রক্তে শর্করার মাত্রা সামান্য বেড়ে যাওয়াকে অনেকেই এখন স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের স্বাস্থ্যবিষয়ক প্রচারণা, সুস্থতা নিয়ে কাজ করা ব্যক্তিদের পরামর্শ এবং বিভিন্ন প্রযুক্তিপণ্যের বিপণনের প্রভাবে ডায়াবেটিস নেই—এমন অনেক মানুষও সারাদিন রক্তে শর্করার ওঠানামা পর্যবেক্ষণ করছেন। কেউ কেউ আবার ভাত, রুটি, পাস্তা কিংবা অন্যান্য শর্করাজাতীয় খাবার খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন।
তবে বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ মানুষের ক্ষেত্রে খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা সাময়িকভাবে বেড়ে যাওয়া শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। প্রতিবার শর্করা বাড়লেই তা ক্ষতিকর—এমন ধারণার পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং কখন শর্করার ওঠানামা নিয়ে উদ্বিগ্ন হওয়া প্রয়োজন, সেটি বোঝা বেশি গুরুত্বপূর্ণ।
খাবারের পর কেন বাড়ে রক্তে শর্করা
চিনি, ফল এবং শর্করাজাতীয় খাবার হজম হওয়ার সময় সেগুলো ভেঙে গ্লুকোজে পরিণত হয়। পরে এই গ্লুকোজ রক্তে মিশে যায়। ফলে স্বাভাবিকভাবেই রক্তে শর্করার মাত্রা সাময়িকভাবে বেড়ে যায়।
এ সময় অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামের হরমোন নিঃসৃত হয়। ইনসুলিন রক্ত থেকে গ্লুকোজ শরীরের কোষে পৌঁছে দিতে সাহায্য করে। কোষগুলো সেই গ্লুকোজ ব্যবহার করে শক্তি উৎপাদন করে।
শুধু খাবার নয়, তীব্র ব্যায়ামেও রক্তে শর্করা বাড়তে পারে। এ ধরনের ব্যায়ামের সময় অ্যাড্রেনালিনের মতো হরমোন যকৃৎকে অতিরিক্ত গ্লুকোজ রক্তে ছাড়তে সংকেত দেয়। এতে কাজ করা পেশিগুলো প্রয়োজনীয় জ্বালানি পায়।
তবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। তাঁদের শরীরে ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে তৈরি না-ও হতে পারে, অথবা ইনসুলিন যথাযথভাবে কাজ নাও করতে পারে। ফলে খাবারের পর রক্তে শর্করা বিপজ্জনক মাত্রায় বেড়ে যেতে পারে। তাই তাঁদের খাদ্যাভ্যাস, ব্যায়াম ও ওষুধের পাশাপাশি নিয়মিত শর্করা পর্যবেক্ষণ জরুরি।
কতক্ষণ শর্করা বেশি থাকলে উদ্বেগের কারণ
বিশেষজ্ঞদের মতে, সুস্থ মানুষের রক্তে শর্করা খাবার খাওয়ার প্রায় এক ঘণ্টা পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। সাধারণত পরবর্তী দুই ঘণ্টার মধ্যে তা আগের স্বাভাবিক মাত্রার কাছাকাছি ফিরে আসে।
এই বৃদ্ধি যদি অল্প সময়ের জন্য হয় এবং শরীরের বিপাকপ্রক্রিয়া স্বাভাবিক থাকে, তাহলে তা নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তবে প্রত্যাশিত সময়ের চেয়ে দীর্ঘক্ষণ রক্তে শর্করা বেশি থাকলে তা শরীরের গ্লুকোজ নিয়ন্ত্রণে সমস্যার ইঙ্গিত হতে পারে।
এ ধরনের পরিস্থিতি ইনসুলিন প্রতিরোধের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এতে শরীরের কোষ ইনসুলিনের সংকেতে যথাযথ সাড়া দেয় না। দীর্ঘ মেয়াদে ইনসুলিন প্রতিরোধ প্রাক্-ডায়াবেটিস ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে স্নায়ু ও চোখের ক্ষতি, হৃদ্রোগ এবং স্ট্রোকের মতো জটিলতাও দেখা দিতে পারে।
