ভারতের মেঘালয়ে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফসল উৎসব ওয়ানগালায় একসঙ্গে ১ হাজার ঢাক বাজিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন শিল্পীরা। উৎসবের ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রায় ১ হাজার ঢাকবাদক, ১ হাজার ৫০০ নারী নৃত্যশিল্পীসহ গারো পাহাড়ের পাঁচ জেলার বিপুলসংখ্যক মানুষ।
ওয়ানগালা গারো জনগোষ্ঠীর অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব। এটি ‘১০০ ঢাকের উৎসব’ নামেও পরিচিত। মূলত ফসল ঘরে তোলার আনন্দ উদ্যাপন এবং সূর্যদেবতা সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে এ উৎসব পালন করা হয়। গারোদের বিশ্বাস ও ঐতিহ্যে সালজং প্রধান দেবতা। উৎসবটি কৃষিকাজের দীর্ঘ পরিশ্রমের সমাপ্তি এবং শীতের আগমনেরও প্রতীক।
গারো ভাষায় ঢাককে বলা হয় ‘দামা’। প্রতিটি দামার দৈর্ঘ্য প্রায় চার ফুট। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই বাদ্যযন্ত্রের ব্যবহার ও সম্মিলিত পরিবেশনা ওয়ানগালা উৎসবের অন্যতম আকর্ষণ।
১৯৭৬ সালে ওয়ানগালা উৎসবকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়। সে সময় তুরার এক ব্লক উন্নয়ন কর্মকর্তা মনে করেন, ঐতিহ্যবাহী ঢাকের গর্জন আগের মতো শোনা যাচ্ছে না। এ অবস্থা পরিবর্তনের উদ্যোগ হিসেবে তিনি ১০ জন দামাবাদককে নিয়ে তুরার চাঁদমারি মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করেন।
তবে তৎকালীন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন উইলিয়ামসন এ সাংমার কাছে ১০টি ঢাক যথেষ্ট মনে হয়নি। একই বছরের ডিসেম্বরে তুরা থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরের আসানাংগ্রেতে ১০০ জন ঢাকবাদককে নিয়ে পুনরায় আয়োজন করা হয়। সেখান থেকেই ‘১০০ ঢাকের উৎসব’ হিসেবে ওয়ানগালার পরিচিতি ছড়িয়ে পড়ে।
পঞ্চাশ বছর পর সেই আয়োজন আরও বড় পরিসরে ফিরে এল। চার দিনব্যাপী উৎসবের শেষ দিনে তুরার কাছে ওয়ানগালা আদাম বা ওয়ানগালা প্রাঙ্গণে জড়ো হন পাঁচ গারো পাহাড় জেলার শিল্পী ও অংশগ্রহণকারীরা। তাঁদের মধ্যে ছিলেন প্রায় ১ হাজার ৫০০ নারী নৃত্যশিল্পী এবং ১ হাজার ঢাকবাদক।
সম্মিলিত ঢাকবাদন শেষ হওয়ার পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন প্রতিনিধি নতুন বিশ্বরেকর্ডের ঘোষণা দেন।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা এ অর্জনকে গারো জনগোষ্ঠীর জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, ওয়ানগালার সুবর্ণজয়ন্তী স্মরণীয় করে রাখতেই বড় আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই উদ্যোগ শেষ পর্যন্ত বিশ্বরেকর্ডে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতিবিষয়ক এবং পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেন, ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুত্ব দেওয়ার ফলে ভারতের বিভিন্ন অঞ্চলের উৎসব নতুন পরিচিতি পাচ্ছে। ভবিষ্যতে ওয়ানগালাও নাগাল্যান্ডের হর্নবিল উৎসবের মতো আন্তর্জাতিক পরিচিতি পেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
দশটি ঢাকের ছোট আয়োজন থেকে এক হাজার ঢাকের বিশ্বরেকর্ড—ওয়ানগালার ৫০ বছরের এই যাত্রা গারো জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্মিলিত পরিচয়ের এক উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠেছে।












