ডান হাতের কবজিতে প্রথমে হালকা ব্যথা অনুভব করেছিলেন তিনি। ধারণা করেছিলেন, হয়তো শরীরচর্চার সময় অতিরিক্ত ভার তোলার কারণে এমন হয়েছে। তাই ডান হাত দিয়ে ভারী ওজন তোলা বন্ধ করে দেন। কিন্তু কিছুদিন পর আবারও ব্যথা ফিরে আসে। একদিন সকালে কাজে গিয়ে কিবোর্ডে টাইপ করতেই ব্যথা বেড়ে যায়। তখনই উপলব্ধি করেন, কোনো একবারের আঘাত নয়, বরং প্রতিদিনের একটি অভ্যাসই হয়তো এই সমস্যার কারণ। সেই অভ্যাস হলো স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার।
স্মার্টফোন ব্যবহারে কবজির ব্যথার পেছনে রয়েছে দীর্ঘ সময় ধরে টাইপ করা, স্ক্রল করা কিংবা এক হাতে ফোন ধরে রাখার মতো পুনরাবৃত্তিমূলক কাজ। প্রতিদিনের অসংখ্য ছোট ছোট নড়াচড়ার সম্মিলিত প্রভাব থেকে তৈরি হতে পারে দীর্ঘস্থায়ী ব্যথা ও বিভিন্ন শারীরিক জটিলতা। মানুষের হাতের গঠন বেশ জটিল। এতে রয়েছে বিভিন্ন ধরনের টেন্ডন, ছোট হাড়, পেশি ও স্নায়ু, যা কবজির মধ্য দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত। তাই হাত ও কবজি সহজেই চাপের মুখে পড়ে।
স্মার্টফোন ব্যবহারে হাতের যেসব সমস্যা হতে পারে
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের সঙ্গে তিন ধরনের সমস্যার সম্পর্ক রয়েছে। প্রথমটি ট্রিগার ফিঙ্গার। আঙুল বাঁকাতে সাহায্যকারী টেন্ডনে প্রদাহ হলে আঙুল নির্দিষ্ট অবস্থানে আটকে যেতে পারে। দ্বিতীয়টি ডি কেরভাঁ টেনোসাইনোভাইটিস, যাতে বুড়ো আঙুলের পাশ দিয়ে যাওয়া দুটি টেন্ডনে প্রদাহ ও ফোলাভাব দেখা দেয়। তৃতীয়টি কারপাল টানেল সিনড্রোম। কবজির ভেতর দিয়ে হাতের দিকে যাওয়া গুরুত্বপূর্ণ স্নায়ুর ওপর চাপ সৃষ্টি হলে হাত ও আঙুলে ব্যথা, ঝিনঝিন ভাব কিংবা অসাড়তা তৈরি হতে পারে।
এ ছাড়া ‘স্মার্টফোন পিঙ্কি’ নামে পরিচিত একটি সমস্যাও আলোচনায় এসেছে। দীর্ঘ সময় কনিষ্ঠ আঙুলের ওপর ফোনের ভার দিয়ে রাখলে আঙুলে সাময়িকভাবে দেবে যাওয়া দাগ তৈরি হতে পারে, যদিও এটিকে স্বতন্ত্র কোনো রোগ হিসেবে বিবেচনা করা হয় না। যুক্তরাষ্ট্রের ইয়েল মেডিসিনের হাত ও ওপরের অঙ্গপ্রত্যঙ্গের অস্ত্রোপচার বিশেষজ্ঞ ডা. অ্যারিয়েল উইলিয়ামস জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এমন রোগীর সংখ্যা বাড়ছে, যাঁরা মনে করেন মোবাইল ফোন ব্যবহারের কারণে তাঁদের হাতের সমস্যা বেড়েছে। তাঁর মতে, দীর্ঘ সময় একই অবস্থানে থাকা এবং বারবার একই ধরনের নড়াচড়ার সম্মিলিত প্রভাব হাড়, সন্ধি, লিগামেন্ট ও টেন্ডনের ওপর বাড়তি চাপ তৈরি করে।
শুধু কবজি নয়, আক্রান্ত হচ্ছে ঘাড়ও
দীর্ঘ সময় ফোন বা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকার কারণে ঘাড়েও বাড়তি চাপ পড়ে। এ সমস্যাকে বলা হয় ‘টেক নেক’। এর লক্ষণের মধ্যে রয়েছে ঘাড়ের পেছনে ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, ঘাড় নাড়ানোর সক্ষমতা কমে যাওয়া এবং মাথাব্যথা। দুবাইভিত্তিক ফিজিক্যাল থেরাপিস্ট কেলি রবিনসন জানান, মাথা ৩০ ডিগ্রি নিচের দিকে ঝুঁকিয়ে রাখলে ঘাড়ের বিভিন্ন অংশের ওপর স্বাভাবিকের তুলনায় প্রায় তিন গুণ বেশি চাপ পড়তে পারে। এর পরিমাণ প্রায় ১৫ থেকে ২০ কেজি পর্যন্ত হতে পারে।
ব্যথা কমানোর উপায়
প্রযুক্তির ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও কিছু অভ্যাস বদলে হাত, কবজি ও ঘাড়ের ওপর চাপ কমানো যায়। দুই হাতেই ফোন ব্যবহারের অভ্যাস করলে চাপ দুই হাতের মধ্যে ভাগ হয়ে যায়। কাজের টেবিলের কাছে চেয়ার টেনে বসলে শরীর সোজা রাখা সহজ হয়। ল্যাপটপ স্ট্যান্ডে চোখের সমান উচ্চতায় রাখলে নিচের দিকে তাকানোর প্রয়োজন কমে। তারবিহীন কিবোর্ড ও মাউস ব্যবহার করলে হাত ও চোখের অস্বাভাবিক অবস্থান এড়ানো যায়। রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে রো করার মতো ব্যায়াম পিঠের পেশি সক্রিয় রাখতে সাহায্য করে। দুই হাত পিঠের পেছনে যুক্ত করে শরীর সামান্য ঝুঁকিয়ে নিলে ওপরের পিঠের পেশিতে টান পড়ে, যা মাথা সামনের দিকে ঝুঁকে পড়া কমাতে সহায়তা করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই ব্যবহার বন্ধ করার বদলে ব্যবহারের সময়, শারীরিক ভঙ্গি এবং হাতের নড়াচড়ার ধরনে সচেতন পরিবর্তন আনা জরুরি। দীর্ঘ সময় ধরে ব্যথা, অসাড়তা বা আঙুল নড়াচড়ায় সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।












