ইতিহাস, স্থাপত্য, শিল্পকলা ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যের জন্য ইরানের ইস্পাহান পরিচিত বিশ্বজুড়ে। শহরটির অতীত ও বর্তমান নিয়ে গবেষণা, নথি এবং মানুষের স্মৃতির ভাণ্ডারও বিস্তৃত। কিন্তু এই ঐতিহ্য বইয়ের মাধ্যমে কতটা সংরক্ষিত হচ্ছে এবং সাধারণ পাঠকের কাছে কতটা পৌঁছাচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ইস্পাহান প্রদেশে বর্তমানে ৬৭৫টি প্রকাশনা সংস্থার অনুমোদন রয়েছে। এর মধ্যে ৪৬৫টি সক্রিয়। ১৪০৪ ইরানি বছরে (২০২৫-২৬) প্রকাশের জন্য ৫ হাজার ১৯৯টি বইয়ের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৩ হাজার ৮১৮টি বই প্রকাশিত হয়েছে। প্রকাশনার এই পরিসংখ্যান প্রদেশটির সক্ষমতার পরিচয় দিলেও এসব বইয়ের কত অংশ ইস্পাহানের ইতিহাস, সংস্কৃতি ও নগরজীবন নিয়ে—তার স্পষ্ট হিসাব সামনে নেই।
ইরানের বই সপ্তাহ উপলক্ষে প্রকাশনা খাতের অবস্থা পর্যালোচনার পাশাপাশি স্থানীয় ঐতিহ্য সংরক্ষণে বইয়ের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট গবেষক ও সংস্কৃতিকর্মীদের মতে, ইস্পাহানকে নিয়ে বই প্রকাশের ক্ষেত্রে সমস্যা শুধু বইয়ের সংখ্যা নয়; গবেষণার মান, পাঠকের কাছে পৌঁছানো, প্রকাশনার অর্থনীতি এবং শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ও গুরুত্বপূর্ণ।
গবেষণার বই আর সাধারণ পাঠকের দূরত্ব
ইস্পাহান নগর-গবেষণা কেন্দ্র ও হাউস অব নেশনসের পরিচালক মোহাম্মদ আইদি নাজাফাবাদির মতে, কোনো বিষয়ের সাংস্কৃতিক গুরুত্ব থাকলেই তা নিয়ে বই প্রকাশের স্থায়ী বাজার তৈরি হয় না। পাঠক কারা, বই কীভাবে বিতরণ হবে এবং প্রকাশক বিনিয়োগের অর্থ ফেরত পাবেন কি না—এসব বিষয়ও বিবেচনায় নিতে হয়।
তার মতে, স্থাপত্য, ঐতিহাসিক নথি, কোনো এলাকার সামাজিক ইতিহাস কিংবা শিশু-কিশোরদের জন্য তৈরি বই—সবকিছুর পাঠক ও উপস্থাপনার ধরন এক নয়। তাই সব বইয়ের জন্য একই প্রকাশনা ও বিপণন কৌশল কার্যকর হতে পারে না।
তিনি মনে করেন, একটি গবেষণাকে ভিন্ন বয়স ও আগ্রহের পাঠকের উপযোগী করে একাধিক বইয়ে রূপ দেওয়া যেতে পারে। যেমন, কোনো পুরোনো এলাকার ইতিহাস নিয়ে প্রথমে প্রামাণ্য গবেষণাগ্রন্থ প্রকাশ করা যায়। পরে একই গবেষণার ভিত্তিতে সাধারণ পাঠকের জন্য সহজ ভাষার বই এবং শিশু-কিশোরদের জন্য চিত্রসমৃদ্ধ সংস্করণ তৈরি করা সম্ভব।
শুধু স্থাপত্য নয়, লিখতে হবে মানুষের জীবনও
ইস্পাহানের ইতিহাস নিয়ে গবেষকদের আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য হলো, শহরের পরিচয় শুধু বিখ্যাত স্থাপনা দিয়ে তৈরি হয়নি। পুরোনো পাড়া, বাজার, পেশা, পারিবারিক সম্পর্ক, সামাজিক রীতি এবং মানুষের দৈনন্দিন জীবনও এই ইতিহাসের অংশ।
