যুক্তরাষ্ট্রে অভিবাসীদের দ্রুত বহিষ্কারের উদ্যোগের অংশ হিসেবে হাজার হাজার আটক ব্যক্তির অবস্থানসংক্রান্ত তথ্য সরকারি অনলাইন ডেটাবেস থেকে সরিয়ে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এতে আটক ব্যক্তিদের খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে তাঁদের পরিবারের সদস্য ও আইনজীবীদের জন্য। আইনি সহায়তা পাওয়ার সুযোগ সংকুচিত হওয়ার পাশাপাশি যথাযথ বিচারপ্রক্রিয়া ছাড়াই তাঁদের বহিষ্কারের আশঙ্কা তৈরি হয়েছে।
দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) দেশের ৩০০টির বেশি আটককেন্দ্রে অভিবাসীদের রাখে। আগে এসব কেন্দ্রে আটক ব্যক্তিদের অবস্থান সম্পর্কে একটি সরকারি অনলাইন ডেটাবেসে তথ্য পাওয়া যেত। কিন্তু চূড়ান্ত বহিষ্কারাদেশ পাওয়া অধিকাংশ অভিবাসীর তথ্য এখন আর সেখানে প্রকাশ করা হচ্ছে না।
গত সেপ্টেম্বর মাসে এ পরিবর্তনের ঘোষণা দেয় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। সংবাদমাধ্যমটির হাতে পাওয়া একটি নথিতে দেখা গেছে, আটক ব্যক্তিদের খোঁজে কেউ ফোন করলে ঠিক কীভাবে তথ্য না দেওয়ার বিষয়টি জানাতে হবে, সে নির্দেশনাও ঠিকাদারদের দেওয়া হয়েছিল।
ডেটাবেস থেকে উধাও ২০ হাজারের বেশি আটক ব্যক্তি
ন্যাশনাল ইমিগ্রেশন ল আইন সেন্টার ও কয়েকটি সংগঠনের করা মামলার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট আটক অভিবাসীর প্রায় ৩০ শতাংশ, অর্থাৎ ২০ হাজারের বেশি মানুষ সরকারি ডেটাবেস থেকে অদৃশ্য হয়ে গেছেন।
সংগঠনগুলোর অভিযোগ, এই নীতি বেআইনি এবং অভিবাসীদের যথাযথ আইনি প্রক্রিয়া পাওয়ার অধিকার ক্ষুণ্ন করছে। অনেক অভিবাসীর বহিষ্কারাদেশ থাকলেও তাঁদের কাছে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাওয়ার কিংবা বহিষ্কার ঠেকানোর আইনি সুযোগ রয়েছে। কিন্তু কোথায় আটক রাখা হয়েছে, তা জানা না গেলে আইনজীবীরা প্রয়োজনীয় আবেদন করতে পারছেন না।
আইনজীবীরা বলছেন, আটক ব্যক্তিদের এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে স্থানান্তর করা হয়। নতুন নীতির কারণে তাঁদের অবস্থান শনাক্ত করা আরও কঠিন হয়ে পড়েছে। ফলে সময়মতো আইনি আবেদন করা এবং বহিষ্কার ঠেকানোর উদ্যোগ নেওয়া বাধাগ্রস্ত হচ্ছে।
নার্স থেকে আটক বন্দি, তিন দিন নিখোঁজ
প্রতিবেদনে নাইজেরিয়া থেকে আসা ৩৯ বছর বয়সী অ্যান লাওয়ানির ঘটনা তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রে একজন দক্ষ নার্স ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে পরিচিতি ছিল তাঁর।
গত ১৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার লোডিতে নিজের বাড়ি থেকে তাঁকে আটক করে ফেডারেল কর্মকর্তারা। তখন তিনি ঘুমের পোশাক পরা অবস্থায় ছিলেন। তাঁর ৮৩ বছর বয়সী বাবা বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। কর্মকর্তাদের কাছে গ্রেপ্তারের কারণ জানতে চাইলেও তাঁকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বলে লাওয়ানির অভিযোগ। এমনকি গ্রেপ্তারি পরোয়ানাও দেখানো হয়নি।
আটকের পর পরিবারের সদস্য ও আইনজীবীরা সরকারি ডেটাবেসে তাঁর নাম খুঁজে পাননি। আইসিইর কাছ থেকেও তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তিন দিন পর পরিবারের সঙ্গে যোগাযোগ হলে জানা যায়, তাঁকে লুইজিয়ানার একটি আটককেন্দ্রে রাখা হয়েছে।
