রংপুরের তারাগঞ্জে বাসের ভেতরে যাত্রীকে জিম্মি করে টাকা ছিনতাইয়ের চেষ্টায় বাধা দেওয়ায় চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের চালক ও স্টাফদের বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করেছে।
নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে।
টাকা লুটের চেষ্টা, প্রতিবাদ করায় চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ
বাসে থাকা একই এলাকার যাত্রী আতিক বসুনিয়ার দাবি, তাঁর কাছে নগদ তিন লাখ টাকা ছিল। বাসের স্টাফরা অন্য যাত্রীদের নামিয়ে দিলেও তাঁকে নামতে দেয়নি। একপর্যায়ে বাসের হেলপার ও সুপারভাইজার তাঁকে জিম্মি করে এবং গলায় গামছা পেঁচিয়ে ধরে।
এ সময় মুকুল ও শাকিব তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে চলন্ত বাস থেকেই তাঁদের লাথি মেরে ও ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
আতিক জানান, দুই যাত্রীকে ফেলে দেওয়ার পর তিনি চিৎকার শুরু করেন। এ সময় একটি মাইক্রোবাসের যাত্রীরা ঘটনা দেখতে পেয়ে সামনে চিকলী এলাকায় গিয়ে বাসটির পথ আটকে দেন। পরে স্থানীয় লোকজন এসে বাসটি আটক করেন। তাঁদের দ্রুত পদক্ষেপ না থাকলে তাঁকেও হত্যা করা হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
কুমিল্লা থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক ঘটনা
নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ একই এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে ‘সায়মন এক্সক্লুসিভ’ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন।
বাসে থাকা তাঁদের চাচা আতিক বসুনিয়ার কাছে নগদ তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ এলাকা পার হওয়ার পর বাসের স্টাফরা অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করেন। এ সময় মুকুল ও শাকিব প্রতিবাদ করে তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে দুজনকে চলন্ত বাস থেকে লাথি ও ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাস্থলে একজনের মৃত্যু, হাসপাতালে আরেকজন
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, ঘটনাস্থলে পৌঁছে কোনো সড়ক দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাঁদের জানিয়েছেন, ওই দুই যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
চালক ও সুপারভাইজার আটক
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এ ঘটনায় বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।












