বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ওষুধের বাজার চীনে ওজন কমানোর নতুন ওষুধের প্রতিযোগিতায় এগিয়ে গেল যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলি লিলি। দেশটিতে প্রথমবারের মতো জিএলপি-১ শ্রেণির ওজন কমানোর ট্যাবলেট বাজারজাত করার অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওরফরগ্লিপ্রন নামের ওষুধটির অনুমোদন দেওয়া হয়।
এ অনুমোদনের ফলে ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান নোভো নরডিস্কের তুলনায় চীনের বাজারে বাড়তি সুবিধা পেল এলি লিলি। এত দিন দেশটিতে ওজন কমানোর জন্য জিএলপি-১ শ্রেণির ওষুধ কেবল ইনজেকশন আকারেই পাওয়া যেত। নতুন ট্যাবলেট সেই বাজারে বিকল্প চিকিৎসার সুযোগ তৈরি করবে।
ইনজেকশনের বিকল্প হিসেবে ট্যাবলেট
ওরফরগ্লিপ্রন মূলত ক্ষুধা নিয়ন্ত্রণ এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কাজ করে। জিএলপি-১ শ্রেণির ওষুধ শরীরের অন্ত্রজাত একটি হরমোনের কার্যক্রম অনুকরণ করে। এর ফলে ক্ষুধা কমে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়তা পাওয়া যায়।
এলি লিলির নতুন ট্যাবলেটটি চীনের বাজারে প্রতিষ্ঠানটির নিজস্ব সপ্তাহে একবার ব্যবহারযোগ্য ওজন কমানোর ইনজেকশনের সঙ্গে প্রতিযোগিতা করবে। পাশাপাশি নোভো নরডিস্ক, ফাইজার এবং চীনের স্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনোভেন্ট বায়োলজিকসের তৈরি একই শ্রেণির ইনজেকশনও এর প্রতিদ্বন্দ্বী হবে।
বিশেষজ্ঞদের ধারণা, যারা ইনজেকশন নিতে অনাগ্রহী, তাদের কাছে মুখে খাওয়ার ওষুধ বেশি গ্রহণযোগ্য হতে পারে। এ কারণে ওজন কমানোর চিকিৎসায় ট্যাবলেটের বাজার দ্রুত সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নোভো নরডিস্কও তাদের ওয়েগোভি ট্যাবলেট চীনে বিক্রির অনুমোদন চেয়ে আবেদন করেছে। যুক্তরাষ্ট্রে চলতি বছরের জানুয়ারিতে ওয়েগোভি ট্যাবলেট বাজারে আসার পর স্থূলতা চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধের ব্যবহার বেড়েছে। প্রতিষ্ঠানটির সেপ্টেম্বরের উপস্থাপনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে স্থূলতা চিকিৎসার মোট ব্যবস্থাপত্রের প্রায় এক-তৃতীয়াংশ এখন মুখে খাওয়ার ওষুধের জন্য দেওয়া হচ্ছে।
চীনে বাড়ছে স্থূলতার বাজার
চীনে অতিরিক্ত ওজন ও স্থূলতায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তে থাকায় এ ধরনের ওষুধের বাজারেও বড় সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের মোট জনসংখ্যার ৬৫ শতাংশের বেশি অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত হতে পারেন। ২০২০ সালে এ হার ছিল প্রায় ৫০ শতাংশ।
বিনিয়োগ প্রতিষ্ঠান জেপি মরগানের চীনবিষয়ক স্বাস্থ্য খাতের গবেষণা বিভাগের প্রধান ইয়াং হুয়াংয়ের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে চীনে ওজন নিয়ন্ত্রণে জিএলপি-১ শ্রেণির ওষুধের বার্ষিক বিক্রি ৩০ বিলিয়ন ইউয়ানে পৌঁছাতে পারে। ডলারের হিসাবে যার পরিমাণ প্রায় ৪৫০ কোটি। বর্তমানে এ বাজারের আকার আনুমানিক ৩০০ কোটি থেকে ৪০০ কোটি ইউয়ান।
দাম ও বাজারজাতের সময় নিয়ে অনিশ্চয়তা
চীনে ওরফরগ্লিপ্রনের দাম কত হবে এবং কবে থেকে এটি বাজারে পাওয়া যাবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি এলি লিলি। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে জানতে চাওয়া হলেও তারা তখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
তবে অনুমোদনের দিনই চীনের ই-কমার্স প্রতিষ্ঠান জেডি ডটকমের একটি মোবাইল অ্যাপে ওষুধটির প্রচারণার মতো একটি বিজ্ঞাপন দেখা যায়। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চীনে ওরফরগ্লিপ্রনের অনুমোদন শুধু এলি লিলির জন্য নতুন বাজারের সুযোগ তৈরি করেনি, বরং স্থূলতা চিকিৎসায় ইনজেকশননির্ভর ব্যবস্থার পাশাপাশি মুখে খাওয়ার ওষুধের প্রতিযোগিতাও বাড়িয়ে দিয়েছে।












