যশোরে একের পর এক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। গত এক সপ্তাহে জেলার চারটি শাখায় হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যাংকের কর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, তাঁদের কেউ কেউ চাকরি ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন।
সর্বশেষ মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ব্যাংকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। সে সময় ব্যাংকের ভেতরে দায়িত্ব পালনরত কর্মীরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে ব্যাংকের কোনো সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি।
সিসিটিভিতে দুই যুবকের আগুন দেওয়ার দৃশ্য
ব্যাংকের কর্মচারীদের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাতে দুই যুবক ব্যাংকের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে ব্যাংকের ভেতর থেকে কর্মীরা তাদের ধাওয়া করলে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।
ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, নারকেলবাড়িয়া গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল। ব্যাংকের কর্মী ও পুলিশের দ্রুত পদক্ষেপে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।
চার শাখায় হামলা, আতঙ্ক ৮০ শাখায়
গ্রামীণ ব্যাংকের যশোর জোনাল অফিসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে জেলার চারটি শাখায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শাখাগুলো হলো শার্শার বাগআঁচড়া ও চন্দনপুর, কেশবপুরের সাগরদাঁড়ি এবং বাঘারপাড়ার নারকেলবাড়িয়া।
যশোরে গ্রামীণ ব্যাংকের মোট ৮০টি শাখা রয়েছে। এর মধ্যে চারটি শাখায় হামলার ঘটনায় পুরো অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। হামলাগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সদর উপজেলার একটি শাখার ব্যবস্থাপক বলেন, শুধু যশোর নয়, সারা দেশেই গ্রামীণ ব্যাংককে লক্ষ্য করে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে কর্মীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। অনেকে রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না। তাঁদের কেউ কেউ চাকরি ছেড়ে দেওয়ার পরিকল্পনাও করছেন।
নিরাপত্তায় সিসিটিভি স্থাপনের উদ্যোগ
গ্রামীণ ব্যাংকের যশোর জোনাল অফিসের হিসাবরক্ষক ইসরাফিল হোসেন বলেন, জেলার ৮০টি শাখার মধ্যে চারটিতে হামলার ঘটনা ঘটেছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
তিনি জানান, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ক্যামেরা সরবরাহ করা হয়েছে এবং দ্রুত স্থাপনকাজ শেষ করার উদ্যোগ চলছে। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।
তবে ধারাবাহিক হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করেনি ব্যাংক কর্তৃপক্ষ। ফলে হামলার পেছনে কারা রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী, তা নিয়ে উদ্বেগ কাটছে না কর্মকর্তা-কর্মচারীদের।












