ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার সতর্কবার্তা পাওয়ার পর বুধবার শিক্ষার্থী ও শিক্ষকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির প্রায় ৬ হাজার ৩০০টি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাঠানো হয়। একই ধরনের বার্তা পৌঁছেছে যুক্তরাজ্যের স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বিভিন্ন স্কুলেও। তবে এসব হুমকিকে ভুয়া বলে শনাক্ত করা হয়েছে। ফলে ওই দেশগুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ করতে হয়নি।
ইউরোপজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সেবাকেন্দ্রকে লক্ষ্য করে একের পর এক হুমকি এবং সাইবার হামলার ঘটনার মধ্যে সর্বশেষ এই ঘটনা ঘটল। এর আগে সুপারমার্কেট, রক্ত সংগ্রহকেন্দ্র, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা ও সম্প্রচারমাধ্যমেও বিঘ্ন সৃষ্টির ঘটনা ঘটেছে।
ইতালিতে স্কুল খালি, অভিভাবকদের ছুটতে হয়েছে সন্তানদের কাছে
বোমার হুমকির ই-মেইল পাওয়ার পর ইতালির বিভিন্ন স্কুল দ্রুত শিক্ষার্থীদের সরিয়ে নেয়। সন্তানদের নিরাপত্তার কথা জানতে পেরে অনেক অভিভাবক কাজ ফেলে স্কুলে ছুটে যান।
রোমের মাজ্জিনি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মা নেনসি বেগো জানান, ঘটনার সময় তাঁর মেয়ে ডাফনে কান্না শুরু করে। কী ঘটছে, তা শিশুরা বুঝতে পারছিল না। স্কুল থেকে নিয়ে আসার পরও মেয়েটি আতঙ্কিত ছিল।
তিনি বলেন, এ ধরনের ভুয়া হুমকি পাঠিয়ে শিক্ষার্থীদের পাঠদান ও সবার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা হচ্ছে। তাঁর মতে, এটি অত্যন্ত বিরক্তিকর একটি ঘটনা।
রোমের একটি স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের বার্তায় জানায়, সব শিক্ষার্থীকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে এবং শিক্ষক-কর্মীদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী মেলোনিকেও লক্ষ্য করার হুমকি
রয়টার্সের দেখা একটি ই-মেইলের অনুলিপিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে লক্ষ্যবস্তু করার হুমকিও ছিল। তবে মেলোনি জানিয়েছেন, এসব বোমা হামলার সতর্কবার্তায় প্রকৃত কোনো বিপদের আশঙ্কা নেই। পুলিশসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ইতালিতে পাঠানো ই-মেইলটির শেষে ‘ভিলায়াত অব মিসোজিনিস্তান’-এর নেতা মিখাইল আন্দ্রোপভের নাম ব্যবহার করা হয়েছে। একই পরিচয় ব্যবহার করে শুক্রবার আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার সংবাদমাধ্যমের কার্যালয়েও বোমা হামলার হুমকি পাঠানোর দায় স্বীকার করা হয়েছিল বলে জানা গেছে।
ইতালির একটি জাতীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, স্কুলগুলোর ই-মেইল ঠিকানা প্রকাশ্য হওয়ায় সহজেই এসব বার্তা পাঠানো সম্ভব হয়েছে।
রাশিয়া ও ইরানের দিকে সন্দেহ, অস্বীকার দুই দেশের
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর দৈনন্দিন জীবন ব্যাহত করতে পরিকল্পিতভাবে এমন কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে সন্দেহ করছেন ইউরোপের কয়েকজন কর্মকর্তা। তাঁদের ধারণা, এর পেছনে রাশিয়ার ভূমিকা থাকতে পারে। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পশ্চিমা দেশগুলো তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
সন্দেহের তালিকায় রয়েছে ইরানও। গত সপ্তাহে ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটের রেফ্রিজারেটর অচল করে দেওয়ার সাইবার হামলার অভিযোগে মঙ্গলবার দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ফ্রান্স। তবে তেহরান অভিযোগকে ভিত্তিহীন ও শত্রুতাপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছে।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেছেন, বুধবারের হুমকিগুলো মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে দেওয়ার একটি সুস্পষ্ট কৌশলের অংশ হতে পারে। তবে সব ঘটনার পেছনে বিদেশি রাষ্ট্র বা শত্রুভাবাপন্ন গোষ্ঠী রয়েছে, এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। মনোযোগ আকর্ষণে আগ্রহী ব্যক্তি কিংবা মানসিকভাবে অস্থির লোকজনও এ ধরনের ঘটনা ঘটাতে পারে।
শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন
ইতালির স্কুলপ্রধানদের সংগঠনের প্রধান আন্তোনেলো জানেল্লি বলেন, হুমকিগুলো ভুয়া হলেও শিক্ষার্থী, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। পুরো স্কুল সম্প্রদায়কে আতঙ্কিত করা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করার মতো ঘটনাকে অবহেলা করা যাবে না।
ইউরোপজুড়ে ধারাবাহিক হুমকি ও সাইবার হামলার প্রেক্ষাপটে ইতালির স্কুলগুলোতে এই ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তবে বুধবারের হুমকিগুলোকে কর্তৃপক্ষ ভুয়া হিসেবে বিবেচনা করছে।












