জার্মানির হাসপাতাল ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে চীনের অভিজ্ঞতা ও প্রযুক্তির দিকে ঝুঁকছেন দেশটির স্বাস্থ্য খাতের নীতিনির্ধারক ও হাসপাতাল পরিচালকেরা। হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম, রোগ নির্ণয়, চিকিৎসাসংক্রান্ত তথ্য সংরক্ষণ এবং রোগ প্রতিরোধমূলক সেবায় চীনের অগ্রগতি থেকে শিক্ষা নিতে চায় জার্মানি। একই সঙ্গে চিকিৎসা গবেষণা, টেলিমেডিসিন ও নার্সিং শিক্ষায় দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে।
জার্মানির ডুসেলডর্ফে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় আন্তর্জাতিক জার্মান-চীন হাসপাতাল দিবস। এ উপলক্ষে দুই দেশের হাসপাতাল খাতের প্রতিনিধিরা পেশাগত অভিজ্ঞতা বিনিময় করবেন। সেখানে হাসপাতাল ব্যবস্থাপনা, চিকিৎসা প্রযুক্তি, গবেষণা এবং স্বাস্থ্যসেবার ডিজিটাল রূপান্তর নিয়ে চলমান অংশীদারত্বের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
জার্মান হাসপাতাল খাতের বিশেষজ্ঞদের মতে, চীনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা এখন আর শুধু জার্মানির কাছ থেকে শেখার অবস্থানে নেই। বরং ডিজিটাল প্রযুক্তি ও হাসপাতাল পরিচালনায় চীনের অভিজ্ঞতা থেকে জার্মানিরও অনেক কিছু শেখার রয়েছে।
জার্মানির হাসপাতালগুলোর তথ্য বিনিময় ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ডয়েচে ক্রাঙ্কেনহাউস ট্রাস্টসেন্টার উন্ড ইনফরমেশনসভ্যারারবাইটুংয়ের (ডিকেটিআইজি) প্রধান নির্বাহী রেনে শুবার্ট মনে করেন, নিজেদের অভিজ্ঞতার বাইরে তাকানো এবং অন্য দেশের সাফল্য থেকে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চীনের ডিজিটাল প্রযুক্তিতে আগ্রহ জার্মানির
জার্মানির হাসপাতাল ব্যবস্থাপকদের আগ্রহের বড় জায়গা চীনের উন্নত ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রযুক্তি। বিশেষ করে রোগীর তথ্য সংরক্ষণ, চিকিৎসার নথিপত্র তৈরি, রোগ নির্ণয় এবং হাসপাতালের দৈনন্দিন প্রশাসনিক কাজ সহজ করার প্রযুক্তিগুলো জার্মানিতে প্রয়োগ করতে চান বিশেষজ্ঞরা।
জার্মান-চায়নিজ সোসাইটি ফর হেলথকেয়ার ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী মাইকেল ড্রাইহাম বলেন, এমন প্রযুক্তি গুরুত্বপূর্ণ, যা চিকিৎসকদের দৈনন্দিন কাজ সত্যিকার অর্থে সহজ করে।
তার মতে, বড় হাসপাতাল এবং স্থানীয় পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে তথ্য ও চিকিৎসাসংক্রান্ত সহযোগিতা বাড়াতে চীনের প্রযুক্তিগত অভিজ্ঞতা জার্মানির কাজে আসতে পারে।
হাসপাতালের অর্থায়ন ব্যবস্থাতেও চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দেখছেন জার্মান বিশেষজ্ঞরা। জার্মানি বর্তমানে হাসপাতালের অর্থায়ন ব্যবস্থায় পরিবর্তন আনছে। নির্দিষ্ট হারে অর্থ পরিশোধের পরিবর্তে চিকিৎসার ধরন, প্রয়োজনীয় জনবল এবং হাসপাতালের প্রস্তুতিমূলক ব্যয়ের ভিত্তিতে অর্থায়নের দিকে এগোচ্ছে দেশটি।
