যুদ্ধের ময়দানে শুধু অস্ত্র ও গোলাবারুদ নয়, প্রতিপক্ষের সম্পদ দখল করেও অর্থনৈতিক শক্তি অর্জন করা যায়। ইতিহাসে এই কৌশলের ব্যবহার নতুন নয়। তবে বিশ্বায়ন, আন্তর্জাতিক বিনিয়োগ এবং আন্তর্দেশীয় সম্পদের বিস্তারের ফলে আধুনিক সময়ে সম্পদ বাজেয়াপ্ত করা হয়ে উঠেছে ভূরাজনৈতিক সংঘাতের অন্যতম শক্তিশালী হাতিয়ার। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা, ইউক্রেন যুদ্ধের পর রুশ সম্পদ জব্দ এবং ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সেই প্রবণতাকে আবার সামনে এনেছে।
নিকোলাস মুলডার তাঁর নতুন বই দ্য এজ অব কনফিসকেশন-এ দেখিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতা, সম্পত্তির অধিকার এবং সম্পদ বাজেয়াপ্ত করার ইতিহাস পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। তাঁর বিশ্লেষণে স্পষ্ট, সম্পত্তির অধিকার রক্ষার জন্য শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা যেমন গড়ে উঠেছে, তেমনি প্রয়োজনের সময় সেই সম্পত্তি কেড়ে নেওয়ার ক্ষমতাও রাষ্ট্র নিজের হাতে রেখেছে।
প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সম্পদ দখল
প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে জার্মান সম্পদ বাজেয়াপ্ত করার দায়িত্ব পান এ মিচেল পামার। ১৯১৭ সালে যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দেওয়ার ছয় মাস পর তাঁকে এলিয়েন প্রপার্টি কাস্টডিয়ান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তাঁর দপ্তর যুক্তরাষ্ট্রে জার্মানি ও অস্ট্রিয়া-হাঙ্গেরির মালিকানাধীন কারখানা, শেয়ার, ভবন, পেটেন্টসহ বিভিন্ন সম্পদ জব্দ করতে শুরু করে। পরে এসব সম্পদের অনেকগুলো নিলামে বিক্রি করে যুদ্ধের ব্যয় মেটানো হয়।
যুদ্ধ শুরুর আগে বিদেশে বিনিয়োগের দিক থেকে যুক্তরাজ্য ও ফ্রান্সের পরই ছিল জার্মানির অবস্থান। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার সময় দেশটির বিদেশে থাকা মোট সম্পদের অর্ধেকেরও বেশি বাজেয়াপ্ত হয়ে যায়। বিংশ শতাব্দীতে জার্মানিই প্রথম দেশ, যার সম্পদ পৃথিবীর প্রতিটি মহাদেশে রাষ্ট্রীয়ভাবে দখল করা হয়েছিল।
ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সম্পদ জব্দ
এক শতাব্দীরও বেশি সময় পর একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলো রুশ সম্পদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
২০২৩ সালের মধ্যে রুশ ধনকুবেরদের প্রায় ৬০০০ কোটি ডলারের সম্পদ আটকে দেওয়া হয়। ফ্রান্সের সাঁ-ত্রোপের বিলাসবহুল বাড়ি থেকে ক্যারিবীয় অঞ্চলের প্রমোদতরি—বিভিন্ন ধরনের সম্পদ এই তালিকায় রয়েছে।
এর পাশাপাশি পশ্চিমা দেশগুলোতে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৩০ হাজার কোটি ডলারের রিজার্ভও জব্দ করা হয়। এর বড় অংশ বেলজিয়ামের আর্থিক প্রতিষ্ঠান ইউরোক্লিয়ারে সংরক্ষিত ছিল।
