ভেনেজুয়েলার সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ মেটাতে প্রতিবেশী দেশটিকে গায়ানার ভূখণ্ডের একটি অংশ ছেড়ে দেওয়ার সম্ভাবনা বিবেচনার প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। তাঁর এমন বক্তব্যে বিস্মিত হয়ে পড়েন গায়ানার কর্মকর্তারা। পরে ওয়াশিংটনের কাছে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে ব্যাখ্যাও চান তাঁরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক নীতিনির্ধারণী প্রধান জেরেমি লুইন সাম্প্রতিক মাসগুলোতে গায়ানার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় দেশটির বিতর্কিত এসেকুইবো অঞ্চলের ওপর ভেনেজুয়েলার আংশিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনা তুলে ধরেন। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
এসেকুইবো গায়ানার পশ্চিমাঞ্চলের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা নিয়ে গঠিত। স্বর্ণ, হীরা ও বক্সাইটের মতো মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল দীর্ঘদিন ধরে নিজেদের বলে দাবি করে আসছে ভেনেজুয়েলা। তবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় সব দেশই কার্যত অঞ্চলটিকে গায়ানার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়।
গায়ানার কর্মকর্তাদের বিস্ময়
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে গায়ানার পররাষ্ট্রমন্ত্রী রবার্ট পারসাউদের সঙ্গে বৈঠকে লুইন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে আলোচনার মধ্যস্থতা করার প্রস্তাব দেন।
অন্য দুই সূত্র জানিয়েছে, আলোচনায় লুইন এসেকুইবো অঞ্চলের কিছু অংশে ভেনেজুয়েলার আংশিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনাও তুলে ধরেছিলেন।
তবে বৈঠকে লুইন ঠিক কী ভাষায় প্রস্তাবটি দিয়েছিলেন, সে বিষয়ে সূত্রগুলোর বক্তব্যে কিছু পার্থক্য রয়েছে। তারপরও বিষয়টি গায়ানার কর্মকর্তাদের এতটাই উদ্বিগ্ন করে যে তাঁরা দ্রুত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অন্য কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চান।
জবাবে মার্কিন কর্মকর্তারা তাঁদের আশ্বস্ত করেন, গায়ানা-ভেনেজুয়েলা সীমান্ত নিয়ে ওয়াশিংটনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
হোয়াইট হাউসের নির্দেশে আলোচনা
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে লুইন বলেন, গায়ানা ও ভেনেজুয়েলার সঙ্গে তিনি এ বিরোধ নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা করেছিলেন। তাঁর দাবি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট রদ্রিগেজ মে মাসে ট্রাম্পকে চিঠি লিখে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের সরাসরি আলোচনার পরিবেশ তৈরির অনুরোধ জানিয়েছিলেন।
এরপর জুলাইয়ে কারাকাসে এক বৈঠকে রদ্রিগেজ সরাসরি তাঁর কাছে বিষয়টি উত্থাপন করেন। লুইনের ভাষ্য অনুযায়ী, হোয়াইট হাউস তাঁকে দুই দেশের সঙ্গে প্রাথমিক ও গোপন আলোচনা চালানোর নির্দেশ দিয়েছিল। আলোচনা শেষে তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন।
লুইন বলেন, পুরো প্রক্রিয়াটি হোয়াইট হাউসের নির্দেশনা ও অনুমোদনেই পরিচালিত হয়েছে। এ বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে ভিন্ন কোনো বক্তব্য সম্পূর্ণ অসত্য।
আগস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নীতি পরিকল্পনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব নেন লুইন। এর আগে তিনি ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগে কাজ করেছিলেন। অক্টোবরের শেষ দিকে তিনি পররাষ্ট্র দপ্তর ছাড়েন।
ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন
এই ঘটনা ট্রাম্প প্রশাসনের সঙ্গে রদ্রিগেজ সরকারের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার বিষয়টিও সামনে এনেছে।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এক অভিযানে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নেওয়ার পর ওয়াশিংটন ও কারাকাসের সম্পর্ক নতুন দিকে মোড় নেয়। এরপর দেশটির অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বেড়েছে।
গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কারাকাসে রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেন। সেখানে দুই দেশের সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
মে মাসের ১১ তারিখে লেখা রদ্রিগেজের একটি চিঠিও রয়টার্সের হাতে এসেছে। এতে তিনি এসেকুইবো নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন। তাঁর প্রস্তাব ছিল, গায়ানার সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরিবেশ তৈরি করে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করা।
তবে চিঠিটির সত্যতা রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। লুইনই সংবাদমাধ্যমটির কাছে চিঠিটি সরবরাহ করেন।
১৮০ বছরের পুরোনো ভূখণ্ড বিরোধ
গায়ানা ও ভেনেজুয়েলার মধ্যে এসেকুইবো নিয়ে বিরোধের ইতিহাস ১৮০ বছরেরও বেশি পুরোনো। বিভিন্ন সময়ে অঞ্চলটির ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে এসেছে ভেনেজুয়েলা।
২০১৫ সালে এসেকুইবোর কাছাকাছি সমুদ্র এলাকায় বিপুল তেলসম্পদ আবিষ্কারের পর বিরোধটি আরও তীব্র হয়। মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সনমবিলের এসব আবিষ্কারের ফলে গায়ানার অর্থনীতিতে বড় পরিবর্তন আসে। দেশটি বর্তমানে বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধিশীল অর্থনীতিগুলোর একটি।
ভেনেজুয়েলার ক্রমবর্ধমান হুমকির মুখে ২০১৮ সালে গায়ানা নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে বিরোধটি নিয়ে যায়। ১৮৯৯ সালের সালিশি সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সীমান্ত পুনর্ব্যক্ত করার অনুরোধ জানায় দেশটি।
প্রায় ১০ লাখ মানুষের দেশ গায়ানা দক্ষিণ আমেরিকার ক্যারিবীয় উপকূলে ভেনেজুয়েলা ও সুরিনামের মাঝখানে অবস্থিত। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশটি মাদুরো সরকারের সময় কারাকাসের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিল।
অন্যদিকে রদ্রিগেজ সাম্প্রতিক মাসগুলোতে এসেকুইবোর ওপর ভেনেজুয়েলার দাবি অব্যাহত রেখেছেন। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও তিনি অঞ্চলটির আইনি অবস্থান নিয়ে আলোচনায় বসতে গায়ানার প্রতি আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিভিন্ন পক্ষ থেকে প্রতিদিনই নানা নীতিগত প্রস্তাব ও বিকল্প তাদের কাছে আসে। তবে গায়ানা-ভেনেজুয়েলা সীমান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
হোয়াইট হাউসও এ বিষয়ে প্রশ্নের জবাব পররাষ্ট্র দপ্তরের কাছে পাঠিয়েছে। তবে এসেকুইবোর ভবিষ্যৎ নিয়ে আলোচনার নির্দেশ দেওয়া হয়েছিল কি না, কিংবা রদ্রিগেজের চিঠি পাওয়ার বিষয়টি তারা নিশ্চিত করেনি।












