ভারতের পাঞ্জাবে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে জনসংযোগ ও নির্বাচনী প্রচার শুরু করেছে বিরোধী দল কংগ্রেস। ‘পাঞ্জাব মাঙ্গদা ইনসাফ’ বা ‘পাঞ্জাব ন্যায়বিচার চায়’ শীর্ষক এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের মাদক, অপরাধ, দুর্নীতি এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির বিরুদ্ধে সম্মিলিত আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে দলটি। তবে কংগ্রেসের এই কর্মসূচি নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির দাবি, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার ঘটনায় কংগ্রেসের নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগের নিষ্পত্তি এবং প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া ছাড়া পাঞ্জাবে ন্যায়বিচারের কথা বলার নৈতিক অধিকার কংগ্রেসের নেই।
বুধবার মোহালিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কংগ্রেসের এই জনসংযোগ অভিযান শুরু হয়। এতে অংশ নেন পাঞ্জাব বিধানসভার বিরোধীদলীয় নেতা প্রতাপ সিং বাজওয়া এবং পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পরগট সিং।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে মাদকের বিস্তার, অপরাধ, দুর্নীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে সাধারণ মানুষকে একত্র করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।
প্রতাপ সিং বাজওয়া বলেন, এই কর্মসূচি কেবল একটি রাজনৈতিক প্রচারাভিযান নয়; বরং পাঞ্জাবের অধিকার, মর্যাদা এবং উন্নত ভবিষ্যতের জন্য বৃহত্তর সংগ্রাম।
তিনি বলেন, পাঞ্জাবের সঙ্গে সংশ্লিষ্ট সব শ্রেণি-পেশার মানুষকে একত্র করবে কংগ্রেস। পাশাপাশি আম আদমি পার্টি (আপ) সরকারের কাছে বিভিন্ন বিষয়ে জবাবদিহি দাবি করা হবে। সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া পরামর্শের ভিত্তিতে ২০২৭ সালের জন্য রাজ্যের উন্নয়নের একটি পরিকল্পনাও তুলে ধরবে দলটি।
১৯৮৪ সালের দাঙ্গা নিয়ে কংগ্রেসকে আক্রমণ বিজেপির
কংগ্রেসের প্রচার কর্মসূচি শুরুর পরই দলটির বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। পাঞ্জাব বিজেপির প্রধান কেওয়াল সিং ধিল্লোঁ অভিযোগ করেন, কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ১৯৮৪ সালের জুনে পরিচালিত ‘অপারেশন ব্লু স্টার’ নিয়ে যেসব বক্তব্য এসেছে, সেগুলো কংগ্রেসের অতীতের দায় আড়াল করার একটি পরিকল্পিত রাজনৈতিক প্রচেষ্টা।
ধিল্লোঁ বলেন, ১৯৮৪ সালের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পূর্ণাঙ্গ বিচার না পাওয়া পর্যন্ত এবং কংগ্রেস প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত পাঞ্জাবে তাদের ‘ন্যায়বিচার যাত্রা’র অর্থ কী?
তিনি আরও অভিযোগ করেন, কয়েক দশক ধরে কংগ্রেসের বিভিন্ন সরকার শিখবিরোধী দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের সুরক্ষা দিয়েছে এবং তাঁদের দায়মুক্তি দিয়েছে।
ধিল্লোঁর দাবি, ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এ ঘটনায় একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, এর পরই দাঙ্গায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া এগিয়ে যায়।
আপ সরকারের বিরুদ্ধেও বিজেপির অভিযোগ
এদিকে পাঞ্জাবের ক্ষমতাসীন আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধেও দুর্নীতি, মাদক এবং অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলেছে বিজেপি।
রাজ্য বিজেপির সাবেক সভাপতি সুনীল জাখর বুধবার অভিযোগ করেন, আপ সরকার রাজ্যে মাদকের বিস্তার, গ্যাংস্টারদের তৎপরতা এবং দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
তাঁর দাবি, সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে গ্যাংস্টারদের তৎপরতাও দিন দিন বাড়ছে।
জাখর অভিযোগ করেন, পাঞ্জাবের মানুষের স্বার্থ রক্ষার পরিবর্তে রাজ্যের সম্পদ লুটপাট করতেই আপ সরকার বেশি সফল হয়েছে।












