পোল্যান্ডের ঐতিহাসিক শহর ক্রাকোভের প্রাণকেন্দ্রে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার বিকেলে শহরের পুরোনো অংশের প্রধান চত্বরে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী পুলিশের গুলিতে আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে হামলার পর অন্য একটি শহরে সন্দেহভাজন ব্যক্তির বাড়ি থেকে তার পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে একটি গাড়ি নিয়ে ক্রাকোভের পুরোনো শহরের প্রধান চত্বরে প্রবেশ করেন ওই বন্দুকধারী। এরপর সেখানে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। একপর্যায়ে পুলিশ তাকে গুলি করে আহত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি পোল্যান্ডের নাগরিক এবং তার বয়স বিশের কোঠার মাঝামাঝি। তবে নিরাপত্তার স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
উগ্র ডানপন্থী মতাদর্শে আকৃষ্ট ছিলেন হামলাকারী
পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য থেকে ধারণা করা হচ্ছে, হামলাকারী উগ্র ডানপন্থী মতাদর্শের প্রতি গভীরভাবে আকৃষ্ট ছিলেন।
পুলিশপ্রধান মারেক বোরন জানান, হামলায় চার নারী ও দুই পুরুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক এবং তিনজন পোল্যান্ডের নাগরিক। বাকি দুজনের জাতীয়তা তখনো নিশ্চিত হওয়া যায়নি।
হামলায় আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন। আহত এক পুলিশ সদস্যের জন্য শনিবার দেশটির কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানায়।
সন্দেহভাজনের বাড়িতে পরিবারের তিনজনের মরদেহ
হামলার পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, ক্রাকোভ থেকে প্রায় ৮৫ মাইল উত্তর-পূর্বে অস্ট্রোভিয়েক শভিয়েন্তোকশিস্কি শহরে সন্দেহভাজন ব্যক্তির বাড়ি থেকে দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে পুলিশ জানায়, নিহত তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা সন্দেহভাজন ব্যক্তির বাবা-মা ও বোন। তাদের বয়স যথাক্রমে ৫৩, ৫২ ও ২১ বছর।
এ ঘটনায় হামলাকারীর পারিবারিক পরিস্থিতি এবং হামলার পেছনের সম্ভাব্য কারণ নিয়ে তদন্ত চলছে।
সামরিক পোশাক ও বুলেটপ্রুফ জ্যাকেট পরেছিলেন
পুলিশের মুখপাত্র কাতারজিনা সিসলো জানান, হামলার সময় সন্দেহভাজন ব্যক্তির পরনে ছিল সামরিক ধাঁচের পোশাক ও বুলেটপ্রুফ জ্যাকেট। তিনি সামরিক ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিলেন। তার গাড়ি থেকে আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
তবে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ হামলাকারী সেনাবাহিনীর সদস্য ছিলেন বলে প্রচারিত খবর নাকচ করে দিয়েছেন।
দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
হামলার ঘটনায় রোববার থেকে পোল্যান্ডে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। দেশটির সাধারণ মানুষের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পোল্যান্ডে এ ধরনের বন্দুক হামলা বিরল। তবে গত মাসে দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুরিকাঘাতের কয়েকটি ঘটনা ঘটেছিল। সেসব ঘটনায় একজন নিহত এবং আরও কয়েকজন আহত হন।
ক্রাকোভের ঘটনায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম রোজ শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই কঠিন সময়ে যুক্তরাষ্ট্র পোল্যান্ডের পাশে রয়েছে। ক্রাকোভের নিহত নাগরিকদের স্মরণ এবং শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি।












