মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গৃহবন্দিত্বের শর্ত ভঙ্গ করলে আবার কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে দেশটির সরকার। দুর্নীতির মামলায় দণ্ডিত এই সাবেক প্রধানমন্ত্রীকে চলতি সপ্তাহে কারাগার থেকে মুক্ত করে কুয়ালালামপুরের নিজ বাড়িতে নেওয়া হয়েছে। তবে বাড়িতে অবস্থানের সময় তাঁর চলাফেরা, যোগাযোগ ও রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল পার্লামেন্টে গৃহবন্দিত্বের শর্তগুলো তুলে ধরেন। তিনি জানান, এসব শর্তের কোনোটি লঙ্ঘন করলে নাজিবকে তাৎক্ষণিকভাবে আবার কারাগারে পাঠানো হবে।
গৃহবন্দিত্বে যেসব বিধিনিষেধ
নাজিব রাজাক তাঁর স্ত্রী, সন্তান, শ্বশুরবাড়ির সদস্য ও নাতি-নাতনিদের সঙ্গে বাড়িতে থাকতে পারবেন। তবে কোনো ধরনের প্রকাশ্য বিবৃতি দিতে পারবেন না। জনসমাবেশে অংশ নেওয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ডেও তাঁর নিষেধাজ্ঞা থাকবে।
এ ছাড়া মোবাইল ফোনসহ কোনো টেলিযোগাযোগ যন্ত্র ব্যবহার, দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাৎ কিংবা কারা বিভাগের আগাম অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়ার সুযোগ থাকবে না। তাঁকে একটি পুনর্বাসন কর্মসূচিতেও অংশ নিতে হবে।

তবে তাঁর শরীরে কোনো ইলেকট্রনিক নজরদারি যন্ত্র বা পর্যবেক্ষণ ট্যাগ লাগানো হয়েছে কি না, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কিছু জানাননি।
নাজিবের কয়েকটি আবেদনের বিষয় সরকার বিবেচনা করছে। তবে গৃহবন্দিত্বের জন্য দ্বিতীয় একটি বাসস্থান অন্তর্ভুক্ত করার আবেদন নাকচ করা হয়েছে। কারণ, রাজকীয় ক্ষমার মূল আদেশে কেবল একটি বাড়ির কথা উল্লেখ রয়েছে।
১এমডিবি কেলেঙ্কারি ও দ্বিতীয় দণ্ড
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন নাজিব। রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ বা ১এমডিবি প্রতিষ্ঠার সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল। এই তহবিলকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে বড় ধরনের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।
যুক্তরাষ্ট্রের তদন্তকারীদের দাবি, আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত একটি জালিয়াতির মাধ্যমে ১এমডিবি থেকে অন্তত ৪৫০ কোটি ডলার আত্মসাৎ করা হয়েছিল। এ ঘটনায় হলিউডের কয়েকজন তারকা ও আন্তর্জাতিক ব্যাংকের নামও আলোচনায় আসে। কেলেঙ্কারির প্রভাব পড়ে নাজিবের সরকারের ওপরও।
এই মামলার একটি অংশে দোষী সাব্যস্ত হওয়ার পর চার বছর আগে তাঁকে কারাগারে পাঠানো হয়। ২০২৪ সালে মালয়েশিয়ার তৎকালীন রাজা তাঁর ১২ বছরের কারাদণ্ড কমিয়ে অর্ধেকে নামিয়ে আনেন।
এরপর গত সেপ্টেম্বরে বর্তমান রাজা সুলতান ইব্রাহিম তাঁকে দ্বিতীয়বারের মতো রাজকীয় ক্ষমা দেন। সেই ক্ষমার আওতায় অবশিষ্ট সাজা কারাগারের পরিবর্তে বাড়িতে থেকে ভোগ করার সুযোগ পান নাজিব। মঙ্গলবার তাঁকে কারাগার থেকে কুয়ালালামপুরের অভিজাত এলাকায় অবস্থিত নিজ বাসভবনে স্থানান্তর করা হয়।
তবে তাঁর আইনি জটিলতা এখানেই শেষ হচ্ছে না। ১এমডিবি-সংশ্লিষ্ট আরেকটি দুর্নীতি মামলায় গত বছর তাঁকে অতিরিক্ত ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তিনি। নাজিব বরাবরই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, ১এমডিবি কেলেঙ্কারিতে তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে। অন্যদিকে, কৌঁসুলিদের দাবি, তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ১০০ কোটি ডলারের বেশি অর্থ প্রবাহিত হয়েছিল।
ক্ষমার প্রক্রিয়া প্রকাশের উদ্যোগ
নাজিবকে গৃহবন্দিত্বের সুযোগ দেওয়ার ঘটনায় দেশটিতে আইনের সমান প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণ নাগরিক ও ক্ষমতাধর ব্যক্তিদের ক্ষেত্রে বিচার ও সাজা কার্যকরে ভিন্নতা রয়েছে বলে কয়েকজন আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন দ্বৈত নীতির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, দণ্ডিত প্রত্যেক ব্যক্তিরই সব আইনি প্রক্রিয়া শেষ করার পর ক্ষমার আবেদন করার অধিকার রয়েছে। ধনী-গরিব কিংবা সাধারণ মানুষ ও ক্ষমতাবান—সবার ক্ষেত্রেই এই অধিকার সমান।

ক্ষমা প্রদানের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে নাজিবের ক্ষমার আবেদন নিয়ে রাজাকে পরামর্শ দেওয়া ক্ষমা বোর্ডের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের সুপারিশও করবেন বলে জানিয়েছেন তিনি।
মালয়েশিয়ার নয়টি রাজ্যের সুলতান পর্যায়ক্রমে দেশটির রাজা নির্বাচিত হন। রাজার দায়িত্ব মূলত আনুষ্ঠানিক হলেও সংবিধান তাঁকে ক্ষমা প্রদানের বিশেষ ক্ষমতা দিয়েছে।
আইনের শাসন নিয়ে উদ্বেগ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মালয়েশিয়ার সভাপতি রেমন রাম বলেছেন, রাজার সাংবিধানিক ক্ষমতাকে সম্মান করার পাশাপাশি ন্যায়বিচার, জবাবদিহি এবং আইনের চোখে সমান অধিকারের প্রশ্নগুলোরও সমাধান প্রয়োজন।
তাঁর মতে, কোনো বিশেষ ব্যক্তিকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে—এমন ধারণা তৈরি হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা এবং আইনের শাসনের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মীরাও গৃহবন্দিত্বের বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন। কোন ধরনের অপরাধে দণ্ডিত ব্যক্তিরা এই সুবিধা পাবেন, কারা যোগ্য বিবেচিত হবেন এবং কী প্রক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হবে—তা নির্ধারণের ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।
মানবাধিকার সংগঠন পুসাত কোমাসের পরিচালক জেরাল্ড জোসেফের বক্তব্য, দুর্নীতির দায়ে দণ্ডিত কাউকে বাড়িতে থাকার সুযোগ দিয়ে একই ধরনের অপরাধে দণ্ডিত অন্যদের কারাগারে আটকে রাখা হলে সমতার প্রশ্ন উঠবেই।
নাজিবের গৃহবন্দিত্ব তাই শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর সাজা ভোগের পদ্ধতি পরিবর্তনের ঘটনা নয়; মালয়েশিয়ায় ক্ষমার সাংবিধানিক অধিকার, বিচারব্যবস্থার স্বচ্ছতা এবং আইনের সমান প্রয়োগ নিয়েও নতুন বিতর্ক তৈরি করেছে।












