রাশিয়ার সামরিক আগ্রাসন, ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়িত্ব এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাটো জোটের প্রতি অনিশ্চিত অবস্থান—সব মিলিয়ে ইউরোপের নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। কয়েক দশক ধরে নিজেদের প্রতিরক্ষার বড় অংশ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে আসা ইউরোপীয় দেশগুলো এখন নজিরবিহীন গতিতে সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, অস্ত্র উৎপাদন সম্প্রসারণ, পারমাণবিক প্রতিরোধক্ষমতা জোরদার এবং যৌথ সামরিক সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ইউরোপীয় প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে।
কিন্তু এই সামরিক পুনর্গঠনের মধ্যেই ইউরোপের রাজনৈতিক মানচিত্রে আরেকটি পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। ফ্রান্স ও জার্মানিসহ কয়েকটি দেশে কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা বাড়ছে। এসব দলের অনেকেই ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর সম্মিলিত অবস্থানের বিষয়ে সংশয়ী। কেউ কেউ ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার বিরোধিতা করছে, আবার কেউ রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পক্ষে কথা বলছে।
এ পরিস্থিতিতে ইউরোপের নীতিনির্ধারকদের সামনে নতুন প্রশ্ন দেখা দিয়েছে—যে সামরিক শক্তি গড়ে তোলা হচ্ছে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে এবং ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে, ভবিষ্যতে সেই শক্তি যদি এমন কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে যায়, যারা ইউরোপীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বিরোধী, তাহলে কী হবে?
ব্রাসেলস, লন্ডন, প্যারিস ও ওয়ারশর কর্মকর্তাদের মধ্যে সাম্প্রতিক সময়ে এ ধরনের উদ্বেগ বাড়ছে। তাঁদের আশঙ্কা, ইউরোপ অস্ত্রসজ্জায় যত বেশি অগ্রসর হবে, রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়লে সেই সামরিক শক্তি তত বেশি ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি ছিল যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি। ন্যাটো জোটের মাধ্যমে ওয়াশিংটন ইউরোপীয় মিত্রদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে এসেছে। সোভিয়েত ইউনিয়নের সময় থেকে শুরু করে বর্তমান রাশিয়ার সামরিক হুমকি মোকাবিলায় এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কিন্তু সাম্প্রতিক কয়েকটি ঘটনা ইউরোপকে নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আক্রমণ ইউরোপের নিরাপত্তা ধারণাকে বড় ধাক্কা দেয়। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ন্যাটো নীতি ও ইউরোপের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশেষ করে ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর দাবি জানিয়ে আসছে। ওয়াশিংটনের যুক্তি, ইউরোপের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রকে এককভাবে বিপুল অর্থ ব্যয় করতে হবে—এমন পরিস্থিতি আর গ্রহণযোগ্য নয়। ইউরোপীয় দেশগুলোকেও নিজেদের প্রতিরক্ষার দায়িত্বের বড় অংশ নিতে হবে।
এই প্রেক্ষাপটে গত বছর ইউরোপীয় ন্যাটো সদস্যরা ২০৩৫ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা ও প্রতিরক্ষাসংশ্লিষ্ট বিনিয়োগে ব্যয়ের অঙ্গীকার করেছে। এর আগে ন্যাটোর প্রচলিত লক্ষ্যমাত্রা ছিল জিডিপির ২ শতাংশ।
