থাইল্যান্ডের হাসপাতালগুলোতে চিকিৎসকদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি অদ্ভুত বিশ্বাস প্রচলিত। হাসপাতালে দায়িত্ব পালন করার সময় কেউ যদি কেনটাকি ফ্রায়েড চিকেন বা কেএফসি খান, তাহলে সেদিন রোগীর চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অস্ত্রোপচার থেকে শুরু করে জরুরি বিভাগ—সবখানেই একের পর এক রোগী আসতে থাকেন। ফলে ব্যস্ততা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। চিকিৎসাবিজ্ঞানের যুক্তিতে এমন বিশ্বাসের কোনো ভিত্তি নেই। তারপরও দেশটির অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এই অলিখিত নিয়ম মেনে চলেন।
ব্যাংককের ভাজিরা হাসপাতালের সার্জন থানাত তানতিনাম নিজেও এই কুসংস্কারের সঙ্গে পরিচিত। প্রায় এক দশক আগে চিকিৎসাশিক্ষার্থী থাকাকালে তিনি প্রথম বিষয়টি জানতে পারেন। তখন থেকেই তাঁর ধারণা, কর্মস্থলে কেএফসি খাওয়া এড়িয়ে চলাই ভালো। এমনকি কোনো সহকর্মী হাসপাতালে কেএফসি নিয়ে এলে অন্যরা বিরক্ত হতে পারেন।
৩৫ বছর বয়সী এই চিকিৎসক সম্প্রতি প্রচলিত বিশ্বাসটির বৈজ্ঞানিক ভিত্তি যাচাই করার উদ্যোগ নেন। তবে গবেষণায় কুসংস্কারটির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
গবেষণায় মিলল না কেএফসির অভিশাপের প্রমাণ
২০২৩ ও ২০২৪ সালে দক্ষিণ থাইল্যান্ডের ফাত্থালুং হাসপাতালে কর্মরত অবস্থায় থানাত ও তাঁর কয়েকজন সহকর্মী একটি নিয়ন্ত্রিত গবেষণা পরিচালনা করেন। এতে মোট ৩৪৫টি অস্ত্রোপচারের শিফট পর্যবেক্ষণ করা হয়।
গবেষণায় সার্জনদের তিনটি দলে ভাগ করা হয়েছিল। প্রথম দল দায়িত্ব পালনের সময় কেএফসি খেয়েছেন। দ্বিতীয় দল স্থানীয় ব্র্যান্ড ফাইভ স্টার চিকেনের খাবার খেয়েছেন। তৃতীয় দল কোনো খাবার খাননি।
এরপর প্রতিটি দলের কাজের চাপ, অস্ত্রোপচারের সংখ্যা এবং রোগীদের আনুমানিক রক্তক্ষরণের পরিমাণসহ বিভিন্ন বিষয় তুলনা করা হয়।
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াভিত্তিক চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘অ্যানালস অব সার্জারি ওপেন’-এ গবেষণাটি প্রকাশিত হয়। ফলাফলে দেখা যায়, দায়িত্ব পালনের সময় কেএফসি খাওয়ার সঙ্গে কাজের চাপ বেড়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই।
তবে গবেষণা কুসংস্কারটির উৎপত্তি সম্পর্কে কোনো উত্তর দিতে পারেনি। কীভাবে একটি ফাস্টফুড ব্র্যান্ডকে ঘিরে এমন বিশ্বাস তৈরি হলো, আর কেন দেশটির উচ্চশিক্ষিত চিকিৎসকেরাও তা মেনে চলেন—সেই প্রশ্ন থেকেই গেছে।
থানাত নিজেও পুরোপুরি বিশ্বাস থেকে বেরিয়ে আসতে পারেননি। তাঁর ভাষায়, এখনো এই কুসংস্কারে প্রায় ৮০ শতাংশ বিশ্বাস করেন। কেউ কর্মস্থলে তাঁর জন্য কেএফসি নিয়ে এলে শিফট শেষ না হওয়া পর্যন্ত তিনি সেটি খাবেন না।
আধুনিকতার পাশাপাশি অতিপ্রাকৃত বিশ্বাস
থাইল্যান্ডে কুসংস্কার নতুন কিছু নয়। বৌদ্ধধর্মের পাশাপাশি দেশটির সংস্কৃতিতে হিন্দু আচার, চীনা জ্যোতিষশাস্ত্র এবং প্রকৃতিপূজার বিভিন্ন ঐতিহ্যের প্রভাব রয়েছে। ফলে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির মধ্যেও অতিপ্রাকৃত বিশ্বাস মানুষের দৈনন্দিন জীবনে জায়গা করে নিয়েছে।
চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের অধ্যাপক থিরানুচ পুসাকসরিকিত মনে করেন, থাইল্যান্ডে কুসংস্কার ও আধুনিকতা পরস্পরবিরোধী নয়। একই ব্যক্তি বিজ্ঞানের ডিগ্রি অর্জন করতে পারেন, আবার গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের আগে শুভ দিনও দেখে নিতে পারেন। কর্মস্থলে তাবিজ পরার প্রবণতাও রয়েছে।
দেশটিতে সপ্তাহের প্রতিটি দিনের জন্য নির্দিষ্ট শুভ রঙের পোশাক পরা কিংবা রাজনৈতিক অঙ্গনে কালো জাদুর আচার নিয়ে আলোচনাও পরিচিত ঘটনা। গত বছর ব্যাংককের ভাজিরা হাসপাতালের কাছে একটি সড়কে বড় গর্ত তৈরি হয়ে একটি পিকআপ আটকে গেলে গাড়িটির নম্বরপ্লেটের সঙ্গে মিলিয়ে লটারির টিকিট কেনার হিড়িক পড়ে যায়।
চিকিৎসকদের মধ্যেও হাসপাতালভেদে আলাদা কুসংস্কার রয়েছে। কেউ দায়িত্ব পালনের সময় বাদাম, পিৎজা কিংবা কফি এড়িয়ে চলেন। আবার কোনো কোনো হাসপাতালে কলা খাওয়াও নিষিদ্ধ বলে প্রচলিত রয়েছে। অন্য অনেক সংস্কৃতিতে কলাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হলেও সেখানে এটি উল্টো ব্যস্ততা ডেকে আনে বলে বিশ্বাস করা হয়।
হাসপাতালের আশপাশে কেএফসির বিক্রি কম
থাইল্যান্ডে কেএফসির জনপ্রিয়তা ব্যাপক। ১৯৮৪ সালে দেশটিতে যাত্রা শুরু করার পর ব্র্যান্ডটি দ্রুত ছড়িয়ে পড়ে। বর্তমানে দেশজুড়ে তাদের প্রায় ১ হাজার ৩০০টি শাখা রয়েছে। অন্যদিকে ম্যাকডোনাল্ডসের শাখা প্রায় ২৪০টি। ছোট গ্রামীণ শহরেও কেএফসির উপস্থিতি দেখা যায়।
কেএফসি থাইল্যান্ডের সাবেক প্রধান বিপণন কর্মকর্তা সুহাইল লিম্বাদা জানিয়েছেন, হাসপাতালসংলগ্ন শাখাগুলোর বিক্রির তথ্য বিশ্লেষণ করে তাঁরা একটি লক্ষণীয় প্রবণতা দেখতে পান। এসব এলাকায় কেএফসির বিক্রি তুলনামূলক কম।
চিকিৎসকদের এই বিশ্বাসকে বিপণন কৌশলে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। ২০২৪ সালের নভেম্বরে চিকিৎসক দিবস উপলক্ষে হাসপাতালের কাছাকাছি শাখাগুলোতে বিশেষ প্রচারণা শুরু করা হয়।
কেএফসির স্বাভাবিক পরিচয় আড়াল করতে খাবারের প্যাকেটে লেখা হয়েছিল, ‘এটি কেএফসি নয়’। মূলত একধরনের প্রতীকী শুদ্ধিকরণ আচার হিসেবে প্রচারণাটি সাজানো হয়েছিল। এর আগে চন্দ্রবর্ষের নববর্ষ উপলক্ষে মুরগির মাংসের গন্ধযুক্ত ধূপকাঠি বাজারে এনে সমালোচনার মুখে পড়লেও এবারের উদ্যোগটি বেশ ভালো সাড়া পায়।
লিম্বাদার ধারণা, কোনো একটি গ্রামীণ হাসপাতাল থেকেই এই কুসংস্কারের সূচনা হয়ে থাকতে পারে। গভীর রাতে কর্মীসংকটে থাকা কোনো হাসপাতালে ক্ষুধার্ত চিকিৎসকের কাছে কেএফসির খাবার পৌঁছেছিল। এরপর হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ার ঘটনাকে খাবারটির সঙ্গে মিলিয়ে দেখা হয়। সেখান থেকেই হয়তো বিশ্বাসটির জন্ম।
কুসংস্কার ঘিরে তৈরি হয়েছে সহকর্মীদের সংহতি
চিকিৎসকদের মধ্যে এই বিশ্বাসের কিছু নির্দিষ্ট নিয়মও তৈরি হয়েছে। জরুরি বিভাগ ও অস্ত্রোপচার বিভাগের মতো যেসব বিভাগে দায়িত্ব পালনের সময় সহজে হাসপাতালের বাইরে গিয়ে খাবার খাওয়ার সুযোগ নেই, মূলত সেসব বিভাগেই কেএফসির অভিশাপ নিয়ে আলোচনা বেশি।
থাইল্যান্ডের কামালাসাই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তিতাপর্ন নাসান এমন একটি ঘটনার কথা জানিয়েছেন, যেখানে সহকর্মীরা ইচ্ছাকৃতভাবেই কুসংস্কারটিকে কাজে লাগিয়েছিলেন।
এক সন্ধ্যায় হাসপাতালের অস্ত্রোপচার-পরবর্তী নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীর চাপ ছিল অস্বাভাবিক কম। এতে নার্সদের কেউ কেউ উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁদের আশঙ্কা ছিল, রোগী কম থাকলে ভবিষ্যতে তাঁদের কাজের শিফটও কমে যেতে পারে।
