ভারতের রাজনীতির অন্যতম প্রভাবশালী অথচ ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আড়ালে থাকা সোনিয়া গান্ধী এবার নিজের জীবনের নানা অজানা অধ্যায় তুলে ধরেছেন আত্মস্মৃতিমূলক বইয়ে। ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ শিরোনামের ৫৪৪ পৃষ্ঠার বইটিতে উঠে এসেছে ইতালিতে তাঁর শৈশব, রাজীব গান্ধীর সঙ্গে পরিচয় ও বিয়ে, নেহরু-গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্ক এবং ভারতের রাজনৈতিক ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনা।
তবে বইটি কেবল রাজনৈতিক আত্মজীবনী নয়। বরং ভালোবাসার মানুষদের স্মৃতি, পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত শোক এবং ভারতে নিজের অবস্থান তৈরি করার দীর্ঘ যাত্রাই এর মূল বিষয়। ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনায় সোনিয়া বেশ অকপট হলেও কংগ্রেসের রাজনৈতিক সিদ্ধান্ত, নেতৃত্বের দায়বদ্ধতা এবং বিভিন্ন বিতর্কের গভীর বিশ্লেষণে বইটি তুলনামূলকভাবে সংযত।
ইতালির শৈশব থেকে গান্ধী পরিবারের সদস্য
ইতালির পিয়েমন্তে অঞ্চলের সাঙ্গানো গ্রাম ও তুরিনের কাছাকাছি অরবাসানো শহরে কেটেছে সোনিয়ার শৈশব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইতালির কঠিন সামাজিক বাস্তবতায় তাঁর পরিবারে শৃঙ্খলা, মিতব্যয়িতা ও দায়িত্ববোধের গুরুত্ব ছিল।
রাজীব গান্ধীর সঙ্গে পরিচয়, বিয়ে এবং ভারতের সমাজ ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা বইটিতে বিশেষ গুরুত্ব পেয়েছে। সংসারজীবন, সন্তানদের বেড়ে ওঠা এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে সম্পর্কের বর্ণনায় উঠে এসেছে পরিবারের ঘনিষ্ঠ ও ব্যক্তিগত মুহূর্তগুলো।
ইন্দিরা গান্ধীকে তিনি একদিকে কঠোর ও প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে দেখিয়েছেন, অন্যদিকে স্নেহশীল শাশুড়ি ও দাদি হিসেবেও তুলে ধরেছেন। তবে তাঁর ব্যক্তিত্বে কখনো কঠোরতা, কখনো আবেগপ্রবণতা এবং কখনো অতিরিক্ত নিয়ন্ত্রণের প্রবণতাও ছিল বলে স্মৃতিচারণে ইঙ্গিত পাওয়া যায়।
জরুরি অবস্থার অন্দরমহলের চিত্র
১৯৭৫ সালের জরুরি অবস্থা নিয়ে সোনিয়ার বর্ণনায় উঠে এসেছে গান্ধী পরিবারের অভ্যন্তরীণ আলোচনা ও মতপার্থক্য। বিশেষ করে রাজীব গান্ধী ও তাঁর ছোট ভাই সঞ্জয় গান্ধীর মধ্যে জরুরি অবস্থার সময়কার বিভিন্ন পদক্ষেপ নিয়ে পার্থক্যের বিষয়টি তুলে ধরেছেন তিনি।

সোনিয়ার স্মৃতিচারণ অনুযায়ী, এলাহাবাদ হাইকোর্টের রায়ের পর রাজীব তাঁর মাকে নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছিলেন। পরবর্তী সময়ে জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়েও তাঁকে উৎসাহিত করেন।
এ সময় বিরোধী নেতাদের গ্রেপ্তার, সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ এবং সঞ্জয় গান্ধীর উদ্যোগে জোরপূর্বক বন্ধ্যাকরণ কর্মসূচির মতো বিতর্কিত বিষয়ও বইয়ে এসেছে। উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ার কথাও উল্লেখ করেছেন তিনি।