ইতিমধ্যে পোল্যান্ড প্রতিরক্ষা খাতে জিডিপির ৪ শতাংশের বেশি ব্যয় করছে। বাল্টিক অঞ্চলের দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় ৩ দশমিক ৪ থেকে ৪ শতাংশের মধ্যে। যুক্তরাজ্য ২০৩০ সালের মধ্যে এ খাতে ব্যয় জিডিপির ৩ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে।
ফ্রান্সও সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিজেদের পারমাণবিক প্রতিরোধব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে। বর্তমানে দেশটির প্রতিরক্ষা ব্যয় জিডিপির প্রায় ২ শতাংশ।
অন্যদিকে, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি সামরিক পুনর্গঠনে সবচেয়ে বড় ভূমিকা নিতে যাচ্ছে। দেশটি বর্তমানে ইউরোপের সর্বোচ্চ সামরিক ব্যয়কারী। ২০২৯ সালের মধ্যে জার্মানি যে পরিমাণ অর্থ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে চায়, তা বর্তমানে ফ্রান্স ও যুক্তরাজ্যের সম্মিলিত প্রতিরক্ষা ব্যয়ের সমপরিমাণ হতে পারে।
এই পরিবর্তনকে একদিকে ইউরোপের নিরাপত্তার জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানো গেলে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের প্রতিরোধক্ষমতা শক্তিশালী হবে। তবে সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি সেই শক্তির রাজনৈতিক নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, সেটিই এখন বড় উদ্বেগের বিষয় হয়ে উঠছে।
ফ্রান্সের নির্বাচনে মেরিন লে পেনকে ঘিরে উদ্বেগ
ইউরোপের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে তাৎক্ষণিক উদ্বেগ তৈরি হয়েছে ফ্রান্সকে ঘিরে। দেশটিতে আগামী এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সাম্প্রতিক জনমত জরিপে কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালি দলের প্রার্থী মেরিন লে পেন প্রথম দফার নির্বাচনে ৩৫ থেকে ৩৭ শতাংশ ভোট পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
লে পেনের রাজনৈতিক অবস্থান ইউরোপের প্রচলিত নিরাপত্তানীতির সঙ্গে অনেক ক্ষেত্রেই সাংঘর্ষিক। তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতি সংশয়বাদী এবং ইউক্রেনকে আর্থিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেছেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ শেষ হলে ফ্রান্সকে ন্যাটোর সমন্বিত সামরিক কমান্ড কাঠামো থেকেও সরিয়ে নেওয়া হতে পারে।
ফ্রান্সের সামরিক ও কূটনৈতিক অবস্থান ইউরোপের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি শুধু ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান সামরিক শক্তিই নয়, বরং নিজস্ব পারমাণবিক অস্ত্রের অধিকারী। ফলে ইউরোপের প্রতিরক্ষা পরিকল্পনায় ফ্রান্সের ভূমিকা অন্য অনেক দেশের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ।
গত মার্চে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ইউরোপের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়ে রাশিয়ার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেন। তাঁর পরিকল্পনায় ফ্রান্সের পারমাণবিক সক্ষমতাকে ইউরোপের বৃহত্তর নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনার সুযোগ রয়েছে। তিনি এই কৌশলকে ‘ফরোয়ার্ড ডিটারেন্স’ বা অগ্রবর্তী প্রতিরোধ হিসেবে অভিহিত করেছেন।
কিন্তু লে পেন এই উদ্যোগের সমালোচনা করে একে রাজনৈতিক প্রচারণার কৌশল হিসেবে বর্ণনা করেছেন।
এখানেই ইউরোপের উদ্বেগের জায়গা। ভবিষ্যতে রাশিয়া যদি ন্যাটোর পূর্বাঞ্চলীয় সদস্যদেশগুলোর বিরুদ্ধে সামরিক বা অন্য কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, বিশেষ করে বাল্টিক অঞ্চলের দেশগুলোকে লক্ষ্য করে কোনো সংকট তৈরি করে, তাহলে ফ্রান্সের ভূমিকা কী হবে?
