যুক্তরাজ্যে শীতের তীব্রতা বাড়লে নিম্ন আয়ের অনেক পরিবারকে বাড়তি আর্থিক সহায়তা দেয় সরকার। ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে এবং বাড়তি জ্বালানি খরচ সামাল দিতে দেওয়া হয় ‘কোল্ড ওয়েদার পেমেন্ট’ বা শীতকালীন বিশেষ ভাতা। ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নির্দিষ্ট কিছু এলাকায় তাপমাত্রা দীর্ঘ সময় হিমাঙ্কের নিচে থাকলে এই অর্থ পাওয়া যায়। তবে স্কটল্যান্ডে নিম্ন আয়ের মানুষের জন্য রয়েছে আলাদা শীতকালীন জ্বালানি সহায়তা, যা তাপমাত্রার ওপর নির্ভর করে না।
কখন পাওয়া যায় শীতকালীন বিশেষ ভাতা?
কোনো এলাকার গড় তাপমাত্রা টানা সাত দিন শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকলে অথবা আবহাওয়ার পূর্বাভাসে এমন পরিস্থিতির আশঙ্কা থাকলে এই ভাতা কার্যকর হয়। সংশ্লিষ্ট এলাকার আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের তথ্যের ভিত্তিতে বিষয়টি নির্ধারণ করা হয়।
ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন পোস্টকোড এলাকায় এই সুবিধা চালু হয়। ফলে একই সময়ে যুক্তরাজ্যের সব এলাকার বাসিন্দারা এই অর্থ পাওয়ার যোগ্য হন না।
২০২৫-২৬ সালের শীত মৌসুমে দেশটিতে ১৪ লাখের বেশি কোল্ড ওয়েদার পেমেন্ট দেওয়া হয়েছে।
কারা পাবেন ২৫ পাউন্ড?
এই ভাতা পাওয়ার জন্য আবেদনকারীকে ইংল্যান্ড, ওয়েলস অথবা উত্তর আয়ারল্যান্ডে বসবাস করতে হবে। বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই। তবে নির্ধারিত কিছু সরকারি সামাজিক নিরাপত্তা ভাতা পেতে হবে।
যোগ্য ভাতার মধ্যে রয়েছে—
- পেনশন ক্রেডিট।
- ইনকাম সাপোর্ট।
- আয়ভিত্তিক চাকরিপ্রার্থীর ভাতা।
- আয়ভিত্তিক কর্মসংস্থান ও সহায়তা ভাতা।
- ইউনিভার্সাল ক্রেডিট, যদিও এ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে।
- বন্ধকী ঋণের সুদ পরিশোধে সরকারি সহায়তা।
প্রতিটি সাত দিনের শীতকালীন সময়ের জন্য একজন যোগ্য ব্যক্তি ২৫ পাউন্ড পান। শীত মৌসুমে একাধিকবার টানা সাত দিন তাপমাত্রা নির্ধারিত সীমায় থাকলে একাধিক কিস্তিও পাওয়া যায়।
প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত এই কর্মসূচি চালু থাকে।
স্কটল্যান্ডে আলাদা সহায়তা
স্কটল্যান্ডে নিম্ন আয়ের মানুষ ও সরকারি ভাতা পাওয়া ব্যক্তিদের জন্য রয়েছে উইন্টার হিটিং পেমেন্ট। এর পরিমাণ ৬২ পাউন্ড। প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই অর্থ স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়।
ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের মতো সেখানে তাপমাত্রা টানা সাত দিন হিমাঙ্কের নিচে থাকার শর্ত নেই।
কীভাবে পাওয়া যাবে এই অর্থ?
কোল্ড ওয়েদার পেমেন্ট পাওয়ার জন্য আলাদা করে আবেদন করতে হয় না। যোগ্য ব্যক্তিরা যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে নিয়মিত সরকারি ভাতার অর্থ পান, সেখানেই এই সহায়তার টাকা জমা হয়।
নির্ধারিত শীতকালীন সময় শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যে অর্থ পাওয়ার কথা। কেউ যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পেলে পেনশন সার্ভিস অথবা জবসেন্টার প্লাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
তবে হাসপাতালে ভর্তি থাকলে এই ভাতা পাওয়ার ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। তাই কেউ হাসপাতালে ভর্তি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন। পরিবারে নবজাতক এলে অথবা পাঁচ বছরের কম বয়সী কোনো শিশু বসবাস শুরু করলেও কর্তৃপক্ষকে তথ্য হালনাগাদ করতে হবে।
অন্য সরকারি ভাতার ওপর প্রভাব পড়ে কি?
কোল্ড ওয়েদার পেমেন্ট পাওয়ার কারণে অন্য কোনো সরকারি ভাতা কমে যায় না। এটি শীতকালীন জ্বালানি ভাতা বা উইন্টার ফুয়েল পেমেন্ট থেকেও আলাদা।
যুক্তরাজ্যে যোগ্যতার ভিত্তিতে উইন্টার ফুয়েল পেমেন্ট হিসেবে ১০০ থেকে ৩০০ পাউন্ড পর্যন্ত দেওয়া হয়। সরকারি নীতিতে পরিবর্তন আনার পর আবারও প্রায় ৯০ লাখ পেনশনভোগী এই সুবিধার আওতায় এসেছেন।












