ধানের মাঠে সোনালি ফসল পাকতে শুরু করেছে। আর কয়েক দিনের মধ্যেই নওগাঁর বিভিন্ন এলাকায় পুরোদমে শুরু হবে আমন ধান কাটা ও মাড়াই। গ্রামাঞ্চলে চলছে নবান্নের প্রস্তুতি। কিন্তু নতুন ধান ঘরে তোলার আনন্দের বদলে কৃষকদের মনে এখন দুশ্চিন্তা—উৎপাদন খরচ উঠবে তো? ফসল বিক্রি করে ঋণ শোধের পাশাপাশি কিছু লাভের মুখ দেখা যাবে কি না, সেই হিসাবই মিলছে না তাঁদের।
নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগডোব গ্রামের কৃষক রেজাউল ইসলাম এবার দুই বিঘা জমিতে স্বর্ণা-৫ জাতের আমন ধানের আবাদ করেছেন। ধান কাটতে এখনো কয়েক দিন বাকি। তবে মাঠে দাঁড়িয়েই তিনি বুঝতে পারছেন, এবার লাভের সম্ভাবনা কম।
পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে কয়েক দফা কীটনাশক প্রয়োগে তাঁর খরচ হয়েছে ছয় হাজার টাকা। সেচে ব্যয় হয়েছে আরও ১০ হাজার টাকা। ধান কাটা ও মাড়াইয়ে লাগবে প্রায় আট হাজার টাকা। এর বাইরে রয়েছে সার, বীজ, জমি চাষ ও অন্যান্য উপকরণের খরচ।
রেজাউল ইসলামের হিসাবে, জমি প্রস্তুত থেকে ধান কাটা-মাড়াই পর্যন্ত প্রতি বিঘায় উৎপাদন ব্যয় প্রায় ১৫ হাজার টাকা। অথচ ফলন হতে পারে ২০ থেকে ২৫ মণ। এর মধ্যে সরকার আমন মৌসুমে ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করেছে প্রতি কেজি ৩৫ টাকা, যা গত বোরো মৌসুমের সংগ্রহমূল্যের চেয়ে এক টাকা কম।
পোকামাকড় ও সেচে বাড়তি ব্যয়
নওগাঁর বিভিন্ন উপজেলার আমন চাষিদের অভিযোগ, সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি—সব খাতেই খরচ বেড়েছে। বিশেষ করে পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়লেও কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বদলগাছী উপজেলার খলসী গ্রামের কৃষক বাবুল হোসেন এক বিঘা জমিতে ব্রিধান-৫১ জাতের আবাদ করেছেন। তাঁর জমির ধান ১০ দিনের মধ্যে কাটার উপযোগী হবে। তিনি জানান, পোকামাকড় দমনে কীটনাশক স্প্রে করতেই চার হাজার টাকা খরচ হয়েছে। সেচের ব্যয়ও বেড়েছে।
গত বোরো মৌসুমে সরকার প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে কিনেছিল। এবার আমনে সংগ্রহমূল্য ৩৭ টাকা নির্ধারণের প্রত্যাশা করেছিলেন বাবুল। কিন্তু দাম বাড়ানোর পরিবর্তে এক টাকা কমানো হয়েছে। তাঁর আশঙ্কা, উৎপাদন খরচের তুলনায় বিক্রির দাম কম থাকলে ঋণের বোঝা আরও বাড়বে।
আমনের খরচ বেশি, ফলন তুলনামূলক কম
মান্দা উপজেলার মোহাম্মদপুর গ্রামের কৃষক রাকিব হোসাইনের মতে, বোরো মৌসুমের তুলনায় আমনে ধান উৎপাদনের খরচ বেশি হলেও ফলন তুলনামূলক কম। এ বাস্তবতা বিবেচনায় না নিয়ে সংগ্রহমূল্য কমানোর সিদ্ধান্তে তিনি হতাশ।
তিনি জানান, চলতি বছর আউশ ধান প্রতি মণ ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি করে অনেক কৃষক লোকসানে পড়েছেন। এর মধ্যে আমনের দাম কম থাকলে তাঁদের আর্থিক সংকট আরও বাড়বে।
চলতি মৌসুমে নওগাঁয় এক লাখ ৯৬ হাজার ১৩০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। মাঠে ফসল ভালো দেখালেও উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের ব্যবধান নিয়ে কৃষকদের উদ্বেগ কাটছে না।
ধান ও চালের দরে সামঞ্জস্য চান মিল মালিকরা
সরকার চলতি আমন মৌসুমে প্রতি কেজি ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহের ঘোষণা দিয়েছে। তবে ধান ও চালের সংগ্রহমূল্যের মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন বলে মনে করছেন নওগাঁর চালকল মালিকরা।
জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম বাবু বলেন, সরকারি নির্ধারিত দরের সঙ্গে বাজারদরের সামঞ্জস্য না থাকলে মিলারদের জন্য ওই দামে চাল সরবরাহ করা কঠিন হয়ে পড়বে। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি সংগ্রহমূল্য ও লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করা প্রয়োজন। অন্যথায় কৃষক ও মিলার—উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হতে পারেন।
সংগ্রহমূল্য বাড়ানোর প্রস্তাব কার্যকর হয়নি
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল—বাসদের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কমরেড জয়নাল আবেদিন মুকুলের দাবি, মাঠপর্যায়ের উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে কৃষকদের অন্তত ৪০ শতাংশ মুনাফা নিশ্চিত করা উচিত। তাঁর মতে, ন্যায্যমূল্য নিশ্চিত না করে সংগ্রহমূল্য কমানো কৃষকদের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান জানান, চলতি মৌসুমে সেচের খরচ বেড়ে যাওয়ায় সরকারি গুদামে ধানের সংগ্রহমূল্য প্রতি কেজিতে এক টাকা বাড়ানোর বিষয়ে কৃষি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়ে মতামত দিয়েছিল। তবে সেই প্রস্তাব কার্যকর হয়নি।
অন্যদিকে, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানান, আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর আশা, জেলায় আবাদ ও ফলন ভালো হওয়ায় সরকার নির্ধারিত দামে ফসল বিক্রি করেও কৃষকেরা লাভবান হবেন।
তবে কৃষকদের আশঙ্কা, উৎপাদন খরচের সঙ্গে সংগ্রহমূল্যের সামঞ্জস্য না থাকলে ভালো ফলনও তাঁদের আর্থিক স্বস্তি দিতে পারবে না। ফসল ঘরে তোলার আগে তাই ন্যায্যমূল্য নিশ্চিত করাই এখন নওগাঁর আমন চাষিদের প্রধান দাবি।












