ঘরের টয়লেট, বেসিন, কল কিংবা কেটলিতে জমে থাকা চুনের আস্তরণ দূর করতে ভিনেগার কার্যকর একটি উপাদান। প্রচলিত অনেক পরিষ্কারক পণ্যের তুলনায় এটি পরিবেশের জন্যও কম ক্ষতিকর হতে পারে। তবে ভিনেগার দিয়ে সব ধরনের ময়লা পরিষ্কার করা কিংবা সব জীবাণু ধ্বংস করা সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, কোথায় এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে, তার ওপরই এর কার্যকারিতা ও নিরাপত্তা নির্ভর করে।
যুক্তরাজ্যের বিজ্ঞানভিত্তিক গবেষণা ও বিশেষজ্ঞদের বিশ্লেষণে দেখা গেছে, ভিনেগারের প্রধান উপাদান অ্যাসিটিক অ্যাসিড চুনের আস্তরণ ও মরিচা দূর করতে ভালো কাজ করে। এসব আস্তরণে থাকা কিছু খনিজ উপাদান অম্লীয় তরলে সহজে দ্রবীভূত হয়। ফলে বাথরুমের কল, বেসিন, আয়না কিংবা কেটলির মতো জায়গায় ভিনেগার ব্যবহার করা যায়।
পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলী ও অধ্যাপক এরিক বেকম্যানের মতে, অ্যাসিটিক অ্যাসিডের সবচেয়ে কার্যকর ব্যবহারগুলোর একটি হলো চুনের আস্তরণ পরিষ্কার করা। জার্মানির রাইন-ওয়াল ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের অণুজীববিজ্ঞানী ডার্ক বকম্যুল অবশ্য চুনের আস্তরণ দূর করতে লেবুর রসও কার্যকর বলে মনে করেন। এতে থাকা সাইট্রিক অ্যাসিড এ কাজে ভালো ফল দিতে পারে।
তেলচিটে ময়লায় ভিনেগার নয়
ভিনেগার সব ধরনের ময়লা পরিষ্কারে সমান কার্যকর নয়। রান্নার সময় পাত্র বা রান্নাঘরের বিভিন্ন পৃষ্ঠে জমে থাকা তেলচিটে আস্তরণ দূর করতে সাবান বেশি কার্যকর। অন্যদিকে, রান্নার তাপে শক্ত হয়ে যাওয়া তেলের দাগ পরিষ্কারে বেকিং সোডা কাজে আসতে পারে।
ভিনেগার ও বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে পরিষ্কার করার প্রচলিত পদ্ধতিটিও বিশেষজ্ঞরা কার্যকর মনে করেন না। কারণ ভিনেগারের অম্লীয় উপাদান এবং বেকিং সোডার ক্ষারীয় উপাদান পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে একে অন্যের কার্যকারিতা অনেকটাই নষ্ট করে দেয়। তাই দুটি উপাদান আলাদাভাবে ব্যবহার করাই ভালো।
জীবাণু ধ্বংসের ক্ষমতা নিয়ে অতিরঞ্জন
ভিনেগারকে অনেক সময় শক্তিশালী জীবাণুনাশক হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু গবেষণায় দেখা গেছে, এ দাবি পুরোপুরি সত্য নয়।
২০২০ সালে ডার্ক বকম্যুল ও তাঁর সহকর্মীরা বিভিন্ন রোগজীবাণু, ছত্রাক ও ভাইরাসের বিরুদ্ধে ভিনেগারের কার্যকারিতা পরীক্ষা করেন। গবেষণায় দেখা যায়, অ্যাসিটিক অ্যাসিডের ঘনত্ব অন্তত ৫ শতাংশ হলে কিছু অণুজীবের বিরুদ্ধে কার্যকারিতা পাওয়া যায়। তবে পাঁচ ধরনের সাধারণ ব্যাকটেরিয়া, ছত্রাক, ইস্ট এবং দুর্বল করা একটি ভাইরাসের বিরুদ্ধে পূর্ণ কার্যকারিতা পেতে ১০ শতাংশ অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে হয়েছিল।