উদাহরণ হিসেবে স্ট্রোক রোগীদের চিকিৎসার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ ধরনের রোগীর জরুরি চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে সার্বক্ষণিক স্নায়ুরোগ বিশেষজ্ঞ, নার্স এবং সিটি স্ক্যান প্রযুক্তিবিদ প্রস্তুত রাখতে হয়। আগে রোগী ভর্তি হলেই মূলত হাসপাতাল অর্থ পেত। নতুন ব্যবস্থায় রোগী না থাকলেও জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখার খরচ মেটাতে নির্দিষ্ট অর্থ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
জার্মানির অভিজ্ঞতা থেকেও শিখছে চীন
দুই দেশের সহযোগিতার ইতিহাস অবশ্য একমুখী নয়। সাত বছর আগে জার্মানির সঙ্গে যোগাযোগের শুরুতে চীনের হাসপাতাল খাতের প্রতিনিধিদের আগ্রহ ছিল জার্মান হাসপাতাল ডিরেক্টরি ব্যবস্থার প্রতি।
ডিকেটিআইজির পরিচালিত এই ব্যবস্থায় হাসপাতালের অবস্থান, রোগী ভর্তির সংখ্যা, অস্ত্রোপচারের সাফল্য এবং চিকিৎসার মানসংক্রান্ত তথ্যের ভিত্তিতে রোগীরা বিভিন্ন হাসপাতালের তুলনা করতে পারেন। এর ফলে চিকিৎসার জন্য হাসপাতাল বেছে নেওয়া সহজ হয়।
সে সময় চীনে হাসপাতালের এ ধরনের তথ্য মূলত বইয়ের মাধ্যমে প্রকাশিত হতো। ফলে রোগী ও চিকিৎসকদের জন্য হাসপাতালের মান তুলনা করা কঠিন ছিল।
তবে পরিস্থিতি এখন বদলেছে। জার্মান বিশেষজ্ঞদের স্বীকারোক্তি অনুযায়ী, হাসপাতালের ডিজিটাল ব্যবস্থাপনায় চীন বর্তমানে জার্মানির চেয়ে অনেক এগিয়ে।
চীনের শিয়ান অঞ্চলে জার্মানির হাসপাতাল ডিরেক্টরির আদলে একটি পরীক্ষামূলক ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর বিষয়েও আলোচনা হচ্ছে। এটি চালু হলে রোগীরা অনলাইনে হাসপাতালের চিকিৎসার ফলাফল ও মানসংক্রান্ত তথ্য দেখতে পারবেন।
এ ছাড়া চীনের নর্থওয়েস্ট ইউনিভার্সিটি এবং জার্মানির ইউনিভার্সিটি অব লাইপজিগ মেডিকেল সেন্টার যৌথভাবে টেলিমেডিসিন প্রকল্পে কাজ করছে। এর আওতায় দুই দেশের বিশেষজ্ঞরা জটিল ক্যানসার রোগীদের চিকিৎসা ও সম্ভাব্য চিকিৎসাপদ্ধতি নিয়ে ভার্চুয়ালি আলোচনা করবেন।
এই উদ্যোগকে দুই দেশের চিকিৎসা খাতের বাস্তবভিত্তিক সহযোগিতার উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
নার্সিং শিক্ষা ও বিকল্প চিকিৎসায়ও সহযোগিতার সুযোগ
শুধু প্রযুক্তি নয়, নার্সিং শিক্ষা এবং চিকিৎসার বিকল্প পদ্ধতি নিয়েও দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে।
জার্মান নার্সেস অ্যাসোসিয়েশনের উপব্যবস্থাপনা পরিচালক ইনগো বোয়িং মনে করেন, বিশেষ করে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে এমন সমাজে প্রচলিত চীনা চিকিৎসাপদ্ধতি পশ্চিমা চিকিৎসাব্যবস্থার পরিপূরক হিসেবে বিবেচিত হতে পারে।
চীনের নার্সিং শিক্ষাব্যবস্থাও জার্মান বিশেষজ্ঞদের নজর কেড়েছে। চীনে অনেক নার্স বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা গ্রহণ করেন। অন্যদিকে জার্মানিতে নার্সদের জন্য সাধারণত পেশাগত প্রশিক্ষণই প্রধান যোগ্যতা।
