রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) গভীর রাতে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় ইমিগ্রেশন কার্যক্রমের মধ্যেই তাঁকে আটক করা হয়।
পুলিশের ভাষায় ‘শীর্ষ সন্ত্রাসীদের’ তালিকায় থাকা শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিমানবন্দরে গ্রেপ্তারের পর তাঁকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান শফিকুল ইসলাম তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র জানিয়েছে, তেজগাঁও থানায় দায়ের করা একটি মামলার সূত্র ধরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্ত করছে ডিবি।
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা আসলামের বাবা শেখ জিন্নাত আলী। নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতে তাঁর নাম আলোচনায় আসে। চারদলীয় জোট সরকারের আমলে প্রকাশিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকাতেও তাঁর নাম ছিল।
১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকায় একটি স্কুলের সামনে মায়ের পাশে দাঁড়িয়ে থাকা শাকিল নামের এক শিশুকে গুলি করার অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে। পরবর্তী সময়ে একাধিক হত্যাকাণ্ডের অভিযোগেও তাঁর নাম আসে। জীবনের একপর্যায়ে তিনি সুইডেনে অবস্থান করেছিলেন। দেশে ফেরার পর তাঁর নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়।
তবে তাঁর বিরুদ্ধে করা বিভিন্ন মামলার বিচারিক অবস্থায় পরিবর্তন এসেছে। হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলায় আদালত তাঁকে খালাস দেন। এসব রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। আরেকটি মামলা থেকে তিনি অব্যাহতি পান।
অস্ত্র আইনে করা দুটি মামলায় তাঁর যাবজ্জীবন ও ১৭ বছরের কারাদণ্ড হয়েছিল। পরে হাইকোর্ট থেকে তিনি ওই মামলাগুলোতেও অব্যাহতি পান।
পুলিশের নথি অনুযায়ী, আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলা করা হয় তেজগাঁওয়ে যুবলীগ নেতা গালিব হত্যার ঘটনায়। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিবকে হত্যা করা হয়। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল পুলিশ অভিযোগপত্র জমা দেয়। মামলাটি এখনো বিচারাধীন।
ওই মামলায় জামিন পাওয়ার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কারাগার থেকে মুক্তি পান আসলাম। এবার থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতির সময় বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হলো।