ন্যাটোর নিরাপত্তাব্যবস্থায় ফ্রান্সের সক্রিয় অংশগ্রহণ এবং ইউরোপীয় প্রতিরক্ষায় নেতৃত্ব দেওয়ার বিষয়টি তখন অনিশ্চিত হয়ে পড়তে পারে। ন্যাশনাল র্যালি ক্ষমতায় এলে ফ্রান্স ইউরোপের সম্মিলিত প্রতিরক্ষার নেতৃত্ব দিতে কতটা আগ্রহী থাকবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
জার্মানির এএফডি উত্থান আরও বড় দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ
ফ্রান্সের রাজনৈতিক পরিস্থিতি ইউরোপের জন্য তাৎক্ষণিক উদ্বেগ তৈরি করলেও দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় শঙ্কা জার্মানিকে ঘিরে। দেশটির কট্টর ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে।
দলটি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতি সংশয়ী। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞারও বিরোধিতা করে তারা। এএফডির দাবি, এসব নিষেধাজ্ঞা রাশিয়ার চেয়ে জার্মানির অর্থনীতির বেশি ক্ষতি করছে। একই সঙ্গে দলটি রাশিয়া থেকে গ্যাস আমদানি পুনরায় চালুর পক্ষে।
গত মাসে দলটির নেতা অ্যালিস ভাইডেল এক সংবাদ সম্মেলনে বলেন, জার্মানির এমন একটি টেকসই, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি উৎস প্রয়োজন, যা গত চার দশক ধরে রাশিয়া সরবরাহ করে আসছিল। তাঁর অভিযোগ, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জার্মানির প্রচলিত ব্যবসায়িক কাঠামো ধ্বংস করেছে।
জার্মানির অর্থনীতি দীর্ঘদিন ধরে তুলনামূলক সস্তা রুশ জ্বালানির ওপর নির্ভরশীল ছিল। শিল্প উৎপাদন, রাসায়নিক খাত ও ভারী শিল্পে এই জ্বালানির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি এবং জ্বালানি সরবরাহের কাঠামো পরিবর্তনের ফলে জার্মানির অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, এএফডি সেটিকে তাদের রাজনৈতিক বক্তব্যের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে ব্যবহার করছে।
জাতীয় পর্যায়ে দলটির ক্ষমতায় আসার সম্ভাবনা এখনো নিশ্চিত নয়। তবে জনসমর্থনের দিক থেকে দলটি ইতিমধ্যে বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। জাতীয় জনমত জরিপে তাদের সমর্থন প্রায় ২৮ শতাংশ, যা চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটদের চেয়েও বেশি।
গত সেপ্টেম্বরে পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের নির্বাচনে এএফডি বড় ব্যবধানে জয় পেয়েছে। এর মধ্য দিয়ে দলটি শুধু প্রতিবাদী রাজনৈতিক শক্তি হিসেবে নয়, বরং আঞ্চলিক ক্ষমতার গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবেও নিজেদের অবস্থান শক্ত করেছে।
জার্মানির মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা রয়েছে। এই সমঝোতা অনুযায়ী, উগ্রপন্থী হিসেবে বিবেচিত দলগুলোর সঙ্গে তারা সরকার গঠন বা রাজনৈতিক সহযোগিতা করবে না। জার্মান রাজনীতিতে এই ব্যবস্থা ‘ফায়ারওয়াল’ নামে পরিচিত। এর মাধ্যমে এএফডিকে জাতীয় ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে।
তবে দলটির ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে সেই রাজনৈতিক বাধা এখন চাপের মুখে। ভবিষ্যতে এই সমঝোতা কতটা কার্যকর থাকবে, তা নিয়ে সংশয় বাড়ছে।
পুনরায় সশস্ত্র জার্মানি কি প্রতিবেশীদের জন্য নতুন উদ্বেগ হবে?
জার্মানির সামরিক পুনর্গঠন নিয়ে ইউরোপের উদ্বেগের একটি ঐতিহাসিক ভিত্তিও রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় দেশগুলো জার্মানির সামরিক ও রাজনৈতিক শক্তিকে একটি বৃহত্তর সহযোগিতামূলক কাঠামোর মধ্যে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছিল। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে জার্মানির অন্তর্ভুক্তি সেই কৌশলের গুরুত্বপূর্ণ অংশ।
এর ফলে জার্মানি অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও তার সামরিক ও রাজনৈতিক ক্ষমতা ইউরোপের সম্মিলিত কাঠামোর সঙ্গে যুক্ত ছিল। প্রতিবেশী দেশগুলোর মধ্যে জার্মান আধিপত্য ফিরে আসার আশঙ্কা কমাতে এই ব্যবস্থার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
কিন্তু এখন জার্মানি যখন দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে, তখন দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি হচ্ছে।
পরবর্তী জাতীয় নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠিত হওয়ার কথা। সেই নির্বাচনে এএফডি ক্ষমতায় না এলেও দলটির জনপ্রিয়তা আরও বাড়তে পারে। ধারণা করা হচ্ছে, ২০৩০-এর দশকের মাঝামাঝি সময়ে দলটি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারে। অথচ একই সময়ে জার্মানির সামরিক পুনর্গঠনও প্রায় সম্পন্ন হওয়ার কথা।
এই দুই প্রবণতা একসঙ্গে ঘটলে ইউরোপের নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। একটি শক্তিশালী সামরিক বাহিনী, বিপুল প্রতিরক্ষা বাজেট এবং ইউরোপের বৃহত্তম অর্থনীতির নিয়ন্ত্রণ যদি এমন একটি রাজনৈতিক দলের হাতে যায়, যারা ইউরোপীয় সহযোগিতা ও রাশিয়ার বিরুদ্ধে সম্মিলিত অবস্থানের বিরোধিতা করে, তাহলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।
এমন একটি সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভিন্ন নীতি গ্রহণ করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন প্রতিরক্ষানীতি দুর্বল হতে পারে। এমনকি সামরিক শক্তিকে সম্মিলিত নিরাপত্তার পরিবর্তে জাতীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অস্ত্রসজ্জাকে রাজনৈতিক পরিবর্তনের ঝুঁকি থেকে কীভাবে সুরক্ষিত রাখবে ইউরোপ?
