২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়ার প্রাণহানির সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। যুদ্ধের চার বছরে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতি এমন পর্যায়ে পৌঁছেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির ইতিহাসে নজিরবিহীন। শুধু সামরিক শক্তি নয়, এই যুদ্ধ রাশিয়ার জনসংখ্যার কাঠামো, শ্রমশক্তি ও ভবিষ্যৎ অর্থনীতির ওপরও দীর্ঘস্থায়ী চাপ তৈরি করছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রকৃত মূল্য কতটা ভয়াবহ, তার নতুন একটি চিত্র সামনে এসেছে। রাশিয়ার ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেন যুদ্ধে সংশ্লিষ্ট কারণে অন্তত ৪ লাখ ৬০ হাজার রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে উঠে এসেছে, রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের সংগৃহীত মৃত্যুসনদের তথ্য যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে এখন পর্যন্ত সবচেয়ে বিস্তারিত ধারণা দিচ্ছে। বেলারুশের বিরোধী গোষ্ঠী সাইবার পার্টিজানস এবং ইউক্রেনের হ্যাকার সংগঠন সাইলেন্ট ক্রোর কাছ থেকে পাওয়া তথ্যভান্ডার বিশ্লেষণ করে এই হিসাব তৈরি করা হয়েছে।
২০২৫ সালে প্রাণহানি সর্বোচ্চ পর্যায়ে
যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, রাশিয়ার প্রাণহানির সংখ্যাও তত বেড়েছে। বিশ্লেষণ অনুযায়ী, ২০২২ সালে যুদ্ধের প্রথম বছরে প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু রেকর্ড করা হয়। ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৫০ হাজারে।
২০২৪ সালে প্রাণহানি দ্বিগুণের বেশি বেড়ে ১ লাখ ৩৪ হাজার ছাড়িয়ে যায়। ২০২৫ সালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ওই বছর প্রায় ২ লাখ মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫২ শতাংশ বেশি।
২০২৫ সালে প্রতিদিন গড়ে প্রায় ৫৪৮ জন রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে দৈনিক গড় মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ২৭৭।
বিশ্লেষণে আরও দেখা যায়, ২০২৫ সালের মে মাসে এক সপ্তাহে রাশিয়ার সেনাবাহিনীর প্রাণহানি এত বেশি ছিল যে, ওই এক সপ্তাহের ক্ষয়ক্ষতি ইরাক যুদ্ধে আট বছরে যুক্তরাষ্ট্রের প্রায় ৪ হাজার ৫০০ সেনা নিহত হওয়ার সংখ্যাকেও ছাড়িয়ে যায়।
পোকরোভস্কে প্রতি কিলোমিটারে ২ হাজারের বেশি সেনা নিহত
রাশিয়ার সামরিক ক্ষয়ক্ষতির সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক এলাকায়। বিশেষ করে পোকরোভস্ক জেলায় প্রাণহানির সংখ্যা অত্যন্ত বেশি।
বিশ্লেষণে দেখা গেছে, যেসব মৃত্যুর স্থান শনাক্ত করা সম্ভব হয়েছে, তার মধ্যে প্রায় ১ লাখ ১৬ হাজারের মৃত্যু ঘটেছে পোকরোভস্ক জেলায়। এই এলাকার মধ্যে আভদিভকা ও পোকরোভস্ক রয়েছে, যেখানে যুদ্ধের দীর্ঘতম ও রক্তক্ষয়ী লড়াইগুলোর কয়েকটি হয়েছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে আভদিভকা দখলের পর পোকরোভস্কের দিকে প্রায় ৩৯ কিলোমিটার অগ্রসর হতে রাশিয়ার ২১ মাস সময় লাগে। এই সময়ে ওই জেলায় প্রায় ৮৮ হাজার ৭০০ রুশ সেনার মৃত্যু রেকর্ড করা হয়েছে। অর্থাৎ প্রতি কিলোমিটার অগ্রগতির জন্য প্রাণ দিতে হয়েছে ২ হাজার ২০০ জনের বেশি সেনাকে।
অথচ ২০২৩ সালের শুরু থেকে ইউক্রেনে রাশিয়ার মোট ভূখণ্ডগত অগ্রগতি প্রায় ৮ হাজার বর্গকিলোমিটার, যা দেশটির মোট ভূখণ্ডের দেড় শতাংশেরও কম।