এই সময়ে তাঁকে চারটি আটককেন্দ্রে স্থানান্তর করা হয়েছিল। তাঁর হাত, কোমর ও পায়ে শিকল পরানো হয়েছিল বলেও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানতে পারেন।
যুক্তরাষ্ট্রে থাকার আইনি সুযোগ থাকলেও আটক
লাওয়ানি ২০০৭ সালে ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। ২০১৩ সালে অভিবাসন আদালত তাঁর আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করলেও নাইজেরিয়ায় ফেরত পাঠালে নিপীড়নের শিকার হওয়ার আশঙ্কা থাকায় তাঁকে সেখানে বহিষ্কার না করার নির্দেশ দেন।
এ ধরনের আইনি সুরক্ষা ‘উইথহোল্ডিং অব রিমুভাল’ নামে পরিচিত। ২০১৪ সালে তাঁকে কাজের অনুমতিও দেওয়া হয়, যা নিয়মিত নবায়ন করা হয়েছে এবং ২০২৯ সাল পর্যন্ত কার্যকর রয়েছে।
তবে ২০১৩ সালের বহিষ্কারাদেশের কারণ দেখিয়েই তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তাঁর নাইজেরিয়ায় ফেরত পাঠানোর ক্ষেত্রে আদালতের দেওয়া সুরক্ষার বিষয়ে বিভাগটি কোনো মন্তব্য করেনি। তবে তৃতীয় কোনো দেশে তাঁকে পাঠানোর চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করছে তাঁর পরিবার।
লাওয়ানি ইউনিভার্সিটি অব সান ফ্রান্সিসকোর নার্সিং স্কুলে শিক্ষকতা করতেন। ২০২৩ সালে সেখানে যোগ দেওয়ার পর তিনি একটি কর্মসূচির পরিচালক হন। তিনটি ক্যাম্পাসে প্রায় ২৫০ জন স্নাতকোত্তর শিক্ষার্থীর দায়িত্বে ছিলেন তিনি। পাশাপাশি ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে হৃদ্রোগ ও স্ট্রোক বিভাগেও কাজ করতেন।
আদালতের হস্তক্ষেপ, বহিষ্কার স্থগিত
লাওয়ানির আইনজীবী নাতালিয়া ভিয়েরা সান্তান্না তাঁর অবস্থান নিশ্চিত করতে না পেরে ক্যালিফোর্নিয়ার পূর্বাঞ্চলীয় আদালতে বন্দিমুক্তির আবেদন করেন। পরে সরকার মামলাটি লুইজিয়ানায় স্থানান্তরের অনুরোধ জানায়। এতে নতুন আইনজীবী নিয়োগ এবং পুরো আইনি প্রক্রিয়া আবার শুরু করার প্রয়োজন হতো।
তবে ২৯ সেপ্টেম্বর বিচারক সরকারের আবেদন প্রত্যাখ্যান করেন। আদালত মনে করেন, লাওয়ানির অবস্থান গোপন রাখা হয়েছিল বলে কোনো আইনজীবীর পক্ষে যথাযথভাবে জানতে পারা সম্ভব ছিল না যে তাঁকে লুইজিয়ানায় নেওয়া হয়েছে।
একই সঙ্গে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে বহিষ্কার না করার নির্দেশ দেন আদালত। তাঁর মুক্তি দেওয়া হবে না কেন, সে বিষয়ে সরকারকে ব্যাখ্যা দিতেও বলা হয়।
লাওয়ানির আইনজীবীদের মতে, আটক ব্যক্তিদের অবস্থান গোপন রাখার নীতি তাঁদের আইনি অধিকার প্রয়োগের সুযোগ সীমিত করছে।
অন্যদিকে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের একাধিক ব্যবস্থা রয়েছে। চূড়ান্ত বহিষ্কারাদেশ পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বহিষ্কারই যথাযথ প্রক্রিয়া বলে দাবি করেছে সংস্থাটি।
ট্রাম্প প্রশাসন বছরে ১০ লাখের বেশি অভিবাসীকে বহিষ্কারের লক্ষ্য নিয়ে অভিযান জোরদার করেছে। সরকারের হিসাব অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ১৫ লাখ অভিবাসীর বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কারাদেশ ছিল, যাঁরা তখনো আটক হননি। তাঁদের অনেকেই দেশটিতে বসবাস, কাজ ও কর প্রদান করে জীবন গড়ে তুলেছিলেন।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত লাওয়ানির নাম সরকারি আটক ব্যক্তি শনাক্তকরণ ডেটাবেসে ফেরেনি। আটক থাকার ৫১তম দিনে নিজের মানসিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, তিনি শুধু নিজেকে ধরে রাখার চেষ্টা করছেন।












