কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্ববাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনভিডিয়া এখন নতুন নেতৃত্বের সন্ধানে। তিন দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটিকে নেতৃত্ব দিয়ে বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি কোম্পানিতে পরিণত করেছেন সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক এবং চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ঘিরে তৈরি সংকটের মধ্যে তাঁর পদত্যাগের খবর সামনে এসেছে। বৃহস্পতিবার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানায়, তাৎক্ষণিকভাবে কার্যকর হবে তাঁর পদত্যাগ।
অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস। তবে দীর্ঘ মেয়াদে কে এই দায়িত্ব পালন করবেন, তা নিয়ে প্রযুক্তি ও বিনিয়োগ অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এনভিডিয়ার কয়েকজন শীর্ষ কর্মকর্তা ছাড়াও অ্যাপল ও আর্মের মতো প্রতিষ্ঠানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের নাম উঠে এসেছে।
অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেস
এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়া কোলেট ক্রেসের প্রযুক্তি খাতে কাজের অভিজ্ঞতা ৩০ বছরের বেশি। এর আগে তিনি সিসকো ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এনভিডিয়ার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। ভিডিও গেমের জন্য চিপ তৈরি করা প্রতিষ্ঠান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ উৎপাদনে বিশ্বের অন্যতম প্রভাবশালী কোম্পানিতে এনভিডিয়ার রূপান্তর প্রত্যক্ষ করেছেন ক্রেস।
জেনসেন হুয়াংয়ের সঙ্গে নিয়মিতভাবে কোম্পানির আর্থিক ফলাফল প্রকাশসংক্রান্ত আলোচনায় অংশ নেন তিনি। বিনিয়োগ প্রতিষ্ঠান ইটোরোর বিশ্লেষক জশ গিলবার্টের মতে, বাজারের কাছে ক্রেস একজন পরিচিত ও বিশ্বস্ত মুখ। বর্তমান পরিস্থিতিতে তাঁর এই গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ।
তবে স্থায়ীভাবে প্রধান নির্বাহীর দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। প্রযুক্তিগত নেতৃত্ব ধরে রাখতে এনভিডিয়া এমন কাউকে চাইতে পারে, যাঁর প্রকৌশল ও প্রযুক্তি উন্নয়নে সরাসরি অভিজ্ঞতা রয়েছে।
সহপ্রতিষ্ঠাতা ও প্রযুক্তিবিদদের সম্ভাবনা
সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় রয়েছেন এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ক্রিস মালাচোস্কি। জেনসেন হুয়াং ও কার্টিস প্রিয়েমের সঙ্গে তিনিও প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন। এনভিডিয়ার শীর্ষ নেতৃত্বে দীর্ঘ অভিজ্ঞতা এবং কম্পিউটিং প্রযুক্তি উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রকৌশলীদের মধ্য থেকে কাউকে প্রধান নির্বাহী করার সিদ্ধান্ত নিলে ইয়ান বাকের নামও বিবেচনায় আসতে পারে। এনভিডিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং ব্যবসার দায়িত্বে রয়েছেন তিনি। ভিডিও গেমের বাইরে গ্রাফিকস প্রসেসরের ব্যবহার জনপ্রিয় করে তোলার প্রাথমিক উদ্যোগগুলোর সঙ্গেও যুক্ত ছিলেন বাক।
বিনিয়োগ প্রতিষ্ঠান স্যাক্সোর বিনিয়োগ কৌশলবিদ চারু চানানার মতে, বাক এনভিডিয়ার প্রযুক্তিগত অগ্রগামিতা ধরে রাখতে পারবেন। তবে বৃহত্তর বাণিজ্যিক সম্পর্ক পরিচালনা এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে তাঁর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
এদিকে জেনসেন হুয়াংয়ের সন্তানরাও এনভিডিতে নির্বাহী পর্যায়ে কাজ করছেন। তবে বয়স ও অভিজ্ঞতার বিবেচনায় এখনই তাঁদের উত্তরসূরি হিসেবে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা সীমিত বলে মনে করা হচ্ছে।