তবে রক্তে অতিরিক্ত গ্লুকোজ সরাসরি ইনসুলিন প্রতিরোধ তৈরি করে কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে এখনো বিতর্ক রয়েছে। অতিরিক্ত ক্যালরি গ্রহণের ফলে শরীরে চর্বি জমা এবং ওজন বেড়ে যাওয়াও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।
ডায়াবেটিস না থাকলেও কি সারাক্ষণ পর্যবেক্ষণ দরকার
ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রক্তে শর্করা নিয়মিত পর্যবেক্ষণের জন্য ধারাবাহিক গ্লুকোজ পর্যবেক্ষণ যন্ত্রের ব্যবহার আগে থেকেই রয়েছে। এসব যন্ত্র দিনের বিভিন্ন সময়ে রক্তে গ্লুকোজের মাত্রা সম্পর্কে তথ্য দেয়।
কিন্তু এখন ডায়াবেটিস নেই—এমন সুস্থ মানুষের মধ্যেও এই প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন, তাঁদের জন্য নিয়মিত এমন পর্যবেক্ষণ সাধারণত প্রয়োজনীয় নয়।
একটি গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস নেই এমন অংশগ্রহণকারীদের রক্তে শর্করার মাত্রা ৯৬ শতাংশ সময় স্বাভাবিক সীমার মধ্যে ছিল। তবে যাঁদের টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই প্রযুক্তি ভবিষ্যৎ ঝুঁকি শনাক্ত করতে সহায়ক হতে পারে কি না, তা নিয়ে গবেষণা চলছে। এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরও প্রমাণ প্রয়োজন।
শর্করা নিয়ন্ত্রণে খাবারের ভারসাম্য জরুরি
রক্তে শর্করা বাড়া স্বাভাবিক হলেও খাবারের ধরন ও গ্রহণের পদ্ধতি কিছুটা পার্থক্য তৈরি করতে পারে। আঁশসমৃদ্ধ শস্য, প্রোটিনযুক্ত খাবার এবং স্বাস্থ্যকর চর্বি হজমের গতি ধীর করতে সাহায্য করে। ফলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং শরীরে তুলনামূলক স্থিরভাবে শক্তি সরবরাহ হয়।
অন্যদিকে সাদা পাউরুটি ও সাদা চালের মতো সরল শর্করা দ্রুত হজম হয়ে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে পারে। খাবার গ্রহণের ক্রমও কিছুটা প্রভাব ফেলতে পারে। কার্বোহাইড্রেট বা শর্করাজাতীয় খাবারের আগে সবজি ও প্রোটিন খেলে পরবর্তী সময়ে রক্তে শর্করা বৃদ্ধির মাত্রা কমতে পারে বলে কয়েকটি গবেষণায় দেখা গেছে।
একই খাবারে প্রত্যেকের শরীরের প্রতিক্রিয়াও এক রকম হয় না। ঘুম, মানসিক চাপ, শারীরিক পরিশ্রম এবং খাবারের ধরন অনুযায়ী একই ব্যক্তির রক্তে শর্করার প্রতিক্রিয়াও ভিন্ন হতে পারে।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, শর্করাজাতীয় খাবার পুরোপুরি বাদ দেওয়া সব সময় ভালো সিদ্ধান্ত নয়। দীর্ঘদিন এসব খাবার সীমিত রাখার পর আবার বেশি শর্করাজাতীয় খাবার খেলে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি বাড়তে পারে। পাশাপাশি শর্করাজাতীয় খাবারের অনেক উৎসই সুষম খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ।
তাই সুস্থ মানুষের জন্য প্রতিটি শর্করা বৃদ্ধিকে বিপদ মনে না করে সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক কার্যক্রম এবং অতিরিক্ত যোগ করা চিনি কমানোর দিকে মনোযোগ দেওয়াই বেশি কার্যকর। আর ডায়াবেটিস বা অন্য কোনো বিপাকীয় সমস্যা থাকলে রক্তে শর্করা পর্যবেক্ষণ ও চিকিৎসার বিষয়ে চিকিৎসকের পরামর্শ অনুসরণ করা প্রয়োজন।