এই হিসাব যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরে—বিপুল প্রাণহানির বিনিময়েও রাশিয়ার সামরিক অগ্রগতি সীমিত থেকেছে।
সামরিক সক্ষমতায় জনবল সংকটের চাপ
রাশিয়ার জন্য এখন বড় চ্যালেঞ্জ শুধু যুদ্ধক্ষেত্রে প্রাণহানি নয়, নতুন করে সেনা সংগ্রহের সক্ষমতা ধরে রাখাও।
জার্মানির ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়াবিষয়ক বিশেষজ্ঞ ইয়ানিস ক্লুগের মতে, মৃত্যুর পরিসংখ্যান ও রাশিয়ার সেনা নিয়োগের হার তুলনা করলে সামরিক বাহিনীতে জনবল সংকটের বিষয়টি স্পষ্ট হয়।
প্রাণহানির পাশাপাশি নতুন সেনা নিয়োগের গতি কমে যাওয়ায় ২০২৬ সালে রাশিয়াকে সামরিক অভিযান পরিচালনার গতি কমাতে হয়েছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য ছিল বছরের শেষ নাগাদ পুরো দোনবাস অঞ্চল দখল করা। কিন্তু সেনাসংকট ও যুদ্ধক্ষেত্রে বিপুল ক্ষয়ক্ষতির কারণে সেই লক্ষ্য পূরণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তরুণদের বদলে যুদ্ধে যাচ্ছেন বয়স্ক পুরুষেরা
যুদ্ধে নিহত রুশ সেনাদের বয়সের পরিসংখ্যানেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে।
২০২২ সালে নিহত সেনাদের গড় বয়স ছিল ৩৪ বছর। ২০২৬ সালে তা বেড়ে প্রায় ৪০ বছরে পৌঁছেছে। চলতি বছরে যেসব নিহত সেনার বয়স জানা গেছে, তাদের প্রায় এক-পঞ্চমাংশের বয়স ৫০ বছরের বেশি। যুদ্ধের প্রথম বছরে এই হার ছিল মাত্র ৬ শতাংশ।
পুরো যুদ্ধের হিসাবে নিহতদের এক-তৃতীয়াংশের বয়স ৩৫ থেকে ৪৪ বছরের মধ্যে।
২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রথম দফার সেনা সমাবেশ ব্যাপক অজনপ্রিয় হয়ে ওঠে। এরপর দ্বিতীয় দফায় বাধ্যতামূলক সেনা সমাবেশের পরিবর্তে সরকার বড় অঙ্কের অর্থনৈতিক প্রণোদনা দিয়ে স্বেচ্ছাসেবী নিয়োগের ওপর নির্ভর করেছে। এই আর্থিক সুবিধা বিশেষ করে বয়স্ক ও আর্থিকভাবে অসচ্ছল পুরুষদের আকৃষ্ট করেছে।
দরিদ্র অঞ্চলগুলোতে প্রাণহানি সবচেয়ে বেশি
যুদ্ধের ক্ষয়ক্ষতি রাশিয়ার সব অঞ্চলে সমানভাবে পড়েনি। মস্কো ও সেন্ট পিটার্সবার্গের তুলনায় দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রাণহানির হার অনেক বেশি।
বিশ্লেষণে দেখা গেছে, রাশিয়ার সবচেয়ে দরিদ্র আটটি অঞ্চলে ১৮ থেকে ৬৯ বছর বয়সী প্রতি হাজার পুরুষের মধ্যে ১০ জনের বেশি সামরিক মৃত্যুর শিকার হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দরিদ্র অঞ্চলগুলোতে এই হার প্রতি হাজারে তিনজনেরও কম।
জাবাইকালস্কি অঞ্চলে যুদ্ধ শুরুর পর থেকে প্রতি হাজারে ৩২ জন পুরুষের মৃত্যু হয়েছে। বিপরীতে মস্কো ও সেন্ট পিটার্সবার্গে এই হার প্রতি হাজারে একজন।
অর্থাৎ যুদ্ধের সবচেয়ে বড় মানবিক মূল্য বহন করছে রাশিয়ার দরিদ্র জনগোষ্ঠী। বিশেষ করে দূরবর্তী অঞ্চল ও সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বসবাসের এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি বেশি।
বিদেশি নাগরিকদেরও যুদ্ধে টানছে রাশিয়া
নিজেদের সেনাসংকট মোকাবিলায় রাশিয়া বিদেশি নাগরিকদের নিয়োগও বাড়িয়েছে। মধ্য এশিয়ার অভিবাসী শ্রমিকদের পাশাপাশি নেপাল, ভারত, কিউবা ও কেনিয়া থেকেও লোক সংগ্রহের তথ্য পাওয়া গেছে।
দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে ইউক্রেনীয়দের বাদ দিয়ে অন্তত ৭ হাজার ৩০০ বিদেশি যোদ্ধার মৃত্যুর সম্ভাব্য তথ্য শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ২ হাজার ৭০০ জন বিদেশে জন্মগ্রহণ করলেও তাঁদের নাগরিকত্বের তথ্য পাওয়া যায়নি।
