চীনের প্রযুক্তিনগরী শেনজেন এখন অস্বাভাবিক নীরব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বের প্রায় ২০ জন রাষ্ট্র ও সরকারপ্রধানের আগমন উপলক্ষে শহরজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা। বন্ধ রাখা হয়েছে ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহ, নিষিদ্ধ করা হয়েছে গাড়ির হর্ন বাজানো। এমনকি ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমাতে বাসিন্দাদেরও বিশেষভাবে উৎসাহিত করছে প্রশাসন।
আগামী কয়েক দিনের মধ্যেই শেনজেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন। বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনীতির নেতাদের এই সম্মেলনকে সামনে রেখে চীনের অন্যতম ব্যস্ত ও প্রযুক্তিনির্ভর শহরটিকে আরও সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও নিরাপদ হিসেবে তুলে ধরতে চাইছে দেশটির কর্তৃপক্ষ।
১৫ লাখের বেশি গাড়ির মালিক সড়ক এড়িয়ে চলার প্রতিশ্রুতি
সম্মেলন উপলক্ষে শেনজেনের যানজট নিয়ন্ত্রণে বড় ধরনের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে ১৫ লাখের বেশি গাড়ির মালিক ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এর বিনিময়ে তাঁদের দেওয়া হচ্ছে বিশেষ এপেক গাড়ির স্টিকার। প্রতিশ্রুতি অনুযায়ী গাড়ি ব্যবহার থেকে বিরত থাকলে সর্বোচ্চ ১০০ ইউয়ান মূল্যমানের গণপরিবহন কার্ডও পাওয়া যাবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ টাকা।
মঙ্গলবার থেকে শহরের অধিকাংশ এলাকায় দিনের বেলায় বাইরের নিবন্ধনযুক্ত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অন্য শহর থেকে আসা মানুষের যাতায়াতেও প্রভাব পড়ছে।
শুধু ব্যক্তিগত গাড়ি নয়, বৈদ্যুতিক বাইক চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এসব বাইকের চালকদের নির্দিষ্ট এলাকায় বাইক থেকে নেমে চলাচলের অনুরোধ জানানো হয়েছে। এর বিনিময়ে তাঁদের বিমা সুবিধায় ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধান সড়কগুলো থেকে পার্ক করে রাখা বাইক সরিয়ে নেওয়া হচ্ছে।

ড্রোন সরবরাহ বন্ধ ১০ দিনের জন্য
শেনজেন চীনের প্রযুক্তি ও ড্রোনশিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। শহরটির দৈনন্দিন জীবনেও ড্রোনের ব্যবহার দ্রুত বেড়েছে। বিশেষ করে খাবার ও ছোট পণ্য সরবরাহে ড্রোন এখন পরিচিত প্রযুক্তি।
কিন্তু এপেক সম্মেলনকে সামনে রেখে সেই প্রযুক্তির ব্যবহারেও সাময়িক বিরতি টানা হয়েছে।
খাদ্য ও পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান মেইতুয়ান ১০ দিনের জন্য ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহ বন্ধ রেখেছে। সম্মেলন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা এবং আকাশপথে অনাকাঙ্ক্ষিত চলাচল এড়ানোই এ সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য।
শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধনের কাজও শেষ করা হয়েছে। সম্মেলনের মূল আয়োজনস্থলের পাশে অবস্থিত হানি লেক এলাকায় নতুন ফুলের বাগান তৈরি এবং সড়ক সংস্কার করা হয়েছে।
একসময় এশিয়ার অন্যতম বড় বিনোদন পার্ক ছিল এই এলাকা। ১৯৮৫ সালে চালু হওয়া পার্কটির পুরোনো রোলার কোস্টার ২০২৪ সালে ভেঙে ফেলা হয়। সেখানে এখন গড়ে উঠছে আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্র।
হর্ন বাজালেই জরিমানা, নজরদারিতে অ্যাকোস্টিক ক্যামেরা
শেনজেনের নীরবতা নিশ্চিত করতে গাড়ির হর্ন ব্যবহারের ওপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
