মধ্যপ্রাচ্যের সংঘাত আপাতত বড় কোনো নতুন মোড় নিচ্ছে না—বিশ্বের জ্বালানি বাজারে এমন একটি ধারণা ক্রমেই শক্তিশালী হয়েছে। বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা ধরে নিচ্ছেন, ইরানকে ঘিরে সংঘাত এক ধরনের অচলাবস্থায় পৌঁছেছে। ফলে অঞ্চলটি থেকে পর্যাপ্ত অপরিশোধিত তেল সরবরাহ অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামও নিম্নমুখী থাকবে।
কিন্তু এই ধারণার সবচেয়ে বড় দুর্বলতা হলো, সংঘাতের অচলাবস্থা মানেই পরিস্থিতি অপরিবর্তিত থাকা নয়। প্রকাশ্যে বড় কোনো সামরিক পদক্ষেপ না থাকলেও যুদ্ধের গতিপ্রকৃতি প্রতিনিয়ত বদলাতে পারে। বরং আপাত শান্ত পরিস্থিতি কত দিন বজায় থাকবে, তা নিশ্চিত করে বলার সুযোগ নেই।
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির সাম্প্রতিক পরিসংখ্যান সেই পরিবর্তনের প্রাথমিক ইঙ্গিত দিচ্ছে। ইরানের জাহাজে হামলার ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে অঞ্চলটি থেকে অপরিশোধিত তেলের চালানও কমতে শুরু করেছে। অথচ বাজারের বড় অংশ এখনো এই প্রবণতাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না।
দাম কমার পেছনে ছিল সরবরাহ পুনরুদ্ধার
গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমার অন্যতম কারণ ছিল মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির পরিমাণ বৃদ্ধি। সেপ্টেম্বর ও অক্টোবরে হরমুজ প্রণালি, ওমান উপসাগর এবং সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর দিয়ে সরবরাহ বেড়ে যায়। ফলে এশিয়ার শোধনাগারগুলোতে নভেম্বর মাসে তুলনামূলক বেশি তেল পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়।
জ্বালানি তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের উপাত্ত অনুযায়ী, অক্টোবরে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে। যুদ্ধ শুরুর আগের তিন মাসে দৈনিক গড় রপ্তানির পরিমাণ ছিল ১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ব্যারেল। অর্থাৎ অক্টোবরের সরবরাহ যুদ্ধপূর্ব গড়কেও ছাড়িয়ে গিয়েছিল।
এই পুনরুদ্ধার বাজারকে স্বস্তি দেয়। গত ৩০ অক্টোবর ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১১৮ ডলারে পৌঁছেছিল, যা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এরপর সোমবার লেনদেন শেষে দাম নেমে আসে ৮৯ ডলার ৩৩ সেন্টে। অর্থাৎ সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ২৪ শতাংশ পতন ঘটে।
কিন্তু মাসিক গড় পরিসংখ্যানের আড়ালে রপ্তানির সাপ্তাহিক প্রবণতা ভিন্ন চিত্র তুলে ধরছে। কেপলারের তথ্য অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি থেকে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। ১২ অক্টোবর শুরু হওয়া সপ্তাহে দৈনিক রপ্তানি ছিল ২ কোটি ৮ লাখ ৬০ হাজার ব্যারেল। ২৬ অক্টোবর শুরু হওয়া সপ্তাহেও তা ছিল ২ কোটি ২ লাখ ৯০ হাজার ব্যারেল।
এরপর থেকে প্রতি সপ্তাহেই রপ্তানির পরিমাণ কমেছে। ১৬ নভেম্বর শুরু হওয়া সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে দৈনিক তেল চালান নেমে এসেছে ১ কোটি ৩৯ লাখ ৬০ হাজার ব্যারেলে। আগের সপ্তাহে এই পরিমাণ ছিল ১ কোটি ৫৭ লাখ ৭০ হাজার ব্যারেল। তার আগের সপ্তাহে ছিল ১ কোটি ৬০ লাখ ৩০ হাজার ব্যারেল।
অর্থাৎ সরবরাহের পুনরুদ্ধার যত দ্রুত ঘটেছিল, তার বিপরীতে সাম্প্রতিক পতনও ততটাই লক্ষণীয়।
জাহাজে হামলা বাড়ছে, সরবরাহের ঝুঁকিও বাড়ছে
রপ্তানি কমার সময়েই হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ইরানের হামলার ঘটনা বেড়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২১ নভেম্বর একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী, নভেম্বরে এখন পর্যন্ত অন্তত ১২টি জাহাজ হামলার শিকার হয়েছে। অক্টোবরে এই সংখ্যা ছিল ১৭।
জাহাজে হামলার সংখ্যা বাড়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি কমে যাওয়াকে নিছক কাকতালীয় ঘটনা হিসেবে দেখার সুযোগ সীমিত। কারণ, হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই পথে নিরাপত্তাঝুঁকি বাড়লে শুধু সরাসরি আক্রান্ত জাহাজের চলাচলই ব্যাহত হয় না; পরিবহন ব্যয়, বিমা খরচ এবং সরবরাহের সময় নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়।
এখানেই বাজারের প্রচলিত হিসাবের সঙ্গে বাস্তব পরিস্থিতির ব্যবধান স্পষ্ট হচ্ছে। বিনিয়োগকারীরা সংঘাতকে এমন এক অবস্থায় দেখছেন, যেখানে যুদ্ধও পুরোপুরি বন্ধ হয়নি, আবার বড় ধরনের সামরিক উত্তেজনাও নেই। কিন্তু বাস্তবে পরিস্থিতি স্থির নয়। সামনে দুটি ভিন্ন পরিণতির সম্ভাবনা রয়েছে।
প্রথমটি হলো কূটনৈতিক সমঝোতা। এর মাধ্যমে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে যেতে পারে। তবে সে ক্ষেত্রে ইরান ও যুক্তরাষ্ট্র—উভয় পক্ষকেই নিজেদের কিছু দাবি থেকে সরে আসতে হবে।
দ্বিতীয় সম্ভাবনা হলো সংঘাতের বিস্তার। যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা শুরু করতে পারে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এমন পরিস্থিতিতে জ্বালানি সরবরাহের ঝুঁকি আরও বাড়বে।
দুই সম্ভাবনার কোনোটিই এখনো বাতিল হয়ে যায়নি। তবে তেলের বাজারে যে দাম প্রতিফলিত হচ্ছে, তাতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
এশিয়ার শোধনাগারগুলো কত দিন স্বস্তিতে থাকবে?
মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের প্রায় ৮০ শতাংশের গন্তব্য এশিয়া। সেপ্টেম্বর ও অক্টোবরে রপ্তানি বাড়ায় এ অঞ্চলের শোধনাগারগুলো নভেম্বর ও ডিসেম্বরের জন্য পর্যাপ্ত সরবরাহ পাওয়ার কথা। কারণ, ওই দুই মাসে পৌঁছানোর কথা এমন অনেক চালান আগেই মধ্যপ্রাচ্য থেকে রওনা হয়েছে।
এই মজুত ও পথে থাকা চালানই আপাতত বাজারকে কিছুটা সুরক্ষা দিচ্ছে। ফলে সাম্প্রতিক রপ্তানি হ্রাসের প্রভাব আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিকভাবে পুরোপুরি দৃশ্যমান নাও হতে পারে।
কিন্তু এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে কি না, তা নির্ভর করছে মধ্যপ্রাচ্যের রপ্তানি প্রবণতা কোন দিকে যায় তার ওপর। সরবরাহ কমার বর্তমান ধারা অব্যাহত থাকলে এশিয়ার শোধনাগারগুলোকে একপর্যায়ে নতুন করে সংকুচিত বাজারের মুখোমুখি হতে হবে। তখন দাম বাড়ার চাপও ফিরে আসতে পারে।
জ্বালানি বাজারের ঝুঁকি মূল্যায়নে তাই শুধু সংঘাতের দৃশ্যমান তীব্রতা বা সামরিক বিবৃতির দিকে তাকালে চলবে না। তেলবাহী জাহাজের চলাচল, রপ্তানির সাপ্তাহিক পরিসংখ্যান এবং গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা—এসব সূচকও সমান গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করতে হবে।
বাজারের বর্তমান মূল্যায়ন ধরে নিচ্ছে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকবে। কিন্তু পরিসংখ্যান বলছে, সরবরাহ ইতিমধ্যে কমতে শুরু করেছে। সংঘাতের ভবিষ্যৎ গতিপথ নিয়ে অনিশ্চয়তা দূর না হলে এই ব্যবধান আরও বড় হতে পারে।
তেলের বাজারে সবচেয়ে বড় ভুল হবে আপাত শান্তিকে স্থায়ী স্থিতিশীলতা হিসেবে ধরে নেওয়া। কারণ, যুদ্ধের বিরতি সরবরাহের নিশ্চয়তা নয়। আর সরবরাহের ধারাবাহিকতা ভেঙে পড়ার পর বাজার সাধারণত তার প্রতিক্রিয়া দেখায়—তবে অনেক সময় সেই প্রতিক্রিয়া আসে প্রস্তুতি নেওয়ার সুযোগ শেষ হয়ে যাওয়ার পর।
ক্লাইড রাসেলের আরও লেখা
ইরান যুদ্ধের ধাক্কায় চীনের জ্বালানি বাণিজ্যে নতুন বাস্তবতা: তেল ফিরছে, ডিজেল রপ্তানি কমছে
চীনের খনিজ আধিপত্য ভাঙতে পশ্চিমাদের শুধু খনি নয়, দরকার দীর্ঘমেয়াদি বিনিয়োগের নিশ্চয়তা
ভারতের ইস্পাত বিস্তার ও অস্ট্রেলিয়ার করনীতি: কোকিং কয়লার বাজারে বড় সিদ্ধান্তের সময়
ইরান যুদ্ধ কি কেবল জ্বালানি সংকট, নাকি বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার মোড় ঘোরানো মুহূর্ত?