এ অবস্থায় একজন জ্যেষ্ঠ অ্যানেসথেসিওলজিস্ট কেএফসি ও পিৎজা অর্ডার করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এর ফলে রোগীর চাপ বেড়ে যাওয়ার কথা। কিছুক্ষণের মধ্যেই শয্যাগুলো রোগীতে পূর্ণ হয়ে যায়। তিতাপর্নের ভাষায়, সাধারণত কেউই কর্মস্থলে কেএফসি অর্ডার করার সাহস দেখান না।
তবে হাসপাতালের বাইরে সাধারণ মানুষের কাছে কেএফসি এখনো জনপ্রিয় খাবার। থাই স্বাদের সঙ্গে মিলিয়ে গ্রিন কারি চিকেন রাইসের মতো খাবারও বিক্রি করে প্রতিষ্ঠানটি।
অনেক সময় রোগীর স্বজনেরা চিকিৎসক ও নার্সদের কৃতজ্ঞতা প্রকাশ করতে কেএফসি উপহার দেন। কিন্তু ভাজিরা হাসপাতালের ৪২ বছর বয়সী নার্স জারুদা মামুয়াংবনের কাছে এমন উপহার এখন কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তাঁর মতে, আগে রোগীর স্বজনেরা নিয়মিত কেএফসি নিয়ে আসতেন। কিন্তু গত দুই বছরে এ ধরনের উপহারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে স্বজনেরাও সম্ভবত চিকিৎসকদের এই কুসংস্কার সম্পর্কে জেনে গেছেন।
অতিরিক্ত কাজের চাপের ভয় থেকেই কি এই বিশ্বাস?
চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থিরানুচ মনে করেন, চিকিৎসকদের এই বিশ্বাসকে বিজ্ঞানবিরোধী মনোভাব হিসেবে দেখার সুযোগ নেই। বরং অনিশ্চিত ও চাপপূর্ণ কর্মপরিবেশে নিজেদের মানসিক স্বস্তি ধরে রাখার একটি উপায় হতে পারে এটি।
হাসপাতালের কাজ স্বভাবতই অনিশ্চিত। কখন কতজন রোগী আসবেন, কখন জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হবে কিংবা কতক্ষণ দায়িত্ব পালন করতে হবে—এসব আগে থেকে নির্ধারণ করা কঠিন। এমন পরিস্থিতিতে ‘শিফটে কেএফসি খাওয়া যাবে না’—এ ধরনের একটি সম্মিলিত নিয়ম চিকিৎসকদের নিয়ন্ত্রণবোধের সামান্য সুযোগ তৈরি করে। একই সঙ্গে সহকর্মীদের মধ্যে পারস্পরিক সংহতিও বাড়ায়।
থানাতের পর্যবেক্ষণেও এই বিশ্বাসের পেছনে আরও বাস্তব কিছু কারণ রয়েছে। তাঁর মতে, কেএফসির অভিশাপের ধারণাটি মূলত সরকারি হাসপাতালগুলোতেই বেশি প্রচলিত। এসব হাসপাতালে চিকিৎসকদের কাজের চাপ বেশি, অথচ বেসরকারি হাসপাতালের তুলনায় বেতন ও সুযোগ-সুবিধা কম। উন্নত কর্মপরিবেশের দাবিতে দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে অসন্তোষ রয়েছে।
বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। সেখানে রোগীর সংখ্যা বাড়লে চিকিৎসকদের আয়ও অনেক ক্ষেত্রে বাড়ে। ফলে বেশি রোগী আসাকে তাঁরা নেতিবাচকভাবে দেখেন না।
থানাতের মতে, কেএফসিকে ঘিরে তৈরি হওয়া এই কুসংস্কার আসলে চিকিৎসকদের অতিরিক্ত কাজের চাপ নিয়ে ভয়েরই একধরনের বহিঃপ্রকাশ। অনিশ্চিত পরিস্থিতির জন্য একটি দায়ী পক্ষ খুঁজে নেওয়ার প্রবণতা থেকেই খাবারটির ওপর এই দায় চাপানো হয়েছে।
বৈজ্ঞানিক গবেষণায় কেএফসির সঙ্গে হাসপাতালের কাজের চাপ বাড়ার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। কিন্তু থাইল্যান্ডের চিকিৎসকদের কাছে বিষয়টি এখন আর শুধু খাবার পছন্দ বা অপছন্দের মধ্যে সীমাবদ্ধ নেই। দীর্ঘ কর্মঘণ্টা, অতিরিক্ত দায়িত্ব এবং অনিশ্চিত কর্মপরিবেশের মধ্যে এটি একধরনের সাংস্কৃতিক বিশ্বাস ও সম্মিলিত মানসিক আশ্রয়ে পরিণত হয়েছে।












