চীনের আয়োজনে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে সমান মর্যাদার ভিত্তিতে অংশ নিচ্ছে তাইওয়ান। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তে। তবে সম্মেলনে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হলে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানানো হবে বলেও সতর্ক করেছে তাইপে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাইপেতে প্রেসিডেন্টের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন লাই চিং-তে। এ সময় আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনঝেনে অনুষ্ঠেয় এপেক নেতাদের সম্মেলনে তাইওয়ানের প্রতিনিধি হিসেবে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসারের প্রতিষ্ঠাতা স্ট্যান শিহের নাম ঘোষণা করা হয়।
লাই বলেন, এপেক এ অঞ্চলের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় প্ল্যাটফর্ম। এখানে সব সদস্য সমান মর্যাদার ভিত্তিতে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। তাইওয়ানও সেই নীতির ভিত্তিতেই এবারের সম্মেলনে অংশ নিচ্ছে।
অংশগ্রহণ নিয়ে চীনের সঙ্গে টানাপোড়েন
তাইওয়ানের আন্তর্জাতিক অংশগ্রহণের বিষয়টি দীর্ঘদিন ধরেই চীন ও তাইপের মধ্যে বিরোধের কারণ। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। অন্যদিকে তাইওয়ান নিজেদের স্বশাসিত রাজনৈতিক সত্তা হিসেবে পরিচালনা করে এবং বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে।
এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এমন কয়েকটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের একটি, যেখানে তাইওয়ানের অংশগ্রহণের সুযোগ রয়েছে। তবে চীন এবারের সম্মেলনের আয়োজক হওয়ায় তাইওয়ানের অংশগ্রহণের শর্ত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছিল।
সম্মেলনের প্রস্তুতির সময় বেইজিংয়ের কাছ থেকে লিখিত নিশ্চয়তা চেয়েছিল তাইওয়ান সরকার। তাদের দাবি, কোনো সদস্যের অংশগ্রহণের শর্ত নির্ধারণে একতরফা রাজনৈতিক শর্ত আরোপ করা উচিত নয়।
তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র কারেন কুও বলেন, সম্মেলনে তাইওয়ানের প্রতিনিধিদের সঙ্গে অন্যায্য আচরণ করা হলে তাৎক্ষণিকভাবে সংশোধনের দাবি জানানো হবে। কোনো সদস্য যেন একতরফা রাজনৈতিক শর্ত দিয়ে অন্য সদস্যের অংশগ্রহণের অধিকার বা নিয়মে হস্তক্ষেপ করতে না পারে, সেটিই তাদের প্রত্যাশা।
চীনের অবস্থান এক চীন নীতিতে
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এপেকে তাইওয়ান অঞ্চলের অংশগ্রহণ এক চীন নীতি এবং সংশ্লিষ্ট সমঝোতা স্মারকের নিয়ম ও প্রচলিত রীতি অনুযায়ী পরিচালিত হবে।
মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, এসব নিয়ম ও রীতি অনুসরণ করা হলে তাইওয়ানের প্রতিনিধিরা স্বাভাবিকভাবেই সম্মেলনে অংশ নিতে পারবেন।

তবে চীন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে। বেইজিং তাঁকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যা দেয়। একই সময়ে তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক তৎপরতাও নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।
সম্মেলনে তাইওয়ানের বার্তা
এবারের সম্মেলনে স্ট্যান শিহের মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে চান প্রেসিডেন্ট লাই। তাঁর মতে, ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি সংকট এবং সরবরাহব্যবস্থার পুনর্গঠনের কারণে বৈশ্বিক অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে তাইওয়ান একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভূমিকা অব্যাহত রাখতে চায়।
তিনি বলেন, আঞ্চলিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও যোগাযোগ আরও গভীর করবে তাইওয়ান।
তাইওয়ান সাধারণত এপেক সম্মেলনে সাবেক সরকারি কর্মকর্তা কিংবা ব্যবসায়ী নেতাদের প্রতিনিধি হিসেবে পাঠায়। এর মাধ্যমে রাজনৈতিক জটিলতা এড়িয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের মতো বন্ধুত্বপূর্ণ দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়।
এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। চলতি বছরে এটি হবে দুই নেতার তৃতীয় বৈঠক।
এর আগে বিভিন্ন এপেক সম্মেলনে তাইওয়ানের প্রতিনিধিদের সঙ্গে শি জিনপিংয়ের সাক্ষাৎ হয়েছে। তবে সেসব যোগাযোগ সাধারণত করমর্দন বা সৌজন্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল।