ইতিহাস ও নগর-গবেষক মোহাম্মদ হোসেইন রিয়াহির মতে, পুরোনো প্রজন্মের মানুষের স্মৃতি, পারিবারিক দলিল ও ছবি এবং মৌখিক ইতিহাসের অনেক তথ্য এখনো যথাযথভাবে সংরক্ষিত হয়নি। সময়ের সঙ্গে এসব স্মৃতির বাহকেরা হারিয়ে গেলে গুরুত্বপূর্ণ তথ্যও হারিয়ে যেতে পারে।
তবে মৌখিক ইতিহাস সংগ্রহের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ জরুরি। ব্যক্তিগত স্মৃতিকে অন্য নথি ও তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই না করলে অসম্পূর্ণ বা পরস্পরবিরোধী বিবরণ ইতিহাস হিসেবে ছড়িয়ে পড়তে পারে।
স্কুল ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ভূমিকা
শিশু-কিশোরদের কাছে স্থানীয় ইতিহাস পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন শিক্ষা ও পাঠাভ্যাস নিয়ে কাজ করা ব্যক্তিরা। তাদের মতে, স্কুলে ইস্পাহানের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শেখানো শুধু কয়েকটি পাঠ বা বিশেষ দিনে ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়।
বয়স অনুযায়ী উপযোগী ভাষা, গল্প, মানচিত্র, ছবি ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে শিশুদের শহর সম্পর্কে আগ্রহী করা যেতে পারে। এ ক্ষেত্রে স্কুল, পরিবার ও গণগ্রন্থাগারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
লেখক ও ঐতিহ্য সংরক্ষণকর্মী মেহদি গালিপুরের মতে, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের পাশাপাশি সেগুলোর ইতিহাস, স্থাপত্য ও সামাজিক গুরুত্ব নথিভুক্ত করে প্রকাশ করাও জরুরি। ছবি, পুরোনো মানচিত্র ও দলিল বইয়ে ব্যবহার করলে পাঠকের কাছে শহরের পরিবর্তন আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।
প্রয়োজন দীর্ঘমেয়াদি প্রকাশনা পরিকল্পনা
সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে, ইস্পাহানের স্থানীয় ইতিহাস নিয়ে প্রকাশনা বাড়াতে প্রকাশক, গবেষক, বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে স্থায়ী সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি বইয়ের বিক্রি, মুদ্রণসংখ্যা, বিতরণ এবং বিভিন্ন বয়সের পাঠকের আগ্রহ সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে হবে।
গ্রন্থাগার, স্কুল, জাদুঘর, ঐতিহাসিক বাড়ি ও পর্যটনকেন্দ্রে স্থানীয় ইতিহাসের বই পরিচিত করার সুযোগ রয়েছে। নিয়মিত বই কেনা, গবেষণাভিত্তিক প্রকাশনায় সহায়তা এবং শিশু-কিশোরদের উপযোগী বই তৈরির উদ্যোগও প্রকাশকদের জন্য স্থায়ী বাজার গড়ে তুলতে পারে।
ইস্পাহানের প্রকাশনা সক্ষমতা যে রয়েছে, পরিসংখ্যান তা দেখায়। এখন প্রয়োজন সেই সক্ষমতাকে শহরের ইতিহাস, মানুষের জীবন ও সাংস্কৃতিক স্মৃতি সংরক্ষণের কাজে আরও পরিকল্পিতভাবে ব্যবহার করা। কারণ, একটি শহরের ঐতিহ্য শুধু তার স্থাপনায় নয়, মানুষের অভিজ্ঞতা ও স্মৃতিতেও বেঁচে থাকে।












