ব্রিটেনের ডাচেস অব সাসেক্স মেঘান মার্কেলের বাবা থমাস মার্কেলকে ঘিরে শিশু যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। তাঁর সাবেক স্ত্রী রোজলিন লাভলেসের লেখা ২০১৯ সালের একটি চিঠি এবং পরিবারের সদস্যদের বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। চিঠিতে থমাসের বিরুদ্ধে শিশু নির্যাতনের গুরুতর অভিযোগ তোলা হয়েছিল। তাঁর এক আত্মীয় দাবি করেছেন, থমাসের এশিয়া সফর এবং অল্পবয়সী মেয়েদের সঙ্গে সংশ্লিষ্টতার গল্প পরিবারে বহু বছর ধরেই প্রচলিত ছিল।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন থমাস মার্কেল। যুক্তরাষ্ট্রে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত ছবি রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁকে অপরাধী হিসেবে গণ্য করার সুযোগ নেই।
২০১৯ সালে পুলিশের কাছে পাঠানো হয়েছিল চিঠি
থমাস মার্কেলের সাবেক স্ত্রী রোজলিন লাভলেস ২০১৯ সালের জানুয়ারিতে হাতে লেখা কয়েক পৃষ্ঠার একটি চিঠি লন্ডনের মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠান। চিঠিতে থমাসের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ ছিল। লাভলেসের ছেলে ববি লুসেরো জানান, চিঠিটি পুলিশের কাছে পাঠানোর আগে তিনি সেটি পড়েছিলেন। তবে তখন তিনি এর বিষয়বস্তু গুরুত্ব দিয়ে দেখেননি।
লুসেরোর ভাষ্য, তাঁর মা জানিয়েছিলেন, চিঠিটি পাঠানোর কারণ মেঘান ও প্রিন্স হ্যারি তখন লন্ডনে ছিলেন। তিনি ভেবেছিলেন, সেখানে চিঠি পাঠালে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে। লুসেরো মনে করেন, তাঁর মা পুলিশের কাছ থেকে কোনো জবাব পাননি। ২০২৪ সালে ৭৯ বছর বয়সে মারা যান লাভলেস।
এশিয়া সফর নিয়ে পরিবারের মধ্যে আলোচনা ছিল
লুসেরো জানান, ছোটবেলা থেকেই তিনি পরিবারের সদস্যদের কাছ থেকে থমাস মার্কেলের ফিলিপাইনসহ এশিয়ার বিভিন্ন দেশে যাওয়ার কথা শুনতেন। এসব সফরকে পরিবারের সদস্যরা কখনো কখনো ‘গার্লস ট্রিপ’ বলে উল্লেখ করতেন। তবে ওই মেয়েদের বয়স সম্পর্কে তাঁকে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। বড় হওয়ার পর তিনি ধারণা করেছিলেন, এসব সফরে থমাস যৌনকর্মীদের কাছে যেতেন।
লুসেরোর সৎবাবা অ্যান্থনি গনজালেসও জানান, থমাসের অল্পবয়সী মেয়েদের প্রতি আগ্রহ নিয়ে পরিবারের মধ্যে নানা মন্তব্য শুনেছিলেন। তবে তখন তিনি বিষয়টিকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে সম্পর্কের ইঙ্গিত হিসেবে বোঝেননি।
চিঠি পেয়েও তথ্য জানায়নি মেট্রোপলিটন পুলিশ
প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারিতে চিঠিটি পাওয়ার পর স্কটল্যান্ড ইয়ার্ডের রাজপরিবার ও বিশেষ নিরাপত্তা বিভাগ সেটি পর্যালোচনা করে। পরে চিঠিটি কেনসিংটন প্যালেসে ডিউক ও ডাচেস অব সাসেক্সের দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মেঘানকে তাঁর এক দেহরক্ষী চিঠিটি দিয়েছিলেন বলে জানা গেছে। তাঁকে আশ্বস্ত করা হয়েছিল, বিষয়টি তদন্ত করা হবে।
তবে অভিযোগের তথ্য আন্তর্জাতিক পুলিশ সংস্থাগুলোর সঙ্গে ভাগ করা হয়নি। এ কারণে গত মাসে মেট্রোপলিটন পুলিশ বিষয়টি পুলিশি তদারকি সংস্থার কাছে পাঠিয়েছে।
যুক্তরাষ্ট্রে মামলা, ফিলিপাইনেও অভিযোগ
চলতি বছরের জুলাইয়ে থমাসের ছেলে থমাস মার্কেল জুনিয়র ফিলিপাইনের সেবুতে বাবার পুরোনো বাসায় শিশু যৌন নির্যাতনসংক্রান্ত ছবি পাওয়ার অভিযোগ তুলে পুলিশের কাছে যান। পরে যুক্তরাষ্ট্রে থমাসের বিরুদ্ধে এ ধরনের ছবি রাখার অভিযোগে মামলা হয়। অভিযোগের মধ্যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে তাঁর নিজের যৌনভাবে স্পষ্ট ছবিও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত সপ্তাহে ফিলিপাইনের পুলিশ তিনটি অপরাধে থমাসের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য প্রসিকিউটরদের কাছে আবেদন করেছে। যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। বৈদ্যুতিক নজরদারির ট্যাগ খুলে ফেলার অভিযোগে জামিনে মুক্ত থাকা থমাসকে চলতি মাসে আবার আটক করা হয়।
বিচারের মুখোমুখি হওয়ার মতো সক্ষম বলে আদালতের সিদ্ধান্ত
থমাস দাবি করেছিলেন, তিনি স্মৃতিভ্রংশে ভুগছেন এবং বিচারপ্রক্রিয়া বোঝা বা নিজের আইনজীবীদের সহায়তা করার মতো মানসিক অবস্থায় নেই। তবে আদালতের নির্দেশে মনোরোগ মূল্যায়নের পর গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত তাঁকে বিচারের মুখোমুখি হওয়ার মতো মানসিকভাবে সক্ষম বলে সিদ্ধান্ত দেয়। আগামী ১ ডিসেম্বর ফ্লোরিডায় তাঁর প্রাথমিক শুনানি হওয়ার কথা। অভিযোগ গঠন করা হলে তাঁকে ক্যালিফোর্নিয়ায় নেওয়া হতে পারে, যেখানে কথিত ছবিগুলো পাওয়া গেছে।
লুসেরো বলেছেন, অভিযোগের পক্ষে প্রমাণ থাকলে থমাসের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। তাঁর মা বেঁচে থাকলে এসব অভিযোগ সম্পর্কে আরও তথ্য জানা যেত বলেও আক্ষেপ করেছেন তিনি।












