দেশের বিভিন্ন শিল্পনগরীতে বর্তমানে ৩৮১টি শিল্পকারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে এ তথ্য জানানো হয়।
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন শ্যামপুর শিল্পাঞ্চলের কারখানার সংখ্যা, সেগুলোর বর্তমান অবস্থা এবং বন্ধ কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এর জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশের শিল্পকারখানার সামগ্রিক চিত্র তুলে ধরেন।
বিসিকের ৮৪ শিল্পনগরীতে ৬ হাজার ৩৪৪ কারখানা
শিল্পমন্ত্রী জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দেশের বিভিন্ন স্থানে শিল্পনগরী ও শিল্পপার্ক প্রতিষ্ঠা করে। এসব এলাকায় বেসরকারি উদ্যোক্তারা প্লট বরাদ্দ নিয়ে নিজেদের উদ্যোগে শিল্পকারখানা গড়ে তোলেন।
সারা দেশে বিসিকের প্রতিষ্ঠিত ৮৪টি শিল্পনগরীতে মোট ১১ হাজার ৭৪৮টি শিল্প প্লট রয়েছে। এসব প্লটে বেসরকারি উদ্যোক্তারা ৬ হাজার ৩৪৪টি শিল্পকারখানা স্থাপন করেছেন। এর মধ্যে বর্তমানে ৩৮১টি কারখানা বন্ধ রয়েছে।
শ্যামপুরের সব কারখানার তথ্য নেই বিসিকের কাছে
ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলের কারখানার সুনির্দিষ্ট সংখ্যা জানাতে গিয়ে শিল্পমন্ত্রী বলেন, বিসিকের শিল্পনগরীর বাইরে থাকা কারখানাগুলো সংস্থাটির আওতাভুক্ত নয়। ফলে শ্যামপুর শিল্পাঞ্চলে থাকা সব কারখানার পূর্ণাঙ্গ পরিসংখ্যান বিসিকের কাছে নেই।
তিনি আরও জানান, শ্যামপুর শিল্পাঞ্চলে শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) দুটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠান দুটি বন্ধ রয়েছে।
সংসদে দেওয়া তথ্যে দেশের বিসিক শিল্পনগরীগুলোর কারখানার সংখ্যা ও বন্ধ প্রতিষ্ঠানের অবস্থা উঠে এসেছে। তবে শ্যামপুর শিল্পাঞ্চলের সব বেসরকারি কারখানার সংখ্যা এবং সেগুলোর চালু-বন্ধ অবস্থার পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি।












