হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামজনিত নিশ্চিত ও সন্দেহভাজন মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ জনে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, নতুন চারটি মৃত্যুকেই সন্দেহভাজন হামজনিত মৃত্যু হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২১৩। অন্যদিকে পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ১০৫-এ অপরিবর্তিত রয়েছে।
একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ৫০৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এতে চলতি বছর মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে নতুন করে ১৭৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৪২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।












