সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করেছে সরকার। এর ফলে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা একই হলো। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা-২০২৭’ সংশোধন করে এ সিদ্ধান্ত জানায়।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম হতে হবে। জাতীয় শিক্ষানীতি-২০১০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বয়সের এই শর্ত নির্ধারণ করা হয়েছে।
২০২৭ সালে যাদের ভর্তির সুযোগ
নীতিমালায় বলা হয়েছে, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরা ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
ভর্তির ক্ষেত্রে বয়স যাচাইয়ের জন্য আবেদনকারীদের অনলাইনে নিবন্ধিত জন্মসনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। জন্মনিবন্ধনের তথ্যের ভিত্তিতেই শিক্ষার্থীর বয়স যাচাই করা হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বয়সে ছাড়
সংশোধিত নীতিমালায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে অতিরিক্ত ছাড় রাখার সুযোগ রয়েছে। এ ধরনের শিক্ষার্থীরা নির্ধারিত বয়সসীমার বাইরে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ছাড় পেতে পারে।
সরকারি-বেসরকারি বিদ্যালয়ে বয়সের পার্থক্য দূর
এর আগে সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ছিল পাঁচ বছর। অন্যদিকে, বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য শিশুর বয়স কমপক্ষে ছয় বছর হতে হতো।
একই শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের বয়সের এই পার্থক্য অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছিল। এ পরিস্থিতিতে দুই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির বয়সসীমা সমান করতে সরকারি বিদ্যালয়ের ভর্তি নীতিমালা সংশোধন করেছে সরকার।
নতুন নিয়ম অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ছয় বছর পূর্ণ হওয়ার শর্ত কার্যকর হবে।












