সিরিয়ার নতুন সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। স্থলমাইন অপসারণ, বিস্ফোরক নিষ্ক্রিয় করা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করাই হবে প্রাথমিক প্রশিক্ষণের মূল লক্ষ্য। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ২০২৭ সালে সিরিয়ায় আবারও সীমিতসংখ্যক মার্কিন সেনার উপস্থিতি দেখা যেতে পারে। ২০২৪ সালে বাশার আল-আসাদের সরকারের পতনের পর দেশটির নতুন সামরিক নেতৃত্বের সঙ্গে এটিই হবে যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি সামরিক প্রশিক্ষণ উদ্যোগ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত এই বহুজাতিক প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে আলোচনা চলছে। তবে মার্কিন আইনি বাধ্যবাধকতা এবং সিরিয়ার সামরিক বাহিনীর একাংশের আপত্তির কারণে পরিকল্পনাটি এখনো চূড়ান্ত হয়নি।
১৫ দেশের অংশগ্রহণের সম্ভাবনা
আলোচনাধীন কাঠামোয় যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রায় ১৫টি মিত্রদেশের সামরিক বা সংশ্লিষ্ট কর্মকর্তা অংশ নিতে পারেন। সম্ভাব্য অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
প্রাথমিক পর্যায়ে সিরীয় সেনাদের স্থলমাইন শনাক্ত ও অপসারণ এবং অবিস্ফোরিত গোলাবারুদ ও অন্যান্য বিস্ফোরক নিরাপদে নিষ্ক্রিয় করার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। চারটি সূত্র জানিয়েছে, এই কর্মসূচি সফল হলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও বিস্তৃত সামরিক সহযোগিতার ভিত্তি তৈরি হতে পারে।
প্রস্তাবিত উদ্যোগটি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দামেস্ক কো-অর্ডিনেশন সেন্টার (ডিসিসি)। গত বছর জর্ডানে প্রতিষ্ঠিত এই কেন্দ্রের উদ্দেশ্য ছিল সিরীয় কর্তৃপক্ষ, মার্কিন বাহিনী এবং আঞ্চলিক মিত্রদের মধ্যে সমন্বয় বাড়ানো।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, স্থিতিশীল, ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সিরিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রটি কাজ চালিয়ে যাচ্ছে। তবে এর ভবিষ্যৎ কাঠামো ও দায়িত্ব সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আসাদ-পরবর্তী সময়ে সম্পর্কের নতুন সমীকরণ
২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকারের পতনের পর ওয়াশিংটন ও দামেস্কের সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়েছে।
২০২৫ সালের ডিসেম্বরে সিরিয়ার ওপর থেকে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। ২০২৬ সালের আগস্টে দেশটিকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত বাতিল করা হয়। একই বছরের অক্টোবরে অস্ত্র রপ্তানি ও প্রতিরক্ষা পরিষেবা-সংক্রান্ত বিধিনিষেধও শিথিল করা হয়। ফলে এখন নির্দিষ্ট শর্তে এসব বিষয়ে অনুমোদন বিবেচনার সুযোগ তৈরি হয়েছে।
সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা গত ১২ নভেম্বর দামেস্কে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল লিয়াম হুলিনের সঙ্গে বৈঠক করেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার তথ্য অনুযায়ী, ওই বৈঠকেও বহুজাতিক সমন্বয়ব্যবস্থা, মাইন অপসারণ এবং বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়। সীমান্ত নিরাপত্তায় সহায়তার বিষয়টিও আলোচনায় ছিল।
মানবাধিকার আইন বড় বাধা
প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইন বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে লেহি আইন অনুযায়ী, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে—এমন বিদেশি নিরাপত্তা বাহিনীর কোনো ইউনিটকে মার্কিন সহায়তা দেওয়া নিষিদ্ধ।
সিরিয়ার নতুন নিরাপত্তা বাহিনীর কয়েকজন কমান্ডারের অতীত পরিচয় নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে। তাঁদের মধ্যে সাবেক ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর সদস্যও রয়েছেন। জাতিসংঘের তদন্তকারীরাও নতুন কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছেন।
এ কারণে প্রশিক্ষণ বা অর্থায়নের আগে সম্ভাব্য প্রশিক্ষণগ্রহীতা সিরীয় ইউনিটগুলোর অতীত কর্মকাণ্ড যাচাই করতে হবে মার্কিন কর্মকর্তাদের।
অন্যদিকে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাংশ মার্কিন সামরিক কর্মকর্তাদের দেশটির সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠানে প্রবেশাধিকার দিতে অনাগ্রহী। ফলে প্রশিক্ষণ কোথায় এবং কীভাবে পরিচালিত হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
জর্ডান ও সিরিয়ায় প্রশিক্ষণের পরিকল্পনা
আলোচনায় থাকা একটি প্রস্তাব অনুযায়ী, সিরীয় সেনাদের জর্ডান ও সিরিয়া—দুই দেশেই প্রশিক্ষণ দেওয়া হতে পারে। আগামী বছরের মার্চে কর্মসূচি শুরুর সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। এতে মার্কিন সেনাদের অংশগ্রহণ সীমিত রাখার পরিকল্পনা রয়েছে।
সিরিয়ার সরকারি সংস্থা ন্যাশনাল মাইন অ্যাকশন সেন্টারও (এসএনএমএসি) এই উদ্যোগে যুক্ত হতে পারে। দেশটিতে মাইন অপসারণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করে সংস্থাটি।
২০ কোটি ডলারের তহবিল ব্যবহারের সম্ভাবনা
প্রশিক্ষণ কর্মসূচির ব্যয় মেটাতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অপারেশন ইনহেরেন্ট রিজলভের অব্যবহৃত তহবিল ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছেন। ইসলামিক স্টেটের বিরুদ্ধে সিরিয়া ও ইরাকে পরিচালিত এই সামরিক অভিযানের অবশিষ্ট অর্থ থেকেই কর্মসূচির অর্থায়ন হতে পারে।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের একজনের ধারণা, অবশিষ্ট তহবিলের পরিমাণ প্রায় ২০ কোটি ডলার। তবে রয়টার্স এই অর্থের পরিমাণ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে দেশটিতে কয়েক শ মার্কিন সেনা মোতায়েন ছিল। তারা মূলত কুর্দি বাহিনীর সঙ্গে ইসলামিক স্টেটবিরোধী অভিযানে অংশ নেয়। চলতি বছরের এপ্রিলে সিরিয়া থেকে সর্বশেষ মার্কিন সেনাদের প্রত্যাহার করা হয়। সেপ্টেম্বরে ইরাক থেকেও মার্কিন বাহিনী প্রত্যাহার করা হয়।
এখন নতুন প্রশিক্ষণ পরিকল্পনা বাস্তবায়িত হলে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আবার সীমিত পরিসরে ফিরে আসতে পারে। তবে মানবাধিকার যাচাই, সিরিয়ার সামরিক নেতৃত্বের সম্মতি এবং দুই দেশের মধ্যে প্রবেশাধিকার-সংক্রান্ত সমঝোতার ওপরই এর ভবিষ্যৎ নির্ভর করছে।