তবে এসব সম্পদ কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। কিছু বিলাসবহুল সম্পদ নিলামে বিক্রি করা হলেও ২০২৪ সালে ইউক্রেনের মিত্ররা রাশিয়ার জব্দ করা রিজার্ভ থেকে অর্জিত সুদের অর্থ ব্যবহার করে ইউক্রেনকে ৫০০০ কোটি ডলারের ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
কিন্তু মূল সম্পদ সরাসরি বাজেয়াপ্ত করার প্রশ্নে বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করে। বেলজিয়ামের আশঙ্কা, ইউরোক্লিয়ারে থাকা রুশ সম্পদ পুরোপুরি বাজেয়াপ্ত করা হলে ক্ষতিপূরণের দায় দেশটির মোট দেশজ উৎপাদনের এক-তৃতীয়াংশের সমান হতে পারে।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দও সতর্ক করে বলেছেন, রাশিয়ার সম্পদ কেড়ে নেওয়া হলে আন্তর্জাতিক আইনি ব্যবস্থার ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে।
সম্পত্তির অধিকার বনাম রাষ্ট্রীয় ক্ষমতা
মুলডারের বইয়ে দেখানো হয়েছে, সম্পত্তির অধিকার এবং রাষ্ট্রের বাজেয়াপ্ত করার ক্ষমতা ঐতিহাসিকভাবে পাশাপাশি বিকশিত হয়েছে।
সপ্তদশ শতকের ডাচ আইনবিদ হুগো গ্রোটিয়াস যুক্তি দিয়েছিলেন, সমাজব্যবস্থার অন্যতম উদ্দেশ্য হলো সম্পত্তির অধিকার রক্ষা করা। তবে তিনি একই সঙ্গে রাষ্ট্রের জন্য একটি বিশেষ ক্ষমতার স্বীকৃতি দিয়েছিলেন। তাঁর মতে, জনস্বার্থে সার্বভৌম রাষ্ট্র ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি অধিগ্রহণ করতে পারে। এই ধারণা পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের পাশাপাশি বিপ্লব-পরবর্তী ফ্রান্সের শাসনব্যবস্থায়ও প্রভাব ফেলে।
১৯৮৯ সালে অর্থনৈতিক ইতিহাসবিদ ডগলাস নর্থ ও ব্যারি ওয়েইনগাস্ট যুক্তি দিয়েছিলেন, ১৬৮৮ সালের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের মধ্য দিয়ে সম্পদ বাজেয়াপ্তকারী সরকারের অবসান ঘটে। তবে মুলডারের মতে, বিষয়টি এত সরল ছিল না। রাজতন্ত্রের হাত থেকে বাজেয়াপ্ত করার ক্ষমতা পার্লামেন্টের হাতে গেলেও রাষ্ট্র সেই ক্ষমতা ব্যবহার অব্যাহত রাখে।
১৮৫০ থেকে ২০০৮ সালের মধ্যে গৃহীত সংবিধানগুলোর প্রায় ৮৩ শতাংশেই জনস্বার্থে ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণের অধিকার স্বীকৃত হয়েছে।
যুদ্ধের সময় সাধারণ মানুষও রেহাই পায়নি
সম্পদ বাজেয়াপ্তের ইতিহাসে শুধু ধনকুবের বা বড় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হননি। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে জার্মান মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দরিদ্র অভিবাসীদের সম্পত্তিও জব্দ করা হয়েছিল।
জার্মানি ও অস্ট্রিয়া-হাঙ্গেরির পুরুষদের বিয়ে করা হাজার হাজার মার্কিন নারীও তাঁদের সম্পত্তির অধিকার হারিয়েছিলেন।
