মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ভয়াবহ বিস্ফোরণে দুটি বিশাল তেলবাহী জাহাজ অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বুধবার রাতে অনুমোদনহীন পথে চলাচলের বিষয়ে সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজ দুটি বিস্ফোরণের শিকার হয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পরে দাবি করে, জাহাজ দুটি সমুদ্রের তলদেশে পেতে রাখা নৌমাইনে আঘাত করার পর বিস্ফোরিত হয়েছে। এ ঘটনার প্রমাণ হিসেবে বিস্ফোরণের ভিডিওচিত্র বলেও কিছু ফুটেজ প্রচার করা হয়েছে।
অনুমোদনহীন নৌপথ ব্যবহারের অভিযোগ
ইরানের দাবি, হরমুজ প্রণালির দক্ষিণ অংশে নির্ধারিত পথের বাইরে চলাচল করছিল তেলবাহী জাহাজ দুটি। সতর্কবার্তা দেওয়ার পরও তারা ওই পথে চলাচল অব্যাহত রাখে। এর পরই বিস্ফোরণের ঘটনা ঘটে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
যুদ্ধের শুরুর দিকে আইআরজিসি নৌবাহিনী সরাসরি তেলবাহী জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে তাদের বক্তব্যে উঠে এসেছে, অনুমোদনহীন নৌপথ ব্যবহার করতে গিয়ে বিভিন্ন জাহাজ সমুদ্রের মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটছে।
আন্তর্জাতিক নৌ চলাচলে বাড়ছে উদ্বেগ
হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপত্তা নিয়ে এর আগেও একাধিক সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও)। সংস্থাটি কয়েকটি ঘটনায় জানিয়েছে, প্রণালিটি অতিক্রম করার সময় তেলবাহী জাহাজ অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রসদৃশ আঘাতের শিকার হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা ও জাহাজ চলাচলে বিঘ্ন আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ওপরও প্রভাব ফেলতে পারে।
তবে বিস্ফোরণের শিকার দুই জাহাজের নাম, ক্ষয়ক্ষতির পরিমাণ, নাবিকদের অবস্থা কিংবা ঘটনার স্বাধীনভাবে নিশ্চিত হওয়া বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।