ইউরোপের পুনরায় অস্ত্রসজ্জাকে রাজনৈতিকভাবে পুরোপুরি ঝুঁকিমুক্ত করা সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে। কোনো দেশে কট্টর ডানপন্থী দল ক্ষমতায় এলে তারা চাইলে প্রতিবেশীদের সঙ্গে সামরিক সহযোগিতা সীমিত করতে পারে, ইউক্রেনকে সহায়তা বন্ধ করতে পারে কিংবা ইউরোপের অভিন্ন প্রতিরক্ষানীতির বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে।
তবে ইউরোপীয় দেশগুলোর মধ্যে এমন একটি কাঠামো গড়ে তোলা সম্ভব, যাতে কোনো একটি দেশের সরকার এককভাবে সহযোগিতা থেকে সরে আসতে চাইলে তার অর্থনৈতিক, শিল্প ও সামরিক মূল্য অনেক বেশি হয়।
এ জন্য প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক নির্ভরতা বাড়ানোর প্রস্তাব সামনে এসেছে। ইউরোপের দেশগুলো যদি যৌথভাবে অস্ত্র উৎপাদন, সামরিক সরঞ্জাম কেনা, প্রযুক্তি উন্নয়ন এবং সরবরাহব্যবস্থা পরিচালনা করে, তাহলে কোনো একটি দেশের পক্ষে পুরো ব্যবস্থাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কঠিন হবে।
যৌথ সামরিক অর্থায়নও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য চালু হওয়া সেফ কর্মসূচিকে এ ধরনের সহযোগিতার প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই কর্মসূচির আওতায় ইউরোপীয় দেশগুলো যৌথভাবে সামরিক সরঞ্জাম কেনার জন্য ইউরোপীয় ইউনিয়ন-সমর্থিত ঋণ সুবিধা পেতে পারে।
এর পাশাপাশি ইউরোপীয় সামরিক বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, দীর্ঘমেয়াদি উৎপাদন চুক্তি করা এবং অভিন্ন সরবরাহব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ধরনের ব্যবস্থা শুধু অস্ত্র কেনার খরচ কমাবে না, বরং ইউরোপের দেশগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্কও তৈরি করবে। কোনো সরকার যদি প্রতিবেশী দেশের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধ করতে চায়, তাহলে তার নিজস্ব প্রতিরক্ষা শিল্প, উৎপাদন ও সরবরাহব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই ধারণার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠার ইতিহাসের মিল রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কয়লা ও ইস্পাত শিল্পকে একটি যৌথ কাঠামোর মধ্যে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ শিল্প খাতে দেশগুলোর পারস্পরিক নির্ভরতা তৈরি করা, যাতে ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনা কমে আসে। সেই ইউরোপীয় কয়লা ও ইস্পাত সম্প্রদায় থেকেই পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি তৈরি হয়।
যুক্তরাষ্ট্রের কৌশল কি ইউরোপের বিভক্তি বাড়াচ্ছে?
