ব্রিটিশ অভিনেতা ও সাবেক উপস্থাপক রাসেল ব্র্যান্ডের কারাগার থেকে পাঠানো বার্তা ইউটিউবে প্রকাশের ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনে দ্বিতীয় একটি অনলাইন নিরাপত্তা আইন প্রণয়ন করতে হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য জেস ফিলিপস।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি বলেন, দণ্ডিত অপরাধীরা যেন কারাগারে থেকেও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিপুলসংখ্যক মানুষের কাছে নিজেদের বক্তব্য পৌঁছে দিতে না পারেন, সে বিষয়ে বর্তমান আইনি কাঠামো যথেষ্ট নয়।
রাসেল ব্র্যান্ডের স্ত্রী লরা ব্র্যান্ড সম্প্রতি তাঁর স্বামীর একটি ভিডিওবার্তা ইউটিউবে প্রকাশ করেন। ভিডিওতে রাসেল ব্র্যান্ড দাবি করেন, যৌন অপরাধে জুরির দেওয়া রায়ে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ প্রমাণিত হয়েছে, তিনি সেসব অপরাধ করেননি। ভিডিওটি দম্পতির ইউটিউব চ্যানেলের ৬৬ লাখ গ্রাহকের কাছে পৌঁছায়। প্রকাশের পর এটি প্রায় ৮ লাখ ৫০ হাজার বার দেখা হয়েছে।
কারাগার থেকে বার্তা, তদন্তে বিচার মন্ত্রণালয়
ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার কয়েক দিনের মধ্যেই রাসেল ব্র্যান্ডের এই বার্তা প্রকাশিত হয়। বিষয়টি সামনে আসার পর যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয় তদন্ত শুরু করে। কারাগারের নিয়ম ভঙ্গ করে তিনি বাইরের মানুষের কাছে বার্তা পাঠিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ব্রিটিশ কারা কর্তৃপক্ষের মাধ্যমে সরকার গুগলের কাছে ভিডিওটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। তবে ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ভিডিওটি যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের মানসিকভাবে বিপর্যস্ত করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগীদের অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা।
গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি নতুন প্রকাশিত ভিডিও সম্পর্কে অবগত এবং বিষয়টি তদন্ত করছে। রাসেল ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলকে ২০২৩ সালের সেপ্টেম্বরেই অংশীদার কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছিল। ফলে ওই চ্যানেল থেকে ইউটিউবে অর্থ আয় করার সুযোগ নেই।
বর্তমান আইন কেন যথেষ্ট নয়
যুক্তরাজ্যে ২০২৩ সালে অনলাইন নিরাপত্তা আইন কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ ও ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ এবং শিশু-কিশোরদের বয়স অনুপযোগী বিষয়বস্তু থেকে সুরক্ষা দেওয়াই এই আইনের প্রধান উদ্দেশ্য।
পরবর্তী সময়ে আইনটির আওতা বাড়ানো হয়েছে এবং নিয়ন্ত্রক সংস্থা অফকমের আচরণবিধিতেও পরিবর্তন আনা হয়েছে। তবে কারাগারে থাকা কোনো বন্দি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরাসরি বাইরের মানুষের কাছে বক্তব্য পৌঁছে দিলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে আইনে স্পষ্ট বিধান নেই।
নারী ও মেয়েদের নিরাপত্তা এবং সুরক্ষাবিষয়ক সাবেক মন্ত্রী জেস ফিলিপস বলেন, বর্তমান ব্যবস্থায় সরকার এ ধরনের কনটেন্ট সরিয়ে নিতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করতে পারছে না। তাঁর মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য স্বেচ্ছামূলক আচরণবিধি যথেষ্ট নয়।
তিনি বলেন, অতীতে বিপুলসংখ্যক ইউটিউব অনুসারী থাকা বন্দিদের এমন পরিস্থিতি মোকাবিলা করতে হয়নি। তাই নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়ন্ত্রণব্যবস্থা পরিবর্তন করা প্রয়োজন। প্রয়োজনে দ্বিতীয় একটি অনলাইন নিরাপত্তা আইনও করতে হতে পারে।
গুগলের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ
ভিডিওটি সরিয়ে নেওয়ার দাবিতে বৃহস্পতিবার যুক্তরাজ্যের মন্ত্রীদের মধ্যেও চাপ বাড়ে।
শিশু ও পরিবারবিষয়ক মন্ত্রী জশ ম্যাকঅ্যালিস্টার বলেন, ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা রাসেল ব্র্যান্ডের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছে। কারণ, প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী সেগুলো কমিউনিটির জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয়েছিল। ইউটিউবের কাছেও একই ধরনের পদক্ষেপ প্রত্যাশা করেন তিনি।
আবাসনবিষয়ক মন্ত্রী ম্যাথিউ পেনিকুক ভিডিওটিকে উদ্বেগজনক ও এর বার্তাকে ঘৃণ্য বলে মন্তব্য করেন। তাঁর বক্তব্য, রাসেল ব্র্যান্ডের অপরাধের শিকার ব্যক্তিদের কেউ যদি ভিডিওটি দেখেন, তাহলে তাঁদের জন্য তা অত্যন্ত কষ্টদায়ক হতে পারে।
তিনি আরও বলেন, বন্দিদের গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ওপর আগে থেকেই বিধিনিষেধ রয়েছে। তাই বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ পরিস্থিতি বিবেচনায় গুগলকে ভিডিওটি সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
তবে বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক মনে করেন, আইন লঙ্ঘনের বিষয়টি যাচাই না করে বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানকে কোনো কনটেন্ট সরিয়ে নিতে বাধ্য করার দাবি দিয়ে বিষয়টির সমাধান শুরু করা উচিত নয়। তাঁর মতে, রাসেল ব্র্যান্ডের স্ত্রী নিজেও একজন স্বতন্ত্র ব্যক্তি এবং ইউটিউব একটি বেসরকারি প্ল্যাটফর্ম।
বন্দিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিতর্ক
রাসেল ব্র্যান্ডের ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, কারাগারে থাকা কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নিজের বক্তব্য প্রচার করতে পারবেন কি না এবং এ ক্ষেত্রে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায় কতটুকু।
এর আগেও উগ্র ডানপন্থী কর্মী টমি রবিনসন নামে পরিচিত স্টিফেন ইয়াক্সলি-লেননের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
জেস ফিলিপসের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যদি ভুক্তভোগীদের স্বার্থকে তাদের কনটেন্ট নীতির কেন্দ্রে না রাখে, তাহলে কঠোর নিয়ন্ত্রণের দাবি আরও জোরালো হবে। তাঁর বক্তব্য, কম নিয়ন্ত্রণ চায় এমন প্রতিষ্ঠানগুলোর উচিত নিজেদের উদ্যোগেই ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।












