পিএম ২.৫ কণা শ্বাসনালিতে প্রদাহ সৃষ্টি করতে পারে, বাড়াতে পারে হাঁপানি ও সিওপিডির জটিলতা। স্বল্প সময়ের দূষণেও বাড়ে রক্তচাপ, হৃদ্স্পন্দনের অনিয়ম ও হৃদ্রোগের ঝুঁকি।
বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব অনুভব করতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় না। মাত্র কয়েক দিন, এমনকি এক সপ্তাহ ধরে অতিমাত্রায় দূষিত বাতাসে শ্বাস নিলেও শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গে নেতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। বিশেষ করে ফুসফুস ও হৃদ্যন্ত্র সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।
দূষিত বাতাসে কাশি, শ্বাসকষ্ট কিংবা বুকে চাপ অনুভূত হলে অনেকেই একে শীতকালীন সাধারণ সমস্যা মনে করেন। কিন্তু বায়ুদূষণের মাত্রা বেড়ে গেলে এসব উপসর্গকে অবহেলা করা বিপজ্জনক হতে পারে। কারণ, দূষিত বাতাসের প্রভাব শুধু শ্বাসতন্ত্রে সীমাবদ্ধ থাকে না; রক্তনালি ও হৃদ্যন্ত্রের কার্যক্রমও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে।
ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ ২৩ নভেম্বর প্রকাশিত এক বিশ্লেষণে ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের অভ্যন্তরীণ ওষুধ বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক চিকিৎসক ডা. সুরঞ্জিত চ্যাটার্জি এসব ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন।
কয়েক দিনের দূষণেই ফুসফুসে প্রদাহ
বায়ুদূষণের অন্যতম বিপজ্জনক উপাদান সূক্ষ্ম বস্তুকণা পিএম ২.৫। এসব কণা এতটাই ক্ষুদ্র যে শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে প্রবেশ করে ক্ষুদ্র শ্বাসনালি ও বায়ুথলিতে পৌঁছাতে পারে।
সেখানে কণাগুলো অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ সৃষ্টি করে। এর ফলে কয়েক দিনের মধ্যেই শ্বাসনালিতে অস্বস্তি, দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসের সঙ্গে বাঁশির মতো শব্দ, অতিরিক্ত শ্লেষ্মা তৈরি এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে।
যাঁদের আগে শ্বাসতন্ত্রের কোনো সমস্যা ছিল না, তাঁরাও শারীরিক পরিশ্রমের সময় অস্বস্তি অনুভব করতে পারেন। তবে হাঁপানি, দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস কিংবা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডিতে আক্রান্ত ব্যক্তিদের ঝুঁকি আরও বেশি।
আগে নিয়ন্ত্রণে থাকা হাঁপানিও দূষণের সময় বেড়ে যেতে পারে। স্বাভাবিক কাজকর্মের সময় শ্বাসকষ্ট দেখা দিতে পারে এবং চিকিৎসকের দেওয়া জরুরি ইনহেলার ব্যবহারের প্রয়োজন বাড়তে পারে।
এ ছাড়া দূষিত বাতাসে বারবার শ্বাস নেওয়া শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকিও বাড়াতে পারে। তবে প্রতিটি কাশি বা সংক্রমণের কারণ যে বায়ুদূষণ, তা ধরে নেওয়া ঠিক নয়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দূষণের মাত্রা কমে যাওয়ার পরও উপসর্গ থেকে যেতে পারে। কারণ, ফুসফুসে প্রবেশ করা সূক্ষ্ম কণার কারণে সৃষ্ট প্রদাহ প্রশমিত হতে কয়েক দিন সময় লাগতে পারে।
হৃদ্যন্ত্রও থাকে গুরুতর ঝুঁকিতে
বায়ুদূষণকে শুধু ফুসফুসের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। পিএম ২.৫ কণা শরীরজুড়ে প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করতে পারে। একই সঙ্গে রক্তনালির স্বাভাবিক কার্যক্রমেও পরিবর্তন ঘটাতে পারে।