ব্রিটিশ সাম্রাজ্যও শত্রুপক্ষের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান বাজেয়াপ্ত করেছিল। এমনকি যুক্তরাষ্ট্র থেকে ঋণ পাওয়ার নিশ্চয়তা হিসেবে প্রয়োজনীয় মার্কিন সিকিউরিটিজ সংগ্রহ করতে ব্রিটিশ সরকার নিজ দেশের বিনিয়োগকারীদের কাছ থেকে সেগুলো কিনে নেয়। বাজারদরের কথা বলা হলেও নগদ অর্থের পরিবর্তে বিনিয়োগকারীদের দেওয়া হয়েছিল সরকারি বন্ড।
সম্পদ বাজেয়াপ্তের সংক্রমণ ছড়িয়েছে বিশ্বজুড়ে
এক দেশের সম্পদ বাজেয়াপ্তের নজির অন্য দেশগুলোকেও একই পথে উৎসাহিত করেছে। দুই বিশ্বযুদ্ধের সময় ইউরোপের রাষ্ট্রীয় সম্পদ দখলের অভিজ্ঞতা পরবর্তী সময়ে এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাবেক উপনিবেশগুলোর নেতারা গভীরভাবে পর্যবেক্ষণ করেন।
১৯৫০-এর দশকে এশিয়া ও মধ্যপ্রাচ্যে জাতীয়করণের ঢেউ ছড়িয়ে পড়ে। ১৯৫৬ সালে মিসরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সুয়েজ খাল ব্রিটেন ও ফ্রান্সের নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে নেন। এ অধিগ্রহণের ভিত্তি হিসেবে ব্যবহৃত আইন ২৮৫ তৈরি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের শত্রুপক্ষের সঙ্গে বাণিজ্যবিষয়ক আইনের আদলে।
বর্তমানেও একই প্রবণতা দেখা যাচ্ছে। রাশিয়ার সম্পদ জব্দের পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কো দেশটিতে পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা দখল করে সেগুলো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠদের মধ্যে বণ্টন করেছে। যুদ্ধের চার বছর পর রাশিয়ায় ধনকুবেরের সংখ্যা ২০২২ সালের তুলনায় বেড়েছে।
আফ্রিকার সাহেল অঞ্চলের কয়েকটি সামরিক জান্তাও সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা মালিকানাধীন স্বর্ণ ও ইউরেনিয়াম খনি দখল করেছে।
যুক্তরাষ্ট্রও এই প্রবণতার বাইরে নয়। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প জনস্বার্থে সম্পত্তি অধিগ্রহণকে ‘অত্যাবশ্যক’ বলে উল্লেখ করেছিলেন। ২০২৬ সালে তিনি ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দের নির্দেশ দিয়েছেন এবং পানামা খাল ও গ্রিনল্যান্ড দখলের হুমকিও দিয়েছেন।
বিশ্বায়নের স্বল্পস্থায়ী বিরতি কি শেষ?
মুলডারের মতে, সহস্রাব্দের শুরুর দিকে বিশ্বায়ন ও আন্তর্জাতিক শান্তির যে সংক্ষিপ্ত সময় তৈরি হয়েছিল, তা ইতিহাসের ব্যতিক্রমী অধ্যায়। ওই সময়ে বিদেশে বিনিয়োগ দ্রুত বাড়লেও রাষ্ট্রীয়ভাবে সম্পদ বাজেয়াপ্ত করার ঘটনা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।
কিন্তু সেই সময়ের বিপুল আন্তর্দেশীয় বিনিয়োগ ও বিদেশি সম্পদের বিস্তার এখন নতুন ঝুঁকি তৈরি করেছে। রাজনৈতিক সংঘাত, যুদ্ধ এবং রাষ্ট্রগুলোর মধ্যে অবিশ্বাস বাড়ার সঙ্গে সঙ্গে এসব সম্পদ হয়ে উঠছে দখল ও পাল্টা দখলের সম্ভাব্য লক্ষ্য।
বিশ্ব অর্থনীতিতে নতুন করে যে বাস্তবতা তৈরি হচ্ছে, তাতে সম্পত্তির নিরাপত্তা আর কেবল আইনি নিশ্চয়তার বিষয় থাকছে না; তা ক্রমেই ভূরাজনৈতিক ক্ষমতার ভারসাম্যের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে।