তবে এসব ঘটনার জন্য রাজনৈতিক নেতৃত্বের দায় কতটা ছিল, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেননি সোনিয়া। ফলে ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণ পাওয়া গেলেও জরুরি অবস্থার রাজনৈতিক জবাবদিহির প্রশ্নটি অনেকটাই অমীমাংসিত থেকে গেছে।
শিখবিরোধী সহিংসতা ও বোফর্স বিতর্ক
১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর শিখবিরোধী সহিংসতার স্মৃতিও বইটির গুরুত্বপূর্ণ অংশ। সোনিয়া লিখেছেন, ইন্দিরার মৃত্যুর পর তিনি রাজীব ও সন্তানদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত ছিলেন।
সহিংসতার মুখে শিখ পরিবারগুলোর আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি এবং প্রশাসনের কিছু অংশের নিষ্ক্রিয়তার কথাও উল্লেখ করেছেন তিনি। এমনকি প্রশাসনের কিছু কর্মকর্তা সহিংসতা উসকে দিয়ে থাকতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন।
তবে হামলাগুলোকে বর্বর আখ্যা দিলেও নিরীহ মানুষের ওপর আক্রমণের নির্দেশ রাজীব গান্ধী দিতে পারেন—এমন অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেছেন।
আশির দশকের শেষ দিকে বোফর্স অস্ত্র কেনা নিয়ে দুর্নীতির অভিযোগও বইয়ে এসেছে। সোনিয়ার বর্ণনায়, অভিযোগের কারণে রাজীব ও তাঁদের পরিবারকে দীর্ঘদিন রাজনৈতিক চাপের মধ্যে থাকতে হয়েছে। রাজীবের সুইডিশ কর্তৃপক্ষের কাছে তদন্ত চাওয়া, যৌথ সংসদীয় কমিটি গঠন এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার বিষয়গুলো তিনি তুলে ধরেছেন।
২০০৪ সালে দিল্লি হাইকোর্ট রাজীবের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ বাতিলের সিদ্ধান্ত দিয়েছিল বলেও উল্লেখ করেছেন সোনিয়া। তবে বোফর্স বিতর্কের কারণে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান ও জনসমর্থনে কী ধরনের প্রভাব পড়েছিল, তা নিয়ে বিস্তারিত আলোচনা নেই।
রাজীবের হত্যাকাণ্ড ও রাজনীতিতে অনিচ্ছুক প্রবেশ
১৯৯১ সালে রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের বর্ণনা বইটির সবচেয়ে আবেগঘন অংশগুলোর একটি। মেয়ে প্রিয়াঙ্কার কাছ থেকে বাবার মৃত্যুর খবর পাওয়ার মুহূর্ত এবং সেই শোক কীভাবে তাঁর জীবন বদলে দিয়েছিল, তা সরাসরি ভাষায় তুলে ধরেছেন সোনিয়া।
হত্যাকাণ্ডের আগে লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) হুমকি নিয়ে গোয়েন্দা তথ্য পাওয়া এবং তা যথাযথভাবে কাজে না লাগানোর বিষয়টিও উল্লেখ করেছেন তিনি। ভার্মা ও জৈন কমিশনের অনুসন্ধানের প্রসঙ্গ টেনে বৃহত্তর ষড়যন্ত্রের কিছু প্রশ্ন এখনো অমীমাংসিত থাকার কথাও বলেছেন।
রাজীবের মৃত্যুর পর প্রথমদিকে রাজনীতিতে আসতে অনাগ্রহী ছিলেন সোনিয়া। কিন্তু পরবর্তী সময়ে নির্বাচনী বিপর্যয়ে দুর্বল হয়ে পড়া কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন তিনি।
২০০৪ সালের নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েও সেই পদ গ্রহণ করেননি সোনিয়া। পরিবর্তে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী মনোনীত করেন।
