যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ধরে রেখেও চীনে ফিরে কাজ শুরু করা শীর্ষস্থানীয় এক জীববিজ্ঞানীকে ঘিরে দেশটিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ছেড়ে চীনে কাজ করতে আসা বিজ্ঞানী ইউয়ান জুনইংকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। চীনের তরুণ বিজ্ঞানীদের সুযোগ কমিয়ে দিচ্ছেন বিদেশ থেকে ফিরে আসা জ্যেষ্ঠ বিজ্ঞানীরা—এমন অভিযোগকে কেন্দ্র করে এই বিতর্ক তৈরি হয়েছে।
কোষ কীভাবে মারা যায়, তা নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ইউয়ানের। গত মাসের শেষ দিকে নিজ শহর সাংহাইয়ে অনুষ্ঠিত বিশ্ব বিজয়ী বিজ্ঞানী সম্মেলনে একটি বড় বিজ্ঞান পুরস্কার পাওয়ার পর তিনি আলোচনায় আসেন।
পুরস্কার পাওয়ার পর নিজের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে প্রশ্নের জবাব দেন ইউয়ান। তিনি বলেন, ‘আমি সব সময়ই বলে এসেছি, আমার রক্তে চীনা পরিচয় রয়েছে।’
ইউয়ান ২০১২ সালে যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় সাংহাই ইনস্টিটিউট অব অর্গানিক কেমিস্ট্রিতে একটি আন্তবিষয়ক গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করেন। পরে তিনি চীনে ফিরে সেখানে গবেষণার কাজে যুক্ত হন।
তবে বিদেশে প্রতিষ্ঠিত হওয়ার পর দেশে ফিরে আসা জ্যেষ্ঠ বিজ্ঞানীদের ভূমিকা নিয়ে চীনে বিতর্ক বাড়ছে। সমালোচকদের দাবি, বিদেশফেরত অভিজ্ঞ বিজ্ঞানীরা গবেষণার গুরুত্বপূর্ণ পদ ও সুযোগ-সুবিধা বেশি পেয়ে যাচ্ছেন। এতে দেশটির তরুণ বিজ্ঞানীদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ কমে যাচ্ছে।
ইউয়ানকে ঘিরে সাম্প্রতিক সমালোচনা মূলত এই বৃহত্তর বিতর্কেরই অংশ। বিদেশে কাজের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক পরিচিতি থাকা বিজ্ঞানীদের দেশে ফিরিয়ে আনার নীতি চীনের গবেষণাক্ষেত্রে কতটা ইতিবাচক ভূমিকা রাখছে, তা নিয়েও প্রশ্ন উঠছে।












