ডেঙ্গু প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও ফুটপাত দখলমুক্ত রাখতে গঠন হবে এলাকাভিত্তিক কমিটি
ঢাকার পরিচ্ছন্নতা ও নগর পরিবেশ উন্নয়নে বড় পরিসরের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির আওতায় রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত করা হবে প্রায় ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে। তাঁদের সঙ্গে কাজ করবেন তরুণ ও স্বেচ্ছাসেবকেরা।
শনিবার (১৪ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে এলাকাভিত্তিক কমিটির অগ্রগতি, চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা করা হয়।
বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা প্রস্তাবিত এলাকাভিত্তিক কমিটিতে উপদেষ্টা হিসেবে অথবা দায়িত্বশীল পদে কাজ করবেন। তাঁদের সঙ্গে থাকবেন তরুণ ও স্বেচ্ছাসেবকেরা।
ডেঙ্গু নিয়ন্ত্রণ থেকে ফুটপাত দখলমুক্ত রাখা
প্রস্তাবিত কমিটিগুলো পাড়া-মহল্লা ও ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। এর আওতায় থাকবে ডেঙ্গু প্রতিরোধ, সঠিক উপায়ে বর্জ্য অপসারণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং নালা-নর্দমার উন্নয়ন।
এ ছাড়া বাসাবাড়ির বর্জ্য কীভাবে সংগ্রহ করে নির্ধারিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) পৌঁছে দিতে হবে, সে বিষয়েও নগরবাসীকে সচেতন করা হবে।
সরকারের পরিকল্পনায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে তরুণদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা কার্যক্রমকে পাড়া-মহল্লাভিত্তিক উদ্যোগে রূপ দেওয়ার লক্ষ্য রয়েছে।
বিদেশের শহরের অনুকরণ নয়, বাস্তবসম্মত লক্ষ্য
প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারগুলোর মতো কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র কিংবা সিঙ্গাপুরের আদলে ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিতে চায় না বর্তমান সরকার। বরং দেশের বিদ্যমান সম্পদ ও সামর্থ্য কাজে লাগিয়ে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বসবাসযোগ্য শহর গড়ে তোলাই তাদের লক্ষ্য।
বৈঠক ও পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতাউর রহমান রুমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আবদুল ওয়াদুদ চৌধুরী এবং উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












