সন্তান জন্ম দেওয়ার পর মায়ের সুস্থতা নিয়ে সাধারণত প্রথম কয়েক সপ্তাহ বা মাস পর্যন্তই বেশি আলোচনা হয়। কিন্তু সন্তান জন্মের পর দীর্ঘমেয়াদি জটিলতা অনেক নারীকে বছরের পর বছর, এমনকি কয়েক দশক পর্যন্ত ভোগাতে পারে। প্রস্রাব বা মল ধরে রাখতে না পারা, দীর্ঘস্থায়ী ব্যথা, যৌনজীবনে সমস্যা, বিষণ্নতা এবং অস্ত্রোপচারের ক্ষত থেকে তৈরি জটিলতা এর মধ্যে রয়েছে। অনেক নারী এসব সমস্যাকে স্বাভাবিক ভেবে নীরবে সহ্য করেন।
বিশ্বজুড়ে প্রতিবছর আনুমানিক চার কোটি নারী সন্তান জন্ম দেওয়ার পর দীর্ঘস্থায়ী শারীরিক বা মানসিক জটিলতায় আক্রান্ত হন। এসব সমস্যা কয়েক মাস থেকে শুরু করে বছরের পর বছর স্থায়ী হতে পারে। কিছু জটিলতা আবার প্রসবের অনেক বছর পর প্রকাশ পায়।
সিজারিয়ানের ক্ষত থেকে প্রাণঘাতী জটিলতা
দীর্ঘমেয়াদি জটিলতার একটি বড় কারণ অস্ত্রোপচারের পর পেটের ভেতরে তৈরি হওয়া ক্ষত ও সংযুক্ত টিস্যু, যাকে চিকিৎসাবিজ্ঞানে অ্যাডহিশন বলা হয়। এই টিস্যু কখনো কখনো পেটের ভেতরের অঙ্গকে একে অপরের সঙ্গে আটকে দেয়। ফলে অন্ত্রে বাধা সৃষ্টি হতে পারে এবং রক্ত চলাচল ব্যাহত হতে পারে।
এক নারীর জরুরি সিজারিয়ানের সাত বছর পর হঠাৎ তীব্র পেটব্যথা শুরু হয়। পরীক্ষায় দেখা যায়, আগের অস্ত্রোপচারের কারণে তৈরি হওয়া ক্ষত টিস্যু তাঁর অন্ত্রে বাধা সৃষ্টি করেছে। অন্ত্রের প্রায় ৬০ সেন্টিমিটার অংশ কেটে বাদ দিতে হয়। অস্ত্রোপচার না করলে তাঁর জীবন বিপন্ন হতে পারত। বিশ্বে মোট সন্তান জন্মের প্রায় ২১ শতাংশ সিজারিয়ানের মাধ্যমে হয়। সিজারিয়ান মা ও শিশুর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ হলেও এটি বড় ধরনের পেটের অস্ত্রোপচার। এতে সংক্রমণ, রক্ত জমাট বাঁধা ও পরবর্তী গর্ভধারণে জটিলতার ঝুঁকি তৈরি হতে পারে।
স্বাভাবিক প্রসবেও দীর্ঘস্থায়ী ক্ষতি
শুধু সিজারিয়ান নয়, স্বাভাবিক প্রসবের পরও অনেক নারী দীর্ঘস্থায়ী সমস্যায় ভোগেন। প্রসবের সময় প্রায় ৯০ শতাংশ নারীর ক্ষেত্রে কোনো না কোনো মাত্রায় ছিঁড়ে যাওয়া বা কেটে জায়গা বড় করার প্রয়োজন হতে পারে। ফোরসেপ বা ভ্যাকুয়ামের মতো যন্ত্র ব্যবহার করে সন্তান বের করতে হলে গভীর ক্ষতের ঝুঁকি আরও বাড়ে।
দীর্ঘমেয়াদি সমস্যার মধ্যে রয়েছে যৌনমিলনের সময় ব্যথা (৩৫ শতাংশ), কোমরের নিচের অংশে ব্যথা (৩২ শতাংশ), প্রস্রাব ধরে রাখতে না পারা (৮ থেকে ৩১ শতাংশ), মল ধরে রাখতে না পারা (১৯ শতাংশ), উদ্বেগ (৯ থেকে ২৪ শতাংশ), বিষণ্নতা (১১ থেকে ১৭ শতাংশ), প্রসব-পরবর্তী স্থায়ী ব্যথা (১১ শতাংশ) এবং দ্বিতীয়বার সন্তান ধারণে অক্ষমতা (১১ শতাংশ)। একটি গবেষণায় দেখা গেছে, সন্তান জন্ম দেওয়ার ২০ থেকে ২৬ বছর পরও ৬১ শতাংশ নারী প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যায় ভুগেছেন।
দীর্ঘস্থায়ী ব্যথা ও মানসিক আঘাত
প্রসবের পর অনেক নারীর দীর্ঘস্থায়ী ব্যথার কারণ হতে পারে পেলভিক অঞ্চলের পুডেনডাল স্নায়ুর ক্ষতি। এতে দীর্ঘদিন ব্যথা, অস্বস্তি এবং স্বাভাবিক চলাফেরায় সমস্যা হতে পারে। শারীরিক জটিলতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যও বড় উদ্বেগের বিষয়। ভয়াবহ প্রসব-অভিজ্ঞতা, চিকিৎসায় অবহেলা কিংবা পর্যাপ্ত সহায়তা না পাওয়ার কারণে বিষণ্নতা, উদ্বেগ ও পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার দেখা দিতে পারে। এক বিশ্লেষণে দেখা গেছে, নতুন মায়েদের আনুমানিক ১০ থেকে ১৫ শতাংশ প্রসব-পরবর্তী বিষণ্নতায় আক্রান্ত হন।
চিকিৎসা ও পর্যবেক্ষণের অভাবে বাড়ছে ভোগান্তি
প্রসবের পর অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসার মনোযোগ থাকে নবজাতকের দিকে। কয়েকটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর সেবা বন্ধ হয়ে গেলে সন্তান জন্মের পর দীর্ঘমেয়াদি জটিলতা শনাক্ত করার সুযোগও কমে যায়। লজ্জা, সামাজিক সংকোচ এবং চিকিৎসককে নিজের সমস্যার কথা বলতে না পারার কারণে কোনো কোনো নারী কয়েক দশক ধরে সমস্যায় ভোগার পর চিকিৎসকের শরণাপন্ন হন।
বিশেষজ্ঞদের মতে, পেলভিক ফ্লোর ফিজিওথেরাপি, প্রয়োজন অনুযায়ী অস্ত্রোপচার এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা অনেক নারীর জীবনযাত্রার মান উন্নত করতে পারে। প্রসবের পর দীর্ঘদিন ব্যথা, প্রস্রাব বা মল ধরে রাখতে সমস্যা, যৌনজীবনে অসুবিধা কিংবা মানসিক অস্থিরতা দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়। এসব সমস্যার চিকিৎসা রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়ার অধিকার প্রত্যেক নারীর রয়েছে।
সন্তান জন্মের মধ্য দিয়ে একজন মায়ের চিকিৎসার প্রয়োজন শেষ হয়ে যায় না। মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে সন্তান জন্মের পর দীর্ঘমেয়াদি জটিলতার স্বাস্থ্যসেবাকে সমান গুরুত্ব দেওয়া জরুরি।












