্রে সেই অধিকার নেই। দীর্ঘ ৬৮ বছর ধরে কার্যকর থাকা আইনটি এবার নতুন করে আলোচনায় এসেছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী আইনটি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছেন। তাঁদের দাবি, যুক্তরাষ্ট্রে পেঁয়াজের আগাম বাণিজ্য নিষিদ্ধ করার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক।
শিক্ষার্থীদের এই প্রতিবাদকে অনেকে ব্যতিক্রমী কিংবা নিছক কৌতুকপূর্ণ উদ্যোগ হিসেবে দেখলেও এর পেছনে রয়েছে অর্থনীতিতে সরকারের ভূমিকা, বাজারের স্বাধীনতা এবং ব্যবসায়িক অধিকারের গুরুত্বপূর্ণ প্রশ্ন।
পেঁয়াজের বাজারে কারসাজি থেকেই আইনের সূত্রপাত
১৯৫৫ থেকে ১৯৫৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের দুই পণ্য ব্যবসায়ী ভিনসেন্ট কোসুগা ও স্যাম সিগেল পেঁয়াজের বাজার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। তাঁরা বিপুল পরিমাণ পেঁয়াজ কিনে বাজারে সরবরাহ কমিয়ে দেন। এতে পেঁয়াজের দাম বেড়ে যায়। এরপর তাঁরা আগাম বাণিজ্যের বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ার ওপর বাজি ধরেন। কারণ পরিকল্পনা অনুযায়ী নিজেদের মজুত করা পেঁয়াজ একসঙ্গে বাজারে ছেড়ে দিলে দাম পড়ে যাবে—এমনটাই তাঁরা জানতেন।
এই ঘটনা পেঁয়াজের বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি করে। এর আগেও পেঁয়াজ উৎপাদকদের একটি অংশ আগাম বাণিজ্য বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। ১৯৫৮ সালে তাঁদের দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা শুরু করে কংগ্রেস। মিশিগানের রিপাবলিকান প্রতিনিধি রবার্ট গ্রিফিন আইনটির পক্ষে যুক্তি দিয়ে বলেন, পেঁয়াজ উৎপাদকেরা কখনো সরকারি ভর্তুকি কিংবা মূল্য সহায়তা চাননি। অথচ অন্যান্য কৃষিপণ্যের দাম ধরে রাখতে সরকার প্রতিবছর বিপুল অর্থ ব্যয় করে। শেষ পর্যন্ত কংগ্রেস পেঁয়াজের আগাম বাণিজ্য নিষিদ্ধ করে আইন পাস করে। প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার তাতে স্বাক্ষর করেন।
নিষেধাজ্ঞার পক্ষে-বিপক্ষে অর্থনীতিবিদদের যুক্তি
আইনটির সমর্থকদের বক্তব্য ছিল, পেঁয়াজের বাজার অন্য কৃষিপণ্যের বাজারের মতো নয়। পেঁয়াজ দ্রুত নষ্ট হয়, উৎপাদনের মৌসুম নির্দিষ্ট এবং বাজারে এর সরবরাহ ও লেনদেনের পরিমাণ তুলনামূলক কম। ফলে আগাম বাণিজ্য কৃষকদের ঝুঁকি কমানোর বদলে পেশাদার জল্পনাকারীদের জন্য মুনাফার সুযোগ তৈরি করে। আইডাহোর ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেসি ফোস্টের মতে, পেঁয়াজের মতো সীমিত পরিসরের পচনশীল পণ্যে আগাম বাণিজ্য কার্যকর অর্থনৈতিক হাতিয়ার নয়; বরং তা জুয়াখেলার মতো।