চলতি মাস থেকেই শহরজুড়ে হর্ন বাজানোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নিয়ম ভাঙলে অ্যাকোস্টিক ক্যামেরার মাধ্যমে শব্দ শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধের জন্য জরিমানা শুরু হয়েছে ৩০০ ইউয়ান থেকে।
আগেও শেনজেনে হর্ন ব্যবহারে বিধিনিষেধ ছিল। তবে সম্মেলন সামনে রেখে নতুন নিয়মটি আরও ব্যাপকভাবে প্রচার করা হয়েছে।
কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষও রয়েছে। ২৯ বছর বয়সী গণমাধ্যমকর্মী লিউর অভিযোগ, হর্ন বাজানোর সুযোগ না থাকায় রাস্তায় গাড়ি একে অপরের সামনে বিপজ্জনকভাবে ঢুকে পড়ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।
স্কুল বন্ধ, বিপাকে কর্মজীবী অভিভাবকেরা
সম্মেলন ঘিরে শহরের বাসিন্দাদের দৈনন্দিন জীবনেও পরিবর্তন এসেছে। শেনজেনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো মঙ্গলবার থেকে চার দিনের শরৎকালীন ছুটিতে যাচ্ছে।
তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অধিকাংশ কর্মজীবী মানুষের জন্য ছুটি নেই। ফলে সন্তানদের দেখাশোনা নিয়ে বিপাকে পড়েছেন অনেক অভিভাবক।
সম্মেলনস্থলের কাছাকাছি বসবাসকারী এক নারী জানিয়েছেন, সড়ক বন্ধ থাকায় এই সপ্তাহে তিনি গাড়ি নিয়ে কর্মস্থলে যেতে পারবেন না। তবে তাঁর কাছে আরও বড় সমস্যা হলো সন্তানদের দেখাশোনার ব্যবস্থা করা।
এ পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে কর্মীদের বাসা থেকে কাজের সুযোগ দেওয়া, অফিসের সময় পরিবর্তন কিংবা বেতনসহ ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
কেউ কেউ অবশ্য এই সুযোগে শহর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। জন নামে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছুটি কাটাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং শহরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পোশাকেও সতর্কতা, স্বেচ্ছাসেবকদের লাল জ্যাকেট
সম্মেলনকে ঘিরে সতর্কতা শুধু যানবাহন ও নিরাপত্তা ব্যবস্থায় সীমাবদ্ধ নেই। পোশাক নিয়েও কর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
একটি প্রতিষ্ঠানের কর্মী লিন জানান, তাঁদের এমন পোশাক না পরতে বলা হয়েছে, যাতে ইংরেজিতে লেখা কোনো বাক্যের অর্থ না জেনে সেটি ব্যবহার করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে পোশাকে আপত্তিকর শব্দ বা বাক্য থাকার ঝুঁকি এড়াতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ লাল জ্যাকেট পরে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন। আবাসিক এলাকার নিরাপত্তাকর্মীদেরও এসব জ্যাকেট পরতে দেখা যাচ্ছে।
নানশান এলাকার এক নিরাপত্তাকর্মী জানান, তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁকে এই পোশাক পরতে বলেছেন। তবে জ্যাকেটে ইংরেজিতে কী লেখা রয়েছে, তা তিনি জানেন না।
প্রযুক্তিনগরীর ভাবমূর্তি তুলে ধরতে বড় আয়োজন
একসময় কৃষিনির্ভর ও অপেক্ষাকৃত পিছিয়ে থাকা অঞ্চল হিসেবে পরিচিত শেনজেন এখন চীনের অন্যতম প্রধান প্রযুক্তি ও উদ্ভাবনকেন্দ্র। ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইলেকট্রনিকস ও আধুনিক উৎপাদনশিল্পে শহরটির আন্তর্জাতিক পরিচিতি রয়েছে।
এপেক সম্মেলন তাই শুধু কূটনৈতিক আয়োজন নয়, শেনজেনের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরারও একটি বড় সুযোগ।
তবে আন্তর্জাতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া কঠোর ব্যবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় যে চাপ তৈরি হয়েছে, সেটিও স্পষ্ট হয়ে উঠছে।
বিশ্বনেতাদের সামনে একটি সুশৃঙ্খল ও আধুনিক নগরীর চিত্র তুলে ধরতে গিয়ে শেনজেনকে আপাতত নিজের পরিচিত ব্যস্ততা, যানবাহনের শব্দ এবং ড্রোননির্ভর দৈনন্দিন জীবন থেকে সাময়িক বিরতি নিতে হচ্ছে।












