ফ্রান্সের কৃষকের ঘর থেকে জোয়ান অব আর্ক, বাংলার কৃষকের ঘর থেকে বের হয়ে আসে নূরলদীন। কেন ফ্রান্সে জোয়ান অব আর্ক হয় আর বাংলায়ও বা কেন নূরলদীন হয়? এই প্রশ্নের গভীরতম উত্তর ইতিহাসে পাওয়া যায় না। ইতিহাস সমগ্র প্রেক্ষাপট তুলে আনে। আর তার ভেতর দিয়ে উত্তর খুঁজতে হয়।
কিন্তু কবি তো কবি, তাই তিনি উত্তর তুলে আনেন মাত্র কয়েকটি লাইনে। বাংলাদেশে রবীন্দ্র-পরবর্তী কাব্যনাট্যে সৈয়দ শামসুল হকের খুব কাছাকাছি কেউ নেই। নূরলদীনকে ঘিরে তিনি যুগে যুগে প্রগতির জন্য, মুক্তির জন্য কখন ও কীভাবে গ্রামে গ্রামে, ধানক্ষেতে, কুড়ে ঘরে মানুষ জেগে ওঠে তা তুলে এনেছেন মাত্র কয়েকটি লাইনে। আর সেই লাইনগুলো তেমনি যেমন দাদি-নানিদের রূপকথা বলার স্বর মুহূর্তে রাক্ষস-খোক্কসের ছবি শিশুর চোখের সামনে উপস্থিত করে দিতেন।
একজন সাধারণ কৃষক থেকে নূরলদীন বা জোয়ান অব আর্ক সৃষ্টি হবার প্রেক্ষাপট কখন তৈরি হয়—সৈয়দ শামসুল হক ওই দাদি-নানিদের রূপকথা বলার স্বরের মতোই স্পষ্ট এক ছবি তুলে এনেছেন মাত্র কয়েকটি সহজ শব্দে—
“আর এই অত্যাচার সহ্য না হয়।
আর এই অনাহার সহ্য না হয়।
আর এই অবিচার সহ্য না হয়।
আর এই বসি থাকা সহ্য না হয়।”
অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায়, তখনই ওই কুড়ে ঘরে, ওই শুকনো ফসলের ক্ষেতে, ওই অনাহারপীড়িত, ক্ষুধাতাড়িত পেটের মানুষটির মধ্যে—সর্বশেষ যে ঝাঁকুনিটি আসে তা হলো “এই বসি থাকা সহ্য না হয়”। অর্থাৎ এই বসে থাকা আর নয়।
নূরলদীনের সংগ্রাম আমরা দেখিনি। কিন্তু ১৯৭১-এর মুক্তিসংগ্রাম দেখেছি। সেখানে কিন্তু সব থেকে বড় বিষয় ছিল—“এই অত্যাচার সহ্য না হয়” আর এর বিরুদ্ধে “এই বসি থাকা সহ্য না হয়”। বাস্তবে সেদিন অত্যাচারীরা যতই শক্তিশালী হোক, সাধারণ মানুষ আর বসে থাকতে পারেনি। বরং কীভাবে সেদিনও মানুষ বসে না থেকে বের হয়ে এসেছিলো তা সৈয়দ মুজতবা আলীর দুই লাইন কবিতাই বলে দেয়।
“মুক্তিযুদ্ধ ডাক দিয়েছে কেমনে ঘরে রও।
গামাছা দিয়ে পরানটারে বাইন্দা তুমি লও।”
ইতিহাস পড়ে যা জানা যায়, তাতে মনে হয় অত্যাচারের বিরুদ্ধে মুক্তির জন্য মানুষ প্রাণকে হাতের মুঠোয় নিয়ে নামে। কিন্তু কবি দেখতে পায় অত্যাচারের বিরুদ্ধে মানুষের প্রাণ দেবার আগে সংগ্রাম করার শক্তির গভীরতা। আর তা কী বিশাল। কারণ দুই হাতে তাকে যুদ্ধ করতে হবে। পরানটাকেও হাতে নিয়ে সে একটি হাত থামাবে না, তাই কৃষক তার গামাছা দিয়েই পরানটাকে বেঁধে নেওয়ার আহবান জানায়। এ যেন কোমরে গামাছা বেঁধে শক্তি আনার মতো প্রাণকেও শক্তিতে রূপান্তরিত করছে। আর এই প্রাণকে যখন শক্তিতে রূপান্তরিত করে মানুষ অত্যাচারের বিরুদ্ধে তখন প্রত্যেকেই একেক জন নূরলদীন হয়ে যায়।
