ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে দিল্লিসহ চার রাজ্যকে সমন্বিতভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব। দূষণ কোনো রাজ্যের সীমানা মেনে চলে না উল্লেখ করে তিনি বলেছেন, জাতীয় রাজধানী অঞ্চলজুড়ে (এনসিআর) পরিকল্পনার বাইরে গিয়ে মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে।
শনিবার দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানের দূষণ নিয়ন্ত্রণ কার্যক্রম পর্যালোচনায় আয়োজিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন মন্ত্রী। এ সময় দিল্লির বায়ুমান ‘অতি খারাপ’ পর্যায়ে ছিল।
বৈঠকে তিনি দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার, সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্রের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তাঁর নির্দেশ, শুধু পরিকল্পনা গ্রহণ নয়, নির্ধারিত সময়ের মধ্যে মাঠপর্যায়ে কঠোরভাবে তা বাস্তবায়ন করতে হবে।
মাঠপর্যায়ে কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণ
দূষণ নিয়ন্ত্রণ কার্যক্রম তদারকিতে হরিয়ানার সাতটি, উত্তর প্রদেশের চারটি এবং রাজস্থানের চারটি শহরের জন্য সচিব পর্যায়ের কর্মকর্তা নিয়োগ দিতে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করবেন এবং প্রতি সপ্তাহে বায়ুর মান ব্যবস্থাপনা কমিশনের কাছে (সিএকিউএম) প্রতিবেদন জমা দেবেন।
পুরোনো ও বেশি দূষণ সৃষ্টিকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করতেও নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলোকে জ্বালানি বিক্রয়কেন্দ্রে স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব ক্যামেরা ভারতের যানবাহন তথ্যভান্ডার ‘বাহন’ এবং দূষণ নিয়ন্ত্রণ সনদ–সংক্রান্ত তথ্যভান্ডারের সঙ্গে যুক্ত থাকবে।
নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে আগামী ৩০ নভেম্বরের পর সংশ্লিষ্ট পরিবহন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে পারে সিএকিউএম।
দূষণ নিয়ন্ত্রণব্যবস্থা না থাকায় ১৯১ কারখানা বন্ধের নির্দেশ
শিল্পকারখানার দূষণ নিয়ন্ত্রণেও কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে (সিপিসিবি) ১৯১টি চিহ্নিত শিল্পকারখানা অবিলম্বে বন্ধ বা সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এসব কারখানাকে আগেই বায়ুদূষণ নিয়ন্ত্রণের যন্ত্রপাতি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বারবার নির্দেশনা দেওয়ার পরও কারখানাগুলোর কয়েকটি এমনকি প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কার্যাদেশও দেয়নি।
দিল্লি ও আশপাশের অঞ্চলে বায়ুদূষণ মোকাবিলায় এখন থেকে রাজ্যগুলোর মধ্যে সমন্বয়, নিয়মিত তদারকি এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।












