ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে আধুনিক ভারতের প্রধান স্থপতি হিসেবে উল্লেখ করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। তাঁর ১৩৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার দলটির নেতারা শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বৈজ্ঞানিক চিন্তা ও সাম্যের প্রতি নেহরুর অঙ্গীকারের কথা স্মরণ করেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাবেক দলীয় সভাপতি রাহুল গান্ধী এবং সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীসহ দলের জ্যেষ্ঠ নেতারা এদিন নেহরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা দিল্লিতে নেহরুর সমাধি শান্তিবনে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলটসহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
পরে পুরোনো সংসদ ভবন, বর্তমানে সংবিধান সদনের কেন্দ্রীয় কক্ষে নেহরুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। লোকসভার স্পিকার ওম বিড়লা, কংগ্রেসের চিফ হুইপ কোডিকুন্নিল সুরেশসহ বিভিন্ন দলের নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।
গণতন্ত্র ও সমতার আদর্শের কথা স্মরণ
রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেহরুকে ‘হিন্দের রত্ন’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, নেহরুর কাছে স্বাধীনতা চূড়ান্ত গন্তব্য ছিল না; বরং ভারতের নতুন যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল।
রাহুলের ভাষায়, নেহরুর কাছে ভারত ছিল একটি অনুসন্ধান ও একটি ধারণা। তিনি বৈচিত্র্যকে দেশের শক্তি, গণতন্ত্রকে বিশ্বাস এবং সমতাকে রাষ্ট্রের ভিত্তি হিসেবে বিবেচনা করতেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ভারতের মতো বহুজাতিক, বহুধর্মীয় ও বহুমতসম্পন্ন দেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে এমন গণতন্ত্র প্রয়োজন, যেখানে বিভিন্ন সংস্কৃতি, বিশ্বাস, রাজনৈতিক মত ও মানুষের আকাঙ্ক্ষার জায়গা থাকবে।
তিনি বলেন, শান্তিবনে নেহরুর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের সংবিধান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করা মূল্যবোধ রক্ষার অঙ্গীকার নতুন করে করতে হবে।
খাড়গে আরও স্মরণ করেন, বৈজ্ঞানিক চিন্তাভাবনা, ধর্মনিরপেক্ষতা ও সাম্যের প্রতি নেহরুর গভীর অঙ্গীকার ছিল। প্রত্যেক নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দিতেন। শিশুদের প্রতি নেহরুর স্নেহ এবং তাদের শিক্ষার বিষয়ে তাঁর বিশেষ আগ্রহের কথা উল্লেখ করে খাড়গে বলেন, দেশের ভবিষ্যৎ যে আগামী প্রজন্মের হাতে, তা নেহরুর চিন্তাভাবনা থেকেই স্পষ্ট।
কেন্দ্রীয় মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন
নেহরুর প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রীর উপস্থিতি না থাকার বিষয়টি তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, সংসদের কেন্দ্রীয় কক্ষে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানো হলেও বর্তমান প্রধানমন্ত্রীর ২৯ সদস্যের মন্ত্রিসভার একজন সদস্যও সেখানে উপস্থিত ছিলেন না। তিনি এ অনুপস্থিতিকে শিষ্টাচার ও সৌজন্যের অভাব হিসেবে প্রশ্নবিদ্ধ করেন।
অন্যদিকে, কংগ্রেসের যোগাযোগ বিভাগের প্রধান জয়রাম রমেশ নেহরুর রচনাবলির ডিজিটাল সংগ্রহশালার জনপ্রিয়তার তথ্য তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ১৯০৩ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সময়ের নেহরুর নির্বাচিত রচনার ১০০ খণ্ডের ডিজিটাল সংগ্রহশালা গত এক বছরে ১০ লাখের বেশি স্বতন্ত্র দর্শক পেয়েছে। এতে পৃষ্ঠাদর্শনের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ।
রমেশের মতে, বিংশ শতাব্দীর ভারতকে বুঝতে নেহরুর রচনাবলি গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের ভারত গঠনে তাঁর ভূমিকা ছিল গভীর ও ব্যাপক।












