রাশিয়ার ধারাবাহিক বিমান হামলা মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে নতুন করে ৩০ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে জার্মানি। এ সহায়তার আওতায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, আইআরআইএস-টি প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র, রাডার, ড্রোন ও এফ-১৬ যুদ্ধবিমানের গোলাবারুদ সরবরাহ করা হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে এ ঘোষণা দেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে না পেরে রাশিয়া ইউক্রেনের ওপর বিমান হামলার তীব্রতা বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা জরুরি।
পিস্টোরিয়াস জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেনের জন্য অস্ত্র কেনার অর্থায়নে গঠিত ‘প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট’ উদ্যোগে অতিরিক্ত ৩০ কোটি ডলার দেবে জার্মানি। নতুন অর্থের বড় অংশ ব্যয় করা হবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে।
নতুন সহায়তা প্যাকেজে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার পিএসি-২ ও পিএসি-৩ সংস্করণের জন্য পরিচালিত ক্ষেপণাস্ত্র থাকবে। পাশাপাশি আগে প্রতিশ্রুত আইআরআইএস-টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও এর ক্ষেপণাস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে বার্লিন।
এ ছাড়া নরওয়ের সরবরাহ করা নাসামস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য আইআরআইএস-টি ক্ষেপণাস্ত্র যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে জার্মানি। আকাশপথের পরিস্থিতি পর্যবেক্ষণে নতুন রাডার, এফ-১৬ যুদ্ধবিমানের গোলাবারুদ এবং ড্রোনও দেওয়া হবে।
জার্মান প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে। দেশটির বড় শহরগুলো এসব হামলার অন্যতম লক্ষ্যবস্তু। এতে শীতের মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিয়ে ইউক্রেনের সংকট আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পিস্টোরিয়াস বলেন, ইউক্রেনকে সহায়তাকারী দেশগুলোর কাছে এখন বিষয়টি পরিষ্কার যে, রুশ হামলা মোকাবিলায় দ্রুত ও কার্যকর সামরিক সহায়তা অব্যাহত রাখতে হবে। দিনের পরবর্তী সময়ে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে জার্মানি নতুন সহায়তার প্রতিশ্রুতি তুলে ধরবে বলেও জানান তিনি।
রাশিয়ার বিমান হামলার মুখে ইউক্রেনের শহর, বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় ভূমিকা রাখছে। জার্মানির নতুন সহায়তা সেই সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ইউক্রেনের শীতকালীন নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হতে পারে।