সৈয়দ শামসুল হকের “নূরলদীনের সারাজীবন” কাব্যনাট্যে তাই ভীত হিসেবে তিনি যে নীল কোরাসের চরিত্র এনেছেন সে বলছে—
“তোমার নেতা নূরলদীন পাংশাতেও হেও নাই।
…
তোমার নেতা নূরলদীন পাটোগ্রামেও নেই
…
তোমার নেতা নূরলদীন ডিমলাতেও হেও নাই।”
লাল কোরাস তার উত্তরে বলছে,
“আছে আছে আছে
হামার নেতা নূরলদীন তামাম দ্যাশে আছে।
হামার নেতা নূরলদীন তামাম দ্যাশে আছে।”

“তামাম দ্যাশে আছে” এই কথা কবি দুই বার লাল কোরাসের মুখ দিয়ে বলিয়ে—তিনি বলে দিচ্ছেন, পাটোগ্রাম, পাংশা, ডিমলা শুধু নয়, গোটা দেশেই যেখানে যেখানে প্রয়োজন একেক জন করে নূরলদীন জন্ম নিয়েছে। বাস্তবে “নূরলদীনের সারাজীবন” কাব্যনাট্যের এই লাল কোরাসের উক্তির মধ্য দিয়ে যদি আমরা ইতিহাসে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধটি আমরা দেখেছি সেদিকে তাকাই তখন আমাদের চোখ খুলে দেয় আসলেই তো অত্যাচারের বিরুদ্ধে সেদিন সব থেকে ভালো ছাত্রটি, পড়ার টেবিল ছিলো যাদের ঠিকানা—আবার গ্রামের একটি দুরন্ত ছেলে—যাদেরকে ওমনিভাবে কেউ চিনতো না—তারা কীভাবে যেন নেমে এলো অত্যাচারের বিরুদ্ধে—আর কাতারে নেমে কখন যে একেক জন একেক এলাকায় নূরলদীন হয়ে গেলো তা সে নিজেও বুঝতে পারলো না। বাস্তবতা এখানেই—অত্যাচারের বিরুদ্ধে সারা দেশ জুড়েই নূরলদীন হয়ে যায়। আর নূরলদীনকে হত্যা করে শেষ করা যায় না।
“হামার মরণ হয়, জীবনের মরণ যে নাই।
এক এ নূরলদীন যদি চলি যায়,
হাজার নূরলদীন আসিবে বাংলায়।
এক নূরলদীন যদি মিশি যায়,
অযুত নূরলদীন য্যান আসি যায়,
নিযুত নূরলদীন যেন বাঁচি রয়।”
আর এখানেই অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের সব থেকে বড় শক্তি। একজন নূরলদীনের দেহ মারা যায় কিন্তু নূরলদীন নামক যে অত্যাচারের বিরুদ্ধে একটা সত্তা জেগে ওঠে—তাকে মারা যায় না। বরং একজনকে মারলে, একটি অত্যাচার বাড়লে—অযুত-নিযুত নূরলদীন জন্ম নেয়।
যা নূরলদীনের সারাজীবন কাব্যের নায়ক নূরলদীনের ভাষায়—
“মাটি হতে জন্ম নেয় আবার শরীর।”
আর এই মাটি হতে বার বার নূরলদীন জন্ম নেয় বলে, এক নূরলদীনকে হত্যা করলে অযুত-নিযুত নূরলদীন জন্ম নেয় বলেই—নূরলদীনের মুখ দিয়ে ধীরস্থিরভাবে কবির কলমে চলে এসেছে—আসলে অত্যাচারীর দিন কখনই বেশিক্ষণ থাকে না।
তাই নূরলদীন বলে,
“যায়
বদলি যায়
দিন বদলি যায়
কাল বদলি যায়
ঐ চান বদলি যায়
ঐ ম্যাঘ বদলি যায়।
তিস্তার ধারা বদলি যায়
ঘাসের উপর দিয়া মানুষের হাটিবার চিহ্ন
বদলি যায়।
মানুষও বদলি যায়
মানুষের চিন্তাও বদলি যায়।”