অ্যাপল ও আর্ম থেকেও আসতে পারে নতুন নেতৃত্ব
প্রথম পর্যায়ে এনভিডিয়া নিজেদের প্রতিষ্ঠানের ভেতর থেকেই নতুন প্রধান নির্বাহী বেছে নিতে পারে। তবে স্থায়ী নিয়োগের ক্ষেত্রে বাইরের কাউকেও বিবেচনায় নেওয়া হতে পারে বলে মনে করছেন বিনিয়োগ ব্যবস্থাপক জুন বে লিউ।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী টিম কুক। বৈশ্বিক সরবরাহব্যবস্থা পরিচালনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এনভিডিয়ার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে বর্তমানে অ্যাপলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা কুক প্রতিষ্ঠানটি ছেড়ে আসতে আগ্রহী হবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
আরেক সম্ভাব্য প্রার্থী আর্ম হোল্ডিংসের প্রধান নির্বাহী রেনে হাস। যুক্তরাজ্যভিত্তিক চিপ প্রযুক্তি প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি অর্ধপরিবাহী শিল্প সম্পর্কেও তিনি ভালোভাবে পরিচিত।
তবে আর্ম ও এনভিডিয়ার ব্যবসায়িক মডেলে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। তাই একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অন্য প্রতিষ্ঠানে কতটা কাজে আসবে, সেটিও বিবেচনার বিষয়।
এনভিডিয়ার চিপ উৎপাদন ও সরবরাহব্যবস্থা বিশ্বজুড়ে বিস্তৃত। তাইওয়ানের টিএসএমসি এবং দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানের সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নতুন প্রধান নির্বাহীকে এসব আন্তর্জাতিক অংশীদারত্ব ধরে রাখার পাশাপাশি প্রযুক্তিগত অগ্রগতি ও ব্যবসায়িক কৌশল সমন্বয় করতে হবে।
জেনসেন হুয়াংয়ের বিদায়ে কী চ্যালেঞ্জে এনভিডিয়া?
বিনিয়োগ ব্যবস্থাপক জুন বে লিউ মনে করেন, হুয়াংয়ের বিদায় কেবল ব্যক্তিগত আচরণসংক্রান্ত বিতর্কের বিষয় নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে করপোরেট সুশাসন, জাতীয় নিরাপত্তা এবং বিশ্বের অন্যতম কৌশলগত প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্বের প্রতি আস্থা বজায় রাখার প্রশ্ন।
ইতিমধ্যে কয়েকটি বড় বিনিয়োগ প্রতিষ্ঠান এনভিডিয়া সম্পর্কে তাদের পূর্বাভাস কমিয়েছে। দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানিটি নিয়ে ইতিবাচক প্রত্যাশা থাকায় এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বার্নস্টেইন রিসার্চের জ্যেষ্ঠ বিশ্লেষক স্টেসি রাসগন বিনিয়োগকারীদের উদ্দেশে দেওয়া এক প্রতিবেদনে বলেন, এই বিতর্কের প্রকৃত প্রভাব সম্পর্কে এখনো পুরোপুরি ধারণা পাওয়া যায়নি। তিনি এনভিডিয়ার শেয়ারের সম্ভাব্য মূল্যলক্ষ্যমাত্রা অর্ধেক কমিয়ে দিয়েছেন এবং আপাতত কোম্পানিটির পরিস্থিতি পর্যবেক্ষণের পক্ষে অবস্থান নিয়েছেন।
কনস্টেলেশন রিসার্চের প্রধান নির্বাহী রে ওয়াংয়ের মতে, এই সংকট পুরো এআই শিল্পের চেয়ে এনভিডিয়ার জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ, প্রতিষ্ঠানটির সঙ্গে বিভিন্ন কোম্পানির অংশীদারত্ব ও বিনিয়োগের পেছনে জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং তাঁর প্রতি আস্থার বড় ভূমিকা রয়েছে।
এখন এনভিডিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু নতুন একজন প্রধান নির্বাহী নিয়োগ নয়; বরং এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করা, যিনি প্রযুক্তিগত দক্ষতা, ব্যবসায়িক কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে হুয়াংয়ের তৈরি করা অবস্থান ধরে রাখতে পারবেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে তাই এই নিয়োগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।