তবে এই যুক্তির বিরোধিতা করেছিলেন অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের একটি অংশ। তৎকালীন কৃষিমন্ত্রী এজরা টাফট বেনসন মনে করতেন, আগাম বাণিজ্য বন্ধ করলেই বাজারের অস্থিরতা কমবে না। ইলিনয়ের ডেমোক্র্যাট সিনেটর পল ডগলাস, যিনি একজন অর্থনীতিবিদও ছিলেন, ব্যাখ্যা করেছিলেন, আগাম বাণিজ্য মূলত ঝুঁকি স্থানান্তরের একটি ব্যবস্থা। যাঁরা ঝুঁকি নিতে কম সক্ষম, তাঁদের কাছ থেকে সেই ঝুঁকি নিতে প্রস্তুত ব্যবসায়ীদের কাছে তা স্থানান্তর করা যায়। এতে বাজারে স্থিতিশীলতা তৈরি হতে পারে। তৎকালীন পণ্য বিনিময় কর্তৃপক্ষও দীর্ঘ মেয়াদে পেঁয়াজের আগাম বাণিজ্যের কারণে কৃষকের প্রাপ্ত দামে উল্লেখযোগ্য পরিবর্তনের প্রমাণ খুঁজে পায়নি।
নিষেধাজ্ঞার পরও কমেনি বাজারের অস্থিরতা
আইনটির বিরোধীরা বলেছিলেন, পেঁয়াজের দামের ওঠানামার জন্য সব সময় ব্যবসায়ীদের দায়ী করা যায় না। আবহাওয়া, উৎপাদন এবং সরবরাহের পরিবর্তনও দামের ওপর বড় প্রভাব ফেলে। নিউইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি ভিক্টর আনফুসো বলেছিলেন, পেঁয়াজের দাম কমলে বাজারব্যবস্থাকে দায়ী করা অনেকটা ঠান্ডা আবহাওয়ার জন্য থার্মোমিটারকে দায়ী করার মতো। তাঁর মতে, এই নিষেধাজ্ঞা ব্যবসায়িক চুক্তি করার অধিকারের ওপরও হস্তক্ষেপ।
বাস্তবে পেঁয়াজের আগাম বাণিজ্য নিষিদ্ধ করার পরও দামের অস্থিরতা দূর হয়নি। অর্থাৎ যে সমস্যা সমাধানের যুক্তিতে আইনটি করা হয়েছিল, সেটি পুরোপুরি সমাধান করা সম্ভব হয়নি।
পেঁয়াজের আইন অন্য পণ্যের ক্ষেত্রেও নজির
১৯৫৮ সালে আইনটি পাসের সময় সমর্থকেরা আশ্বাস দিয়েছিলেন, পেঁয়াজের বিশেষ বৈশিষ্ট্যের কারণেই এই নিষেধাজ্ঞা। অন্য কৃষিপণ্যের ক্ষেত্রে এটি কোনো নজির হবে না। কিন্তু সেই আশ্বাস বেশি দিন স্থায়ী হয়নি। একই সময় ভেড়ার পশমের আগাম বাণিজ্য বন্ধের প্রস্তাব ওঠে। পরে আলুর ক্ষেত্রেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৬৪ সালে সিনেটে আলুর আগাম বাণিজ্য নিষিদ্ধের প্রস্তাব পাস হলেও প্রতিনিধি পরিষদে তা আটকে যায়। ১৯৭৭ সালে আবারও আলুর আগাম বাণিজ্য নিষিদ্ধের চেষ্টা হয়। তখন পেঁয়াজের আইনকেই নজির হিসেবে তুলে ধরা হয়েছিল। ২০১০ সালে কংগ্রেস চলচ্চিত্রের বক্স অফিস আয় নিয়ে আগাম বাণিজ্যও নিষিদ্ধ করে।
৬৮ বছর পরও আইন বাতিলের বিরোধিতা
শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন নতুন করে প্রশ্ন তুলেছে, একটি নির্দিষ্ট শিল্পগোষ্ঠীর স্বার্থ রক্ষায় সরকার কি পুরো বাজারের বাণিজ্যিক অধিকার কেড়ে নিতে পারে? যুক্তরাষ্ট্রের জাতীয় পেঁয়াজ সমিতির জনসংযোগ পরিচালক রেনে হার্ডউইক জানিয়েছেন, পেঁয়াজ উৎপাদকেরা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে এই আইনি সুরক্ষা পেয়েছেন। তাই আইনটি বাতিলের কোনো প্রয়োজন তাঁরা দেখছেন না।
সিনেটর এভারেট ডির্কসেন আইনটি পাস হওয়ার আগেই বলেছিলেন, একদিন কংগ্রেস নিজের ভুল সংশোধনের উদ্যোগ নেবে। ১৯৬৯ সালে তাঁর মৃত্যু হয়। প্রায় ছয় দশক পর তাঁর নিজ অঙ্গরাজ্যের একদল শিক্ষার্থী সেই ভুল সংশোধনের দাবিতেই সরব হয়েছেন। পেঁয়াজের আগাম বাণিজ্য নিষিদ্ধ থাকবে কি না, সেই বিতর্ক তাই এখনো শেষ হয়নি।












