লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি বন্দরে নোঙর করে থাকা রাশিয়ার একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলার কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সন্দেহ করছে দেশটির পূর্বাঞ্চলভিত্তিক সরকার। প্রাথমিক তদন্তের ভিত্তিতে রোববার এ সন্দেহের কথা জানানো হয়েছে। বিস্ফোরণে রুশ ও লিবীয় নাগরিকসহ অন্তত ১০ জন সামান্য আহত হয়েছেন।
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে জাহাজটির পরিচয় পাওয়া গেছে। এটি রুশ নৌবাহিনীর ‘মার্কারি’ নামের একটি করভেট বা ছোট যুদ্ধজাহাজ। বিস্ফোরণের পর জাহাজটির অধিকাংশ অংশ কাত হয়ে পানিতে ডুবে গেছে। শুধু সামনের অংশের কিছুটা পানির ওপরে দেখা গেছে। জাহাজের ওপরের কাঠামোর একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। বন্দরের জেটিতেও ছড়িয়ে ছিল বিভিন্ন ধ্বংসাবশেষ।
আহত ব্যক্তিদের বেনগাজিতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি। রাশিয়ার কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে এ ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বেনগাজি উপকূলে ড্রোনবোটের তৎপরতা
রুশ যুদ্ধজাহাজে বিস্ফোরণের ঘটনার পর একই দিন বেনগাজি উপকূলে আরও একটি হামলার খবর পাওয়া যায়। লিবিয়ার সামরিক সূত্রের ভাষ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ ড্রোনবোটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। পরে লিবিয়ার নৌবাহিনী জাহাজটির নাবিকদের উদ্ধার করে। কয়েকজন নাবিক সামান্য আহত হলেও তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সামরিক সূত্রগুলো আরও জানিয়েছে, রোববার সন্ধ্যায় বেনগাজি উপকূলে ২০টির বেশি ড্রোনবোট শনাক্ত করে সেগুলো প্রতিহত করেছে লিবিয়ার নৌ ও বিমানবাহিনী। একের পর এক এমন ঘটনার পর উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক তদন্ত চায় লিবিয়া
ঘটনাগুলোর তদন্তে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার। প্রধানমন্ত্রী ওসামা হামাদ জানিয়েছেন, এ বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে, ড্রোনবোটগুলো পশ্চিম লিবিয়া থেকে পাঠানো হয়ে থাকতে পারে। পাশাপাশি দেশটিতে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি ও তাঁদের কর্মকাণ্ড যাচাইয়ের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে কিয়েভের কাছেও আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন।
তবে ড্রোন হামলার সঙ্গে ইউক্রেনের সংশ্লিষ্টতার কোনো নিশ্চিত প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি। কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি।
জ্বালানি নিতে বন্দরে থেমেছিল রুশ জাহাজ
লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকারের বিবৃতি অনুযায়ী, রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম নেওয়ার জন্য বেনগাজি বন্দরে থেমেছিল যুদ্ধজাহাজটি। দুই দেশের সামুদ্রিক সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটির এই যাত্রাবিরতি ছিল।
আগুন নিয়ন্ত্রণে আনার পর বন্দর ও নৌঘাঁটির স্থাপনা, গুদামসহ অন্যান্য অবকাঠামো নিরাপদ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সেখানে স্বাভাবিক কার্যক্রমও আবার শুরু হয়েছে।
ঘটনাটিকে লিবিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে দেশটির পূর্বাঞ্চলীয় সরকার। তাদের বক্তব্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনো পক্ষ নয় লিবিয়া। তাই দেশটির বন্দর, ভূখণ্ড বা জলসীমাকে আন্তর্জাতিক সংঘাতের প্রতিশোধ নেওয়ার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ ও নৌঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ভূমধ্যসাগরেও রুশ সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। তবে বেনগাজির এই ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের পরিচয় এখনো নিশ্চিত নয়। আন্তর্জাতিক তদন্তের ফলাফলের ওপরই বিষয়টি স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।