বিদেশি যোদ্ধাদের মধ্যে তিন-চতুর্থাংশের বেশি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর নাগরিক। কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও বেলারুশের নাগরিকদের উপস্থিতি উল্লেখযোগ্য।
এ ছাড়া সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরের ৭৮টি দেশের নাগরিকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে আফ্রিকার দেশগুলোর নাগরিক ৪৪০ জন এবং দক্ষিণ আমেরিকার প্রায় ২০০ জন।
উত্তর কোরিয়ার সেনাদের ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব অবশ্য এই তথ্যভান্ডারে নেই। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার হিসাবে, রাশিয়ার পক্ষে কুরস্ক অঞ্চলে লড়াই করতে গিয়ে উত্তর কোরিয়ার প্রায় ২ হাজার সেনা নিহত হয়েছেন। নিহত ও আহত মিলিয়ে এই সংখ্যা প্রায় ৬ হাজার।
যুদ্ধের দীর্ঘমেয়াদি মূল্য জনসংখ্যা ও অর্থনীতিতে
রাশিয়ার জন্য যুদ্ধের সবচেয়ে বড় দীর্ঘমেয়াদি সংকট তৈরি হতে পারে জনসংখ্যার কাঠামোয়। যুদ্ধের কারণে সামরিক প্রাণহানির পাশাপাশি দেশ ছেড়ে চলে গেছেন পাঁচ লাখের বেশি রুশ নাগরিক।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুডিথ টুইগের মতে, সামরিক প্রাণহানি, রাজনৈতিক কারণে দেশত্যাগ, জন্মহার কমে যাওয়া এবং স্বাস্থ্য খাতের বাজেট থেকে সামরিক ব্যয়ের জন্য অর্থ সরিয়ে নেওয়া—সব মিলিয়ে রাশিয়ার জনসংখ্যাগত সংকট নতুন মাত্রা পেয়েছে।
২০২৫ সালে ৬৫ বছরের কম বয়সী রুশ পুরুষদের মৃত্যুর প্রধান কারণ হয়ে ওঠে যুদ্ধ। মৃত্যুর কারণ উল্লেখ করা সনদগুলোর ২৯ শতাংশে যুদ্ধের কথা বলা হয়েছে। রক্তসংবহনজনিত রোগের কারণে মৃত্যু ছিল ২৬ শতাংশ।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০২২ সালের সেপ্টেম্বরের পর সামরিক মৃত্যুর কোনো হালনাগাদ সরকারি হিসাব প্রকাশ করেনি। তখন পর্যন্ত ৫ হাজার ৯৩৭ জন সেনা নিহত হওয়ার কথা জানিয়েছিল মস্কো। দেশটির সরকার সামরিক ক্ষয়ক্ষতির পরিসংখ্যানকে রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে বিবেচনা করে।
তবে মৃত্যুসনদের তথ্যেও সব ক্ষয়ক্ষতি ধরা পড়েনি। নিখোঁজ সেনাদের অনেকের মৃত্যু কয়েক মাস বা বছর পর নিবন্ধিত হয়। আবার কিছু মৃত্যুর কোনো সরকারি রেকর্ডই তৈরি হয় না। ফলে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
যুদ্ধের শেষ কোথায়, প্রশ্ন রাশিয়ার ভবিষ্যৎ নিয়ে
ইউক্রেন যুদ্ধের চার বছরে রাশিয়া যে বিপুল মানবিক ক্ষতির মুখে পড়েছে, তা শুধু সামরিক পরিসংখ্যানের বিষয় নয়। এর প্রভাব পড়ছে দেশটির শ্রমবাজার, জনসংখ্যা, আঞ্চলিক বৈষম্য এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সক্ষমতার ওপর।
একদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার রাজনৈতিক অবস্থান, অন্যদিকে সেনা নিয়োগের ক্রমবর্ধমান চাপ—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা মস্কোর জন্য কঠিন হয়ে উঠছে।
যুদ্ধাহত ও নিহত সেনাদের পরিবারের মধ্যে ক্ষোভ থাকলেও অনেকেই তাঁদের স্বজনদের আত্মত্যাগকে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি হিসেবে দেখছেন। রাষ্ট্রীয় প্রচারণাও নিহত সেনাদের বীর হিসেবে তুলে ধরে যুদ্ধের প্রতি জনসমর্থন ধরে রাখার চেষ্টা করছে।
তবে পরিসংখ্যান যে বাস্তবতা সামনে এনেছে, তা উপেক্ষা করা কঠিন। সীমিত ভূখণ্ডগত অগ্রগতির বিপরীতে লাখ লাখ মানুষের মৃত্যু রাশিয়ার জন্য এক গভীর কৌশলগত মূল্য তৈরি করেছে। যুদ্ধ কখন শেষ হবে, তা অনিশ্চিত; কিন্তু এর জনসংখ্যাগত ও অর্থনৈতিক প্রভাব রাশিয়াকে আরও বহু বছর বহন করতে হতে পারে।












