বাংলাদেশে সংঘটিত সব ধরনের সহিংসতার ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার থাকলেও কোনো কর্মসূচিতে সহিংসতা গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট করেছে সংস্থাটি।
১৬ নভেম্বর নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ অবস্থান তুলে ধরেন সংস্থাটির উপমুখপাত্র ফারহান হক। বাংলাদেশের এক সাংবাদিক গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার বিষয়ে জাতিসংঘের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, সব সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথভাবে তদন্ত হওয়া উচিত।
ফারহান হক আরও বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার সবার রয়েছে। তবে সেই প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।