বোয়িংয়ের মতে, দীর্ঘমেয়াদি ও একাধিক জটিল রোগে আক্রান্ত বয়স্ক মানুষের চিকিৎসায় বিশ্ববিদ্যালয়ভিত্তিক নার্সিং শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি নার্সদের পেশাগত দক্ষতা, পরিচিতি ও দায়িত্ব পালনের সক্ষমতাও বাড়াতে পারে।
রাজনৈতিক উত্তেজনায় বাধাগ্রস্ত হতে পারে সহযোগিতা
স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়লেও জার্মানি ও চীনের সম্পর্কের ক্ষেত্রে ভূরাজনৈতিক উত্তেজনা একটি বড় বাধা হয়ে রয়েছে।
চীনের ওপর নির্ভরতা কমানো এবং ইউরোপের নিজস্ব শিল্পকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালের জুনে ইউরোপীয় ইউনিয়ন চীনা প্রতিষ্ঠান ও চিকিৎসা সরঞ্জামের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করে।
এসব বিধিনিষেধের আওতায় পাঁচ মিলিয়ন ইউরো বা তার বেশি মূল্যের নির্দিষ্ট সরকারি ক্রয়চুক্তিতে চীনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ সীমিত করা হয়েছে। পাশাপাশি সরকারি ক্রয়াদেশ বাস্তবায়নে চীনে তৈরি চিকিৎসা সরঞ্জামের ব্যবহারেও সীমা নির্ধারণ করা হয়েছে।
জবাবে চীনও পাল্টা ব্যবস্থা নিয়েছে। দেশটি ৪৫ মিলিয়ন ইউয়ানের বেশি মূল্যের চিকিৎসা সরঞ্জামসংক্রান্ত সরকারি ক্রয়চুক্তিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর অংশগ্রহণ নিষিদ্ধ করেছে।
তবে এসব বাধার মধ্যেও জার্মানির হাসপাতাল খাতে বিনিয়োগ ও সংস্কারের নতুন সুযোগ তৈরি হচ্ছে।
২০৩৫ সাল পর্যন্ত ২৯ বিলিয়ন ইউরোর তহবিল
জার্মানির হাসপাতাল সংস্কার সমন্বয় আইন দেশটির স্বাস্থ্যসেবা খাতে নতুন বিনিয়োগের পথ খুলে দিয়েছে। ২০৩৫ সাল পর্যন্ত হাসপাতাল খাতের রূপান্তরে মোট ২৯ বিলিয়ন ইউরো দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
এই অর্থ হাসপাতালগুলোর পুনর্গঠন ও একীভূতকরণ, টেলিমেডিসিন নেটওয়ার্ক সম্প্রসারণ এবং হাসপাতালকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা সমন্বিত প্রতিষ্ঠানে রূপান্তরের কাজে ব্যয় করা হবে।
বিশেষজ্ঞদের মতে, এই বিনিয়োগ জার্মানি ও চীনের মধ্যে প্রযুক্তি, চিকিৎসা গবেষণা এবং হাসপাতাল ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগের সুযোগ বাড়াতে পারে।
সব মিলিয়ে জার্মানি-চীন স্বাস্থ্যসেবা সহযোগিতা একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে। অতীতে যেখানে জার্মানি ছিল প্রযুক্তি ও হাসপাতাল ব্যবস্থাপনায় অভিজ্ঞতার প্রধান উৎস, এখন সেখানে চীনের ডিজিটাল অগ্রগতি জার্মানির জন্য গুরুত্বপূর্ণ শিক্ষার ক্ষেত্র হয়ে উঠেছে। তবে বাণিজ্যিক বিধিনিষেধ ও ভূরাজনৈতিক টানাপোড়েন এই সহযোগিতা কতটা এগোবে, তা নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
সূত্র: নিক্কেই এশিয়া | লেখক: জেনস ক্যাস্টনার | ১৭ নভেম্বর ২০২৬












