রাজধানীর মিরপুরের পল্লবীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে মিরপুর-১২ এলাকার ফুলকলি মোড়ে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে সড়কের পাশে পার্ক করে রাখা বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দেয় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। পরে সেই আগুন পাশের অভিজাত পরিবহনের আরেকটি বাসে ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, আগুনে বিকল্প পরিবহনের বাসটির আসন, জানালার কাচ ও বাইরের কাঠামো সম্পূর্ণ পুড়ে গেছে। অন্যদিকে অভিজাত পরিবহনের বাসটির পেছনের জানালার কাচ, আসন ও আসনের কভার ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসে আগুন দেওয়ার ঘটনায় কাউকে আটকও করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।