বইয়ে তিনি জানিয়েছেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে সন্তান রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে আলোচনা করেছিলেন। কিন্তু তাঁদের দুজনেরই আপত্তি ছিল। দাদি ইন্দিরা ও বাবা রাজীবকে হত্যার ঘটনা প্রত্যক্ষ করার পর তাঁরা মায়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
কংগ্রেসের ক্ষমতা ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন
কংগ্রেস সভাপতি এবং ইউপিএ চেয়ারপারসন হিসেবে সোনিয়ার ভূমিকা ভারতের রাজনীতিতে ক্ষমতার বণ্টন নিয়ে দীর্ঘদিন প্রশ্ন তৈরি করেছে। বইয়েও সেই সময়ের কিছু অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
২০১০ সালে প্রণব মুখার্জির সঙ্গে একটি কথোপকথনের স্মৃতি উল্লেখ করে সোনিয়া জানিয়েছেন, প্রণব তাঁকে নেতৃত্বে পরিবর্তনের সময় এসেছে বলে ইঙ্গিত দিয়েছিলেন। সোনিয়ার ধারণা হয়েছিল, প্রণব নিজেই প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন।
বইয়ের শেষাংশে রয়েছে কংগ্রেসের রাজনৈতিক দুর্বলতা, নরেন্দ্র মোদি সরকারের উত্থান, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এবং বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোট গঠনের প্রসঙ্গ।
মোদির সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও লিখেছেন সোনিয়া। তাঁর দাবি, প্রধানমন্ত্রী হিসেবে মোদির দায়িত্ব পালনের বছরগুলোতে আনুষ্ঠানিক শুভেচ্ছা ও সংক্ষিপ্ত কথাবার্তার বাইরে তাঁদের মধ্যে কার্যত কোনো অর্থবহ যোগাযোগ হয়নি।
স্মৃতির শক্তি, বিশ্লেষণের সীমাবদ্ধতা
সোনিয়ার লেখার ভাষা সহজ, ব্যক্তিগত ও স্মৃতিকাতর। বিশেষ করে জরুরি অবস্থার সময়কার পারিবারিক সংকট, ১৯৭৭ সালের নির্বাচনে কংগ্রেসের পরাজয়, ইন্দিরা হত্যার পর পরিবারের নিরাপত্তাহীনতা এবং মানেকা গান্ধীর সঙ্গে ইন্দিরার সম্পর্কের টানাপোড়েন বইটিকে বিশেষ মাত্রা দিয়েছে।
শাশুড়ি ইন্দিরার প্রতি সোনিয়ার শ্রদ্ধা, ভালোবাসা ও আনুগত্যের প্রকাশও পুরো বইজুড়ে স্পষ্ট। পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) রাজনৈতিক প্রভাব এবং বর্তমান সরকারের সঙ্গে সংগঠনটির সম্পর্ক নিয়ে তাঁর বিরোধিতার বিষয়টিও উঠে এসেছে।
সব মিলিয়ে, ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ ভারতের রাজনৈতিক ইতিহাসের নিরপেক্ষ বিশ্লেষণ নয়, আবার প্রচলিত অর্থে পূর্ণাঙ্গ রাজনৈতিক আত্মজীবনীও নয়। এর সবচেয়ে বড় শক্তি হলো, বড় রাজনৈতিক ঘটনাগুলোকে একজন প্রত্যক্ষ অংশগ্রহণকারীর পারিবারিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখা।
তবে রাজনৈতিক সিদ্ধান্তের দায়বদ্ধতা, কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা এবং বিতর্কিত ঘটনাগুলোর পূর্ণাঙ্গ মূল্যায়ন না থাকায় বইটি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয় না। ব্যক্তিগত জীবনের অকপট বর্ণনায় বইটি যতটা শক্তিশালী, রাজনৈতিক নেতৃত্বের আত্মসমালোচনায় ততটা নয়।












