প্রথম দেখা হওয়ার আগেই সাত ঘণ্টার দীর্ঘ ফোনালাপে একে অপরের প্রতি ভালো লাগা তৈরি হয়েছিল ক্যাথরিন মাওহিনি ও গ্রেসন জাজের। সেই পরিচয় থেকে প্রেম, আর শেষ পর্যন্ত বিয়ে। তবে তাঁদের বিয়ের আয়োজন ছিল গতানুগতিক ধারার বাইরে। পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের প্রত্যন্ত ফ্লোরেস দ্বীপে ১৭ শতকের একটি ঐতিহাসিক পাথুরে গ্রাম ভাড়া নিয়ে তাঁরা আয়োজন করেন ঘনিষ্ঠ পরিসরের আজোরেস দ্বীপে ব্যতিক্রমী বিয়ে।
২০২৪ সালে দুজনের পরিচয় হলেও তখন তাঁরা ভিন্ন জায়গায় থাকতেন। দুজনের শৈশব কেটেছে যুক্তরাষ্ট্রের বে এরিয়ায়, কিন্তু আগে কখনো দেখা হয়নি। প্রথম ফোনালাপের পর টানা ছয় সপ্তাহ প্রতিদিন কথা বলেছেন তাঁরা। সান ফ্রান্সিসকোতে প্রথমবার সামনাসামনি দেখা হয় তাঁদের। প্রথম সাক্ষাতের ১৫ মাস পর সেই একই জায়গায় বিয়ের প্রস্তাব দেন গ্রেসন। ব্রাঞ্চে যাওয়ার কথা বলে ক্যাথরিনকে সেখানে নিয়ে যান তিনি।
পূর্বপুরুষের ভূমিতে বিয়ের আয়োজন
বিয়ের স্থান নির্বাচনে গ্রেসনের পারিবারিক ইতিহাস বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর মায়ের দিকের পূর্বপুরুষদের শিকড় আজোরেসের ফ্লোরেস দ্বীপে। পারিবারিক ঐতিহ্যের সঙ্গে সংযোগ ধরে রাখতে দ্বীপটির ফাজাজিনিয়া এলাকায় ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন করেন তাঁরা। এ জন্য পুরোপুরি ভাড়া নেওয়া হয় আলদেইয়া দা কুয়াদা নামের ১৭ শতকের একটি পাথুরে গ্রাম। একসময় জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা পেতে দ্বীপের উঁচু এলাকায় ছোট ছোট পাথরের বাড়িগুলো তৈরি করা হয়েছিল। পরে গ্রামটি হোটেলে রূপান্তরিত হয়। বিয়ের সপ্তাহজুড়ে অতিথিদের থাকার ব্যবস্থাও ছিল সেখানে।
ক্যাথরিন নিজেই বিয়ের পরিকল্পনা ও সাজসজ্জার মূল দায়িত্ব পালন করেন, আর গ্রেসন সামলান আয়োজনের বাস্তব ব্যবস্থাপনা। বিয়ের ফুলের সাজসজ্জার দায়িত্বে ছিলেন জঙ্গল ইউটোপিয়ার অ্যালিস। আলদেইয়া দা কুয়াদার মালিক কার্লোটাও আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর দল স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহায়তা করে।
২৪০ বছরের পুরোনো গির্জায় বিয়ে
মূল বিয়ের অনুষ্ঠান হয় ১৭৭৬ সালে নির্মিত নোসা সেনহোরা দোস রেমেদিওস ক্যাথলিক গির্জায়। স্থানীয় যাজক জুলিও বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন। অনুষ্ঠানটি ইংরেজি ও পর্তুগিজ, দুই ভাষাতেই সম্পন্ন হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দাও গির্জার পেছনের সারিতে বসে বিয়ের সাক্ষী হন। ক্যাথরিনের মনে হয়েছে, এই বিয়ের মধ্য দিয়ে তাঁরা শুধু একটি নতুন পরিবার গড়েননি, বরং স্থানীয় সমাজের সঙ্গেও একটি গভীর সম্পর্ক তৈরি করেছেন।
পূর্বপুরুষদের স্মৃতি আর রাতভর উদ্যাপন
গির্জার অনুষ্ঠান শেষে সবাই ফাজাজিনিয়া গ্রামের মূল চত্বরে যান। সেখানে অতিথিদের জন্য আয়োজন করা হয়েছিল ওয়াইনের পরিবেশনা। স্থানীয় যাজক, বাসিন্দা, গাড়িচালক ও রাখালরাও উৎসবে যোগ দেন। অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি ছিল গ্রেসনের মায়ের বক্তব্য। তিনি একজন বংশতালিকাবিদের সহায়তায় গ্রেসনের পূর্বপুরুষদের ইতিহাস সংগ্রহ করেছিলেন। বক্তব্যে ফ্লোরেস দ্বীপে বসবাস করা পূর্বপুরুষদের নাম পড়ে শোনান তিনি। পরে অতিথিরা একটি ঐতিহ্যবাহী পাথরের কলের গোলাকার ছাদে জড়ো হন। সেখানে আলোকসজ্জার নিচে চলে নাচ, গান ও আনন্দ-উদ্যাপন, যা গড়ায় পরদিন ভোর সাড়ে ছয়টা পর্যন্ত।
ক্যাথরিনের কাছে এই বিয়ের সবচেয়ে মূল্যবান স্মৃতি শুধু সাজসজ্জা বা আনুষ্ঠানিকতা নয়, বরং পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো সময়। কয়েক দশক উড়োজাহাজে না চড়া এক আত্মীয়ও তাঁর বিয়েতে যোগ দিতে বিমানে চড়েছিলেন। ক্যাথরিনের বিশ্বাস, বিয়ে শুধু দুজন মানুষের একসঙ্গে পথচলার সূচনা নয়, জীবনের শুরু থেকে যাঁরা পাশে ছিলেন, তাঁদের সঙ্গে সম্পর্ক উদ্যাপনেরও একটি উপলক্ষ। ফ্লোরেস দ্বীপের সেই বিয়ের সপ্তাহটি তাই তাঁদের কাছে কেবল একটি অনুষ্ঠান নয়, বরং পরিবার, বন্ধুত্ব ও ভালোবাসার এক বিশেষ স্মারক।