এর প্রভাব পড়তে পারে রক্তচাপ, রক্তনালির কার্যক্ষমতা এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায়।
উচ্চমাত্রার বস্তুকণার সংস্পর্শে স্বল্প সময় থাকলেও হৃদ্যন্ত্রের ওপর চাপ বাড়ার সঙ্গে সম্পর্ক পাওয়া গেছে। বিশেষ করে আগে থেকেই হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে অনিয়মিত হৃদ্স্পন্দন এবং আকস্মিক হৃদ্রোগের ঝুঁকি বাড়তে পারে।
কিছু মানুষের ক্ষেত্রে বুক ধড়ফড় করা, অস্বাভাবিক ক্লান্তি, বুকে অস্বস্তি কিংবা শারীরিক পরিশ্রমের সক্ষমতা কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।
উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের এ সময় রক্তচাপের দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন। কারণ, বায়ুদূষণজনিত শারীরিক চাপ এবং শীতের আবহাওয়া একসঙ্গে হৃদ্রোগের বিদ্যমান ঝুঁকি বাড়াতে পারে।
তবে এক সপ্তাহ দূষিত বাতাসে শ্বাস নিলেই প্রত্যেকের হৃদ্রোগ হবে, এমন নয়। বরং যাঁদের আগে থেকেই শারীরিক ঝুঁকি রয়েছে, তাঁদের বিদ্যমান সমস্যা আরও জটিল হয়ে উঠতে পারে।
চোখ, নাক ও গলাতেও প্রভাব
দূষিত বাতাসের প্রভাব চোখ, নাক ও গলাতেও দেখা যায়। চোখ লাল হওয়া, পানি পড়া, জ্বালাপোড়া এবং গলায় প্রদাহ হতে পারে। পাশাপাশি মাথাব্যথা, মাথা ঘোরা ও অস্বাভাবিক ক্লান্তিও দেখা দিতে পারে।
হাঁপানি, সিওপিডি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিরা তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকেন।
শিশু, বয়স্ক ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা প্রয়োজন। একইভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত কর্মী, নির্মাণশ্রমিক ও পথের পাশে কাজ করা বিক্রেতাদের দীর্ঘ সময় দূষিত বাতাসের মধ্যে থাকতে হয় বলে তাঁদের ঝুঁকি বেশি।
যেসব লক্ষণে চিকিৎসা জরুরি
দীর্ঘস্থায়ী কাশি, ক্রমবর্ধমান শ্বাসকষ্ট, শ্বাস নেওয়ার সময় অস্বাভাবিক শব্দ কিংবা আগে থেকে থাকা শ্বাসতন্ত্রের রোগের অবনতি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
একইভাবে নতুন করে বুক ধড়ফড় করা, অকারণে বুকে অস্বস্তি কিংবা রক্তচাপের পরিবর্তনকে শীতকালীন সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া উচিত নয়।
বুকে ব্যথার সঙ্গে ঘাম, শ্বাসকষ্ট, অজ্ঞান হওয়ার অনুভূতি বা দুর্বলতা দেখা দিলে জরুরি চিকিৎসা নিতে হবে। মুখের এক পাশ হঠাৎ বেঁকে যাওয়া, হাত-পায়ে দুর্বলতা কিংবা কথা বলতে অসুবিধা হলে তা স্ট্রোকের লক্ষণ হতে পারে। এ ক্ষেত্রেও দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।
দূষণের প্রভাব শুরু হতে পারে কয়েক ঘণ্টায়
বায়ুদূষণের ক্ষতি বুঝতে দীর্ঘদিনের সংস্পর্শের প্রয়োজন নেই। দূষিত বাতাসে শ্বাস নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শ্বাসতন্ত্রে জ্বালাপোড়া ও প্রদাহ শুরু হতে পারে। অন্যদিকে কয়েক ঘণ্টা, কয়েক দিন কিংবা কয়েক সপ্তাহের দূষণের সংস্পর্শের সঙ্গে হৃদ্যন্ত্রের ওপর বিরূপ প্রভাবের সম্পর্কও পাওয়া গেছে।
তাই এক সপ্তাহের তীব্র বায়ুদূষণকে সাধারণ শীতকালীন কাশি হিসেবে দেখার সুযোগ নেই। ফুসফুসের পাশাপাশি হৃদ্যন্ত্র ও শরীরের অন্যান্য অঙ্গের সুরক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে।












