কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারে শিশুদের যৌন নিপীড়নমূলক ভুয়া ছবি ও ভিডিও তৈরির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। মাত্র দুই বছরের ব্যবধানে এ ধরনের ছবি ও ভিডিও নিয়ে অভিযোগ বেড়েছে ৮ হাজার ৪০০ শতাংশের বেশি। সাধারণ ছবি ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে যৌন আবেদনময় ভুয়া ছবি তৈরির প্রযুক্তি শিশুদের ব্ল্যাকমেইল, হয়রানি ও যৌন শোষণের নতুন ঝুঁকিতে ফেলছে।
এডিনবরা বিশ্ববিদ্যালয়ের চাইল্ডলাইট গ্লোবাল চাইল্ড সেফটি ইনস্টিটিউটের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা যায়, এআই দিয়ে তৈরি শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্টের বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনের কাছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাঠানো অভিযোগের সংখ্যা ২০২৩ সালে প্রায় ৪ হাজার ৭০০ ছিল। ২০২৫ সালে তা বেড়ে ৪ লাখ ছাড়িয়েছে।
গবেষকদের আশঙ্কা, উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করে বাস্তব শিশুদের মুখাবয়ব ও ছবি কাজে লাগিয়ে যৌন নিপীড়নমূলক ভুয়া ভিডিও ও ছবি তৈরি করা হচ্ছে। এসব কনটেন্ট ব্যবহার করে শিশুদের ভয় দেখানো, অর্থ আদায় এবং নানা ধরনের শোষণ করা হচ্ছে।
বিশেষ করে এআইচালিত ‘নিউডিফাই’ অ্যাপের মাধ্যমে সাধারণ ছবি থেকে মুহূর্তের মধ্যে আপত্তিকর ভুয়া ছবি তৈরি করা সম্ভব হচ্ছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শিশুদের সাধারণ ছবিও অপরাধীদের হাতে অপব্যবহারের ঝুঁকিতে পড়ছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন ২০২৪ ও ২০২৫ সালে এআই দিয়ে তৈরি যৌন নিপীড়নমূলক কনটেন্টের মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত ২৭৫টির বেশি শিশুকে শনাক্ত করেছে। উদ্বেগের বিষয়, এসব ঘটনায় জড়িতদের কেউ কেউ ছিল শিশুদের পরিচিত ব্যক্তি।
চাইল্ডলাইটের বৈশ্বিক তথ্যবিষয়ক পরিচালক অধ্যাপক দেবি ফ্রাই বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত পরিবর্তনের সঙ্গে শিশুদের নিরাপত্তার ঝুঁকিও যেভাবে বাড়ছে, তা গভীর উদ্বেগের বিষয়। তবে শনাক্তকরণ ও অভিযোগ জানানোর ব্যবস্থা উন্নত হওয়ায় পরিসংখ্যানে বৃদ্ধির একটি অংশ ব্যাখ্যা করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতিবছর ৩০ কোটির বেশি শিশু প্রযুক্তিনির্ভর যৌন শোষণ ও নির্যাতনের শিকার হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই প্রতি চার শিশুর একজন অনলাইন নির্যাতনের অভিজ্ঞতার মুখোমুখি হয়।
ভুয়া ছবি ও ভিডিও তৈরির বিস্তার
যুক্তরাজ্যভিত্তিক ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশনের তথ্যেও পরিস্থিতির ভয়াবহতা উঠে এসেছে। সংস্থাটি ২০২৫ সালে এআই দিয়ে তৈরি শিশুদের যৌন নিপীড়নমূলক ৩ হাজার ৪৪৩টি ভিডিও শনাক্ত করেছে। অথচ ২০২৪ সালে এ ধরনের ভিডিও শনাক্ত হয়েছিল মাত্র ১৩টি। নতুন শনাক্ত ভিডিওগুলোর প্রায় দুই-তৃতীয়াংশ যুক্তরাজ্যের আইনে সবচেয়ে গুরুতর অপরাধের শ্রেণিতে পড়েছে।
এদিকে এআইভিত্তিক ছবি তৈরির প্রযুক্তি নিয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপরও চাপ বাড়ছে। ইলন মাস্কের মালিকানাধীন এক্স এবং তাঁর প্রতিষ্ঠান এক্সএআইয়ের তৈরি গ্রোকের ছবি তৈরির সুবিধায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় কানাডার গোপনীয়তা সুরক্ষাবিষয়ক নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে।
সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেটের এক হিসাব অনুযায়ী, গ্রোক মাত্র ১১ দিনে প্রায় ৩০ লাখ যৌন আবেদনময় ভুয়া ছবি তৈরি করেছে। এর মধ্যে ২৩ হাজারের বেশি ছবিতে শিশুদের দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
নিয়ন্ত্রণে পিছিয়ে আইন ও প্রযুক্তি
এআই দিয়ে তৈরি অবৈধ যৌন ছবি ও ভিডিও ঠেকাতে ইউরোপ ও যুক্তরাজ্যেও তদন্ত শুরু হয়েছে। গ্রোকের মাধ্যমে শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্টসহ অবৈধ ভুয়া ছবি তৈরির অভিযোগে ইউরোপীয় কমিশন এক্সের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলোও এক্স ও এক্সএআইয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে পৃথক অনুসন্ধান চালাচ্ছে।
তবে প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মেলাতে পারছে না বিদ্যমান আইন। যুক্তরাজ্যের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম জানিয়েছে, স্বতন্ত্র এআই চ্যাটবটের ক্ষেত্রে বর্তমান অনলাইন নিরাপত্তা আইনের কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফলে ছবি তৈরির কিছু প্রযুক্তি প্রচলিত নিয়ন্ত্রণব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে।
যুক্তরাজ্যের এআই সিকিউরিটি ইনস্টিটিউটের মতে, বাজারে ছাড়ার আগে এআই মডেল পরীক্ষা করলেও অপব্যবহার পুরোপুরি ঠেকানো সম্ভব নয়। কারণ, এসব সফটওয়্যার ডাউনলোড করে পরিবর্তন করা এবং স্বাধীনভাবে পরিচালনা করা যায়।
এ পরিস্থিতিতে এআই প্রযুক্তি তৈরির প্রতিটি ধাপে কঠোর নিরাপত্তা পরীক্ষা, ব্যবহারকারীর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং নিয়মিত নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।
গবেষণার ফলাফল বলছে, এআইয়ের সুবিধা বাড়ার পাশাপাশি অপরাধের নতুন পথও তৈরি হচ্ছে। বিশেষ করে শিশুদের ছবি ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সমন্বিত পদক্ষেপ এখন জরুরি হয়ে উঠেছে।