ইউরোপের সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওয়াশিংটন চায়, ইউরোপ নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরও বেশি করে গ্রহণ করুক। কিন্তু শুধু প্রতিরক্ষা বাজেট বাড়ালেই সেই লক্ষ্য অর্জিত হবে না। ইউরোপীয় দেশগুলোর মধ্যে আস্থা, সমন্বয় ও রাজনৈতিক ঐক্যও বজায় রাখতে হবে।
এখানেই ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। যুক্তরাষ্ট্রের ২০২৫ সালের জাতীয় নিরাপত্তা কৌশলে ইউরোপের ‘দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর’ উত্থানকে ইতিবাচকভাবে দেখার প্রবণতা রয়েছে। কিন্তু ইউরোপের এসব কট্টর ডানপন্থী দলের অনেকেই জাতীয় স্বার্থকে প্রতিবেশী দেশগুলোর স্বার্থের বিপরীতে দাঁড় করায়।
ফলে তাদের উত্থান ইউরোপের দেশগুলোর মধ্যে সহযোগিতার পরিবর্তে প্রতিযোগিতা, অবিশ্বাস ও বিভাজন বাড়াতে পারে। অথচ যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তার দায়িত্ব ইউরোপের হাতে তুলে দেওয়ার জন্য যে ঐক্য প্রয়োজন, তা দুর্বল হয়ে পড়বে।
ইউরোপের নিরাপত্তা কাঠামো মূলত তিনটি গুরুত্বপূর্ণ ভিত্তির ওপর দাঁড়িয়ে ছিল।
প্রথমত, ন্যাটোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা। দ্বিতীয়ত, ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রে থাকা ফ্রান্স ও জার্মানির দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতা। তৃতীয়ত, জার্মানিকে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কাঠামোর মধ্যে যুক্ত রাখা, যাতে দেশটির অর্থনৈতিক ও সামরিক শক্তি ইউরোপের সম্মিলিত স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।
এই তিনটি ভিত্তির যেকোনো একটি দুর্বল হলে ইউরোপের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সঙ্গে যদি ফ্রান্সের ইউরোপীয় প্রতিরক্ষায় নেতৃত্ব দেওয়ার আগ্রহ কমে যায় এবং জার্মানিতে এএফডির মতো দলের প্রভাব বাড়ে, তাহলে ইউরোপের নিরাপত্তাব্যবস্থার বাকি ভিত্তিগুলোও দুর্বল হয়ে পড়তে পারে।
শক্তিশালী সামরিক বাহিনীই কি ইউরোপের নিরাপত্তার নিশ্চয়তা?
ইউরোপের সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে রাশিয়ার সামরিক হুমকি মোকাবিলা করতে হবে, অন্যদিকে নিজেদের রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে। শুধু বিপুল অর্থ ব্যয় করে অস্ত্র কেনা, সামরিক বাহিনী সম্প্রসারণ কিংবা পারমাণবিক প্রতিরোধক্ষমতা বাড়ানোই দীর্ঘমেয়াদি নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না।
কারণ, সামরিক শক্তির কার্যকারিতা নির্ভর করে সেই শক্তি ব্যবহারের রাজনৈতিক উদ্দেশ্য, কৌশলগত সমন্বয় এবং মিত্রদেশগুলোর পারস্পরিক আস্থার ওপর। ইউরোপের দেশগুলো যদি নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে, তাহলে বাড়তি অস্ত্র ও সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও সম্মিলিতভাবে কোনো সংকট মোকাবিলা করা কঠিন হবে।
বিশেষ করে ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলোর রাজনৈতিক অবস্থান ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ দুটি ঐতিহাসিকভাবে ইউরোপীয় ঐক্যের প্রধান চালিকাশক্তি। তাদের মধ্যে রাজনৈতিক দূরত্ব তৈরি হলে পুরো ইউরোপীয় কাঠামোই দুর্বল হয়ে পড়তে পারে।
তাই ইউরোপের পুনরায় অস্ত্রসজ্জার সাফল্য নির্ভর করবে শুধু কত দ্রুত সামরিক শক্তি বাড়ানো যাচ্ছে, তার ওপর নয়; বরং সেই শক্তিকে কতটা কার্যকরভাবে একটি অভিন্ন রাজনৈতিক ও প্রতিরক্ষাকাঠামোর অধীনে রাখা যাচ্ছে, তার ওপরও।
ইউরোপ যদি সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক নির্ভরতা, রাজনৈতিক সহযোগিতা এবং সম্মিলিত নিরাপত্তার ভিত্তি শক্তিশালী করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়েও নিজেদের সুরক্ষা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে। অন্যথায়, কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক পুনর্গঠনের পরও ইউরোপ এমন এক পরিস্থিতিতে পড়তে পারে, যেখানে অস্ত্র থাকবে, সামরিক সক্ষমতা থাকবে, কিন্তু সেই শক্তিকে কোন অভিন্ন লক্ষ্যে ব্যবহার করা হবে, সে বিষয়ে ঐকমত্য থাকবে না।












