কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিনোদনশিল্পের উৎপাদন খরচ কমাতে, কাজের গতি বাড়াতে এবং নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। কিন্তু এর বিনিময়ে মানুষ সৃষ্টির প্রক্রিয়ায় যে আনন্দ খুঁজে পায়, তা হারিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এমন উদ্বেগ জানিয়েছেন জাপানের বিশ্বখ্যাত গেম নির্মাতা হিদেও কোজিমা। অন্যদিকে চলচ্চিত্র নির্মাতা মামোরু ওশি মনে করেন, প্রযুক্তি বদলালেও সৃষ্টিশীল কাজের মূল দর্শন বদলানোর প্রয়োজন নেই।
টোকিওতে শুক্রবার অনুষ্ঠিত নিক্কেইয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ভবিষ্যৎ নিয়ে সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং বিনোদনশিল্পের ভবিষ্যৎ নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন।
ব্যবসায় লাভ, কিন্তু সৃষ্টির আনন্দে ঘাটতি
‘মেটাল গিয়ার’ ও ‘ডেথ স্ট্র্যান্ডিং’-এর মতো জনপ্রিয় গেমের নির্মাতা কোজিমা বলেন, এআই গেম তৈরির প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে পারে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও এটি লাভজনক। তবে এর ফলে সৃষ্টির প্রক্রিয়া এবং বিনোদন উপভোগের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে।
তাঁর মতে, এআইয়ের সাহায্যে অল্প বয়সী নির্মাতারাও কম খরচে এবং সহজে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে অনলাইনে প্রকাশ করতে পারছেন। এটি ইতিবাচক হলেও সৃষ্টির পুরো প্রক্রিয়াটি উপভোগ করার সুযোগ কমিয়ে দিতে পারে।
কোজিমা উদাহরণ দিয়ে বলেন, প্লাস্টিকের মডেল তৈরি কিংবা ছবি আঁকার ক্ষেত্রে শুধু চূড়ান্ত ফলাফল নয়, কাজটি করার প্রতিটি ধাপের মধ্যেই আনন্দ রয়েছে। এআই যদি সেই অভিজ্ঞতা কেড়ে নেয়, তাহলে তা দুঃখজনক হবে।
ব্যক্তিগত পছন্দের বিনোদনে কমবে মানুষের সক্রিয়তা?
কোজিমার আরেকটি উদ্বেগ ভবিষ্যতের বিনোদনব্যবস্থা নিয়ে। তাঁর ধারণা, একসময় এআই প্রত্যেক ব্যবহারকারীর ব্যক্তিগত রুচি ও পছন্দ অনুযায়ী চলচ্চিত্র কিংবা ভিডিও গেম তৈরি করতে পারবে।
এতে মানুষকে আর নতুন বিনোদন খুঁজতে হবে না, এমনকি নিজের উদ্যোগে কিছু তৈরির প্রয়োজনও কমে যেতে পারে। বিনোদনের সবকিছু যদি ব্যক্তির পছন্দ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে হাজির হয়, তাহলে মানুষ ক্রমেই নিষ্ক্রিয় ভোক্তায় পরিণত হতে পারে।
এমন পরিবর্তন মানুষের অস্তিত্ব ও পরিচয়ের প্রচলিত ধারণাকেও প্রশ্নের মুখে ফেলতে পারে বলে মন্তব্য করেন তিনি।
তবে ভবিষ্যৎ কোন দিকে যাবে, তা অনেকাংশে তরুণ প্রজন্মের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রযুক্তির ব্যবহার বাড়লেও তারা সৃষ্টির নিজস্ব আনন্দ ধরে রাখতে পারবে কি না, সেটিই গুরুত্বপূর্ণ।
চলচ্চিত্রে এআইয়ের চেয়ে বড় প্রশ্ন সৃষ্টির দর্শন
জাপানের প্রখ্যাত অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতা মামোরু ওশি এআইয়ের প্রভাবকে কিছুটা ভিন্নভাবে দেখেছেন। ‘ঘোস্ট ইন দ্য শেল’-এর মতো কাজের জন্য পরিচিত এই নির্মাতার মতে, চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্য সব সময় কোনো নির্দিষ্ট উত্তর খুঁজে বের করা নয়।
তিনি বলেন, সঠিক উত্তর দেওয়ার জন্য তিনি চলচ্চিত্র তৈরি করেন না। বরং নিজের কাছে যেটি আকর্ষণীয় মনে হয়, সেটিই পর্দায় তুলে ধরেন।
তাঁর মতে, সৃষ্টির এই মৌলিক জায়গাটি অপরিবর্তিত থাকলে মাধ্যম পরিবর্তন কিংবা এআইয়ের ব্যবহার চলচ্চিত্র নির্মাণের মূল দর্শন বদলে দিতে পারে না।
সব সৃষ্টির কি নির্দিষ্ট ব্যাখ্যা থাকতে হবে?
চলচ্চিত্র দর্শকদের মধ্যে কোনো কাজের অন্তর্নিহিত অর্থ, গোপন সংকেত কিংবা আগাম ইঙ্গিত খুঁজে বের করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওশি।
বর্তমানে অনলাইনভিত্তিক দর্শকগোষ্ঠীগুলো জনপ্রিয় চলচ্চিত্র ও গল্পের প্রতিটি দৃশ্য বিশ্লেষণ করে সম্ভাব্য ব্যাখ্যা খুঁজে থাকে। নির্মাতা আসলে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়েও চলে বিতর্ক।
ওশির মতে, একটি সৃষ্টির একটিমাত্র সঠিক ব্যাখ্যা থাকতেই হবে, এমন কোনো নিয়ম নেই। এমনকি নির্মাতার নিজের কাছেও কোনো কাজের চূড়ান্ত ব্যাখ্যা সব সময় স্পষ্ট নাও থাকতে পারে।
তিনি মনে করেন, কোনো গল্পে রহস্য বা অনুত্তরিত প্রশ্ন থাকলে সেটি দুর্বল সৃষ্টি হয়ে যায় না। বরং বড় প্রশ্ন তৈরি করতে পারা অনেক সময় একটি সৃষ্টিকে অসাধারণ করে তোলে।
উত্তর নয়, প্রশ্ন তৈরিও মানুষের বড় অর্জন
ওশি দর্শন ও বিজ্ঞানের উদাহরণ টেনে বলেন, মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো প্রশ্ন উত্থাপন করা। প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া জরুরি নয়।
কেউ তাঁর কাছে কোনো সৃষ্টির নির্দিষ্ট ব্যাখ্যা জানতে চাইলে সব সময় উত্তর দেওয়ার কিছু থাকে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কাছে উত্তরহীন প্রশ্ন নিয়েও কাজ করে যাওয়ার মধ্যেই জীবনের অর্থ খুঁজে পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।
দুই নির্মাতার বক্তব্যে এআইয়ের ভবিষ্যৎ নিয়ে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। কোজিমা মনে করছেন, প্রযুক্তির সুবিধা নিতে গিয়ে মানুষ যেন সৃষ্টির আনন্দ হারিয়ে না ফেলে। অন্যদিকে ওশির বক্তব্য, প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের কৌতূহল, প্রশ্ন করার ক্ষমতা এবং নিজস্ব ভাবনাই সৃজনশীলতার মূল ভিত্তি।