তবু সব জীবাণুর বিরুদ্ধে ভিনেগার কার্যকর নয়। বিশেষ করে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী এমআরএসএ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এটি কার্যকর প্রমাণিত হয়নি। নরোভাইরাসের মতো কিছু ভাইরাসের বিরুদ্ধেও এর কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাধারণ সাবান ব্যাকটেরিয়া দূর করতে এবং প্রচলিত জীবাণুনাশক ভাইরাস ও ছত্রাক ধ্বংস করতে বেশি কার্যকর।
ব্যবহারে সতর্কতা জরুরি
ভিনেগারের ঘনত্ব যত বেশি হয়, ত্বকে জ্বালাপোড়ার ঝুঁকিও তত বাড়ে। চোখে গেলে ক্ষতি হতে পারে। মার্বেলসহ প্রাকৃতিক পাথর, তামা, ব্রোঞ্জ ও পিতলের মতো ধাতব পৃষ্ঠে এটি ব্যবহার করলে ক্ষয় হতে পারে। ওয়াশিং মেশিন ও থালাবাসন পরিষ্কারের যন্ত্রের রাবারের সিলও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কফি মেশিন এবং টাইলসের ওপরের সুরক্ষামূলক আবরণের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।
তবে কাচ, সিরামিক এবং স্টেইনলেস স্টিলের সিঙ্কে ভিনেগার ব্যবহার সাধারণত নিরাপদ। বিশেষজ্ঞরা বলছেন, ঘরে তৈরি পরিষ্কারক ব্যবহারের ক্ষেত্রে বড় সমস্যা হলো—এসব পণ্যের সঙ্গে সাধারণত নির্দিষ্ট নির্দেশনা বা নিরাপত্তা সতর্কতা থাকে না। তাই অনলাইনে প্রচলিত সব পরামর্শ অনুসরণ করা উচিত নয়।
পরিবেশ ও স্বাস্থ্যের দিক থেকে কতটা ভালো
প্রচলিত অনেক পরিষ্কারক পণ্যে একাধিক রাসায়নিক উপাদান থাকে। এসবের কিছু উপাদান থেকে উদ্বায়ী জৈব যৌগ নির্গত হয়, যা বাতাসে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অতি ক্ষুদ্র কণা তৈরি করতে পারে। এসব কণা শ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।
যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোলা কারসল ও তাঁর সহকর্মীরা ২৩ ধরনের পরিষ্কারক পণ্য পরীক্ষা করে দেখেছেন, প্রাকৃতিক বা পরিবেশবান্ধব হিসেবে বাজারজাত পণ্যগুলোর মধ্যেও উদ্বায়ী রাসায়নিক যৌগ থাকতে পারে। কিছু ক্ষেত্রে এসব পণ্য প্রচলিত পরিষ্কারকের চেয়েও বেশি উদ্বায়ী উপাদান নির্গত করেছে।
ভিনেগারের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলক কম। এতে মূলত পানি ও অ্যাসিটিক অ্যাসিড থাকে। এটি সাধারণত কাপড়ে লাগিয়ে পৃষ্ঠ মুছতে ব্যবহার করা হয়, স্প্রে হিসেবে নয়। ফলে বাতাসে ক্ষুদ্র কণা ছড়িয়ে পড়ার আশঙ্কাও কমে।
পরিবেশের জন্য ভিনেগারের আরেকটি সুবিধা হলো, এটি দ্রুত ভেঙে যায়। তবে সব ভিনেগার সমান পরিবেশবান্ধব নয়। প্রাকৃতিকভাবে গাঁজন প্রক্রিয়ায় তৈরি ভিনেগারের পরিবেশগত প্রভাব তুলনামূলক কম হলেও জীবাশ্ম জ্বালানি থেকে উৎপাদিত কৃত্রিম ভিনেগারের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন।
বিশেষজ্ঞদের পরামর্শ, ভিনেগারকে সর্বজনীন পরিষ্কারক বা জীবাণুনাশক হিসেবে না দেখে নির্দিষ্ট কাজে ব্যবহার করা উচিত। চুনের আস্তরণ ও মরিচা দূর করতে এটি কার্যকর বিকল্প হতে পারে। তবে ব্যবহারের সময় উপযুক্ত পৃষ্ঠ বেছে নেওয়া, বাতাস চলাচলের ব্যবস্থা রাখা এবং ত্বকে লাগার আশঙ্কা থাকলে গ্লাভস পরা জরুরি।