বাস্তবে পৃথিবীর ইতিহাস বার বার বলে, খারাপ দিন কখনও স্থায়ী হয় না। নষ্ট বা খারাপ চিন্তা কখনও স্থায়ী হয় না। সাধারণ মানুষ একেক জন নূরলদীন হয়ে তা বদলে ফেলে। হয়তো রক্ত যায়, বোনের সম্ভ্রম যায়—অনেক অশ্রু তিস্তা ও যমুনা দিয়ে গড়িয়ে যায়। তবু মানুষ তা বদলে ফেলে।
আর বাংলাদেশের মানুষ কেন সব সময়ই তার ইতিহাসের কালো অধ্যায় দ্রুত বদলে ফেলতে পেরেছে তার কারণ আমরা ইতিহাসে বার বার খুঁজি—কিন্তু কবি সৈয়দ শামসুল হক তার সৃষ্ট নূরলদীনের মুখ দিয়ে বলছেন,
“এ দ্যাশে হামার দক্ষিণেতে বঙ্গোপসাগর,
উয়ার মতন গর্জি ওঠে য্যান মানুষের স্বর।”
তাই বুঝি বাঙালির নেতা ছাড়া আর কোন নেতার কণ্ঠ দিয়ে এমন বঙ্গোপসাগরের মত গর্জন কেউ শোনেনি।
তবে ইতিহাসের পাতায় কেন নূরলদীনদের সংগ্রাম এতবার দেখা যায়। কেন গোটা দেশ জুড়ে নূরলদীনের জন্ম হয় বার বার। কেন বার বার নূরলদীনের কথা মনে পড়ে যায়। বাস্তবে, কখন কখন নূরলদীনকে মানুষ নিজের ভেতর নিয়ে আসে—তা কবি সৈয়দ শামসুল হকের দুটি লাইন উঠে এসেছে—
“নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট বড়
নষ্ট যখন সংসার”
বাস্তবে এ যেন একটি কাব্যনাট্যের মধ্যে আরেকটি মহাকাব্য লিখেছেন মাত্র, চৌদ্দটি শব্দে। যা প্রায় মহাকাব্য পুরো মহাভারতের সমান। বাস্তবে যখন কোন সংসার অর্থাৎ জনগোষ্ঠীর বা রাষ্ট্রের ক্ষেত নষ্ট অর্থাৎ সৃষ্টি নষ্ট হতে থাকে, মাঠ নষ্ট অর্থাৎ সৃষ্টির ক্ষেত্রগুলো নষ্ট হতে থাকে, নদী নষ্ট অর্থাৎ স্বচ্ছ ও এগিয়ে যাবার চিন্তার প্রবহমানতা নষ্ট হতে থাকে—আর বীজ নষ্ট অর্থাৎ নিজের সন্তান নষ্ট হতে থাকে—তখনই নূরলদীন ছাড়া আর ওই জনগোষ্ঠী বা রাষ্ট্রকে বাঁচানোর পথ থাকে না। একটু যদি মিলিয়ে দেখি তাহলে কি গোটা মহাভারত নামক মহাকাব্যের সারাংশ এই চৌদ্দটি শব্দে পাওয়া যায় না!
আর এই বাংলায় নূরলদীনের কথা কখন মনে পড়ে যায় সকল বাঙালির—
কবি সৈয়দ শামসুল হকের শব্দস্রোতে উঠে এসেছে,
“যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই
আলখাল্লায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমারই দেশে এ আমার দেহ থেকে
রক্ত ঝরে যায়
ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়।
লেখক: সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক, সম্পাদক সারাক্ষণ, The Present World.
স্বদেশ রায়ের আরও লেখা
ইন্দিরা গান্ধীর জন্মদিন: বাংলাদেশে সেক্যুলারিজমের জন্য সংগ্রাম
মৃত্যুর পরে
সরকারের কোর্টে প্রথম রাজনৈতিক বল ঠেলে দিলেন শেখ হাসিনা
বঙ্গবন্ধুকে অস্বীকার করলে যে বাংলাদেশ থাকে, তা ‘মিনি পাকিস্তান’ 











